মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মায়ানী ইউনিয়নের দক্ষিণ সৈদালী আবুল কাশেম জামে মসজিদের জন্য ২৮ শতক জমি দান করেছেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালাম। উপজেলার বামনসুন্দর উচ্চ বিদ্যালয় ও খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল কালামের এমন মহৎকাজ এলাকার মানুষের মাঝে বেশ প্রশংসা কুড়িয়েছে।
মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আতিক উল্লাহ পারভেজ বলেন, কালাম স্যার আমার শিক্ষক। আমাদের এলাকার গর্ব। উনার স্ত্রীও শিক্ষক ছিলেন। তিন সন্তান শিক্ষক। দীর্ঘদিন ধরে স্যারের পরিবার উপজেলাজুড়ে শিক্ষার আলো ছড়িয়ে যাচ্ছে। তিনি আমাদের গ্রামের মসজিদের জন্য ২৮ শতক জমি দান করে বড় মহৎকাজ করেছেন। দানকৃত ওই জমির মূল্য প্রায় ৪০ লাখ টাকা। মসজিদ কমিটি ও এলাকাবাসী উনার কাছে চির কৃতজ্ঞ। আল্লাহ পাক ওনার দানকে কবুল করুন।



