মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দুটি দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর ওয়াপদা রোড় এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মিজানুর রহমানের মালিকানাধীন মেহেদীনগর মেডিকেল হল ও শাহাদাত হোসেনের মালিকানাধীন সাদমান স্টোর।
ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাতে দোকানে সামনে অংশে তালা কেটে আমার দোকানের প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার ( ১৩ ডিসেম্বর) বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনকে বিষয়টি অবহিত করেছি।
আরেক ভুক্তভোগী মিজানুর রহমান জানান, আমার ফার্মেসী থেকে প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন ঔষধ, একটি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। অনেক কষ্টে পুঁজি দিয়ে দোকান দিয়েছি, আমার সব শেষ হয়ে গেল।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বারইয়ারহাট পৌর এলাকায় চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



