ডেস্ক রিপোর্ট
লিওনেল মেসি ফুটবলের এক বিস্ময় ‘শিল্পকার’। ফুটবল মাঠে সব সময় বিস্ময়কর খেলা উপহার দিয়ে বনে গেছেন ক্ষুদে জাদুকরে। বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে এমনই অভাবনীয় ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেছেন লিওনেল মেসি। ম্যাচে তার জোড়া গোল এবং সুয়ারেজের গোলে ৩-০ গোলে লিভারপুলকে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে হারিয়েছে বার্সা। কিন্তু ম্যাচে শেষে মেসির ওই ফ্রি কিক নিয়েই যত কথা।
লিভারপুলের কোচ ইয়ের্গুন ক্লপ মেসির ফ্রি কিকের গোলটি দেখে মাথায় হাত আর বিস্ময়কর এক হাসি দিয়েছেন সাইড লাইনে দাঁড়িয়ে। হাসিটার মর্মার্থ ছিল এই, মেসি বলেই সম্ভব। এটি নিয়মিত সে করে যাচ্ছে। খেলা শেষ সংবাদ সম্মেলনে কোচ সেটাই স্বীকার করলেন, অবিশ্বাস্য মানুষটির কাছেই আমরা পরাজিত হয়েছি।
মেসির সেই ফ্রি কিক নিয়ে এবার অবাক হওয়ার কথা জানান বার্সেলোনা কোচ এরনেস্তো ভালভার্দে। গুরু নিজেই জানেন না, শিষ্য কিভাবে সবসময়ই এমন দুর্দান্ত ফ্রি কিক নেন। বার্সার ৩১ বছর বয়সী তারকা ফ্রি কিক থেকে ওই গোল করে বার্সার হয়ে ছয়শ’ গোলের মাইলফলক স্পর্শ করেছেন।
লিভারপুল গোলরক্ষক অ্যালিসন দুর্দান্তভাবে ঝাপিয়ে পড়লেও নাগাল পাননি মেসির মাপা ফ্রি কিকের। এ নিয়ে ভালভার্দে বলেন, ‘মাঠে তাকে দুর্দান্ত ফ্রি কিকটা নিতে দেখলাম। সত্য বলতে লিও সবসময়ই বিস্ময়কর। আমরা কেউ জানি না, সে কি করতে চায়। এমনকি আমিও জানি না, কিভাবে সে এতো ভালো ফ্রি কিক নেয়। কিন্তু সে একের পর এক অবাক করা ফ্রি কিকে গোল করেই চলেছে।’
বার্সা কোচ আরো বলেন, মেসিকে দলের যখনই বেশি দরকার হয়ে পড়ে, তখনই সে এমন কিছু করে দেখায়।, সত্য বলতে, সে কিভাবে এতো ভালো শট নেয় এটা আমি জানতেও চাই না। কিন্তু যখনই তাকে আমাদের খুবই দরকার পড়ে সে এমন কিছু করে। লিভারপুলকে থামাতে আমাদের ওই পরিস্থিতিতে একটা গোল দরকার ছিল এবং পরবর্তী লেগের জন্য নিজেদে লিড নেয়া দরকার ছিল।’



