মিরসরাই প্রতিনিধি
‘নিজেকে দক্ষ করে গড়ে তুলুন বেকারত্বকে না বলুন’- এই শ্লোগান ধারণ করে মিরসরাই উপজেলার প্রথম মোবাইল সার্ভিসিংয়ের ইনস্টিটিউট অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের মোবাইল সার্ভিসিং কোর্সের ২য় ব্যাচের বিদায় ও সনদ প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল) সকালে কোর্স সম্পন্ন করা ১৫ শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়। সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি নজরুল গবেষক, মলিয়াইশ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ড. কামাল উদ্দিন।
অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপুর সভাপতিত্বে এবং ম্যানেজমেন্ট নুর নবী সবুজ ও ট্রেইনার ইমাম হোসেনের যৌথ সঞ্চালনায় সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, মিরসরাই উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম মাঈন উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী সমাজকর্মী মো. শাহদাত হোসেন, সামাজিক সংগঠন জাগ্রত প্রতিভার সভাপতি গোলাম মুর্তজা, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন, সাংবাদিক বাবলু দে, সাখাওয়াত সাকিবসহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
এসময় ড. কামাল উদ্দিন বলেন, পুরো বিশ্বের চোখ এখন মিরসরাইয়ের দিকে, সবাই মিরসরাই ইকোনমিক জোনে ছুটে আসছে। মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে কর্মসংস্থান হবে ৩০ লাখের বেশি মানুষের অথচ পুরো মিরসরাইয়ের জনসংখ্যা ৫ লাখেরও কম, কাজেই আমাদেরকে দক্ষতা অর্জন করে নিজের এই অর্থনৈতিক অঞ্চলে সুযোগ করে নিতে হবে।
এছাড়াও তিনি মিরসরাইয়ের বেকার অদক্ষ যুবকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য প্রতিটি ইউনিয়নে টেকনিক্যাল স্কুল স্থাপনের জন্য সবাইকে কথা বলার এবং এগিয়ে আসার আহবান জানান।
মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন বলেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক শিক্ষা নিয়ে ভালো পর্যায়ে যাওয়া সম্ভব নয়, এটির পাশাপাশি সকলকে স্কিল হওয়া প্রয়োজন। দক্ষতা অর্জন করতে হবে, তাহলে দেশে কিংবা বিদেশে প্রতিষ্ঠিত হওয়া সহজ হবে।
সমাপনী বক্তব্যে অপু টেলিকম এন্ড যুব ট্রেনিং ইনস্টিটিউটের পরিচালক সালা উদ্দিন অপু বলেন, আগামীতে মোবাইল সার্ভিসিং কোর্সের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন, ইলেক্ট্রিক এন্ড ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনা করছি। এছাড়াও তিনি এসএসসি পরীক্ষার্থী ২৫ ব্যাচের জন্য মোবাইল সার্ভিসিং কোর্সে ৫০% ছাড় ঘোষণা করেন।



