এশিয়া প্যাসিফিক ডেমোক্রেট ইউনিয়ন-এপিডিইউ’র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার শ্রীলঙ্কার কলম্বোয় এপিডিইউ-এর বৈঠকে তিনি এই পদে নির্বাচিত হন বলে মির্জা ফখরুল জানিয়েছেন।
বিএনপি মহাসচিব বলেন, “এশিয়া-প্যাসিফিক দেশগুলোর গণতান্ত্রিক রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত এই সংগঠনের সদস্য হওয়ার জন্য বিএনপি এক বছর আগে আবেদন করেছিল। আমরা এতদিন সহযোগী সদস্য ছিলাম। আমাদের পূর্ণ সদস্য করেছে সংগঠনটি।”
তিনি জানান, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে এপিডিইউ-এর চেয়ারম্যান হয়েছেন। ডেপুটি চেয়ারম্যান হয়েছেন নিউ জিল্যান্ডের পিটার গুডফেলো। এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন অস্ট্রেলিয়ার ব্রুস এডওয়ার্ডস।
তিনজন ভাইস চেয়ারম্যানের মধ্যে মির্জা ফখরুল ছাড়া রয়েছেন কানাডার তেনজিন খাংসার ও মালদ্বীপের হাসান লতিফ। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার টিবা ম্যাককুইন।
কলম্বোয় এপিডিইউ’র এই সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবীর দলের প্রতিনিধিত্ব করেন বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান।



