নিউজিল্যান্ডের জার্সিতে প্রথম ম্যাচ। আর প্রথম ম্যাচেই বল হাতে চমক দেখালেন জ্যাকব ডাফি। দুর্দান্ত বোলিংয়ে নিলেন চার উইকেট। পাকিস্তানের ইনিংস থাকলো স্বাগতিকদের নাগালেই। ৫ উইকেটের দারুণ জয়ে টি-২০ সিরিজ শুরু করল নিউজিল্যান্ড।
শুক্রবার অকল্যান্ডে টস জিতে আগে ব্যাট করতে নেমে বিশ ওভারে ৯ উইকেটে ১৫৩ রান করে পাকিস্তান। জবাবে সাত বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছায় নিউজিল্যান্ড। ম্যাচ সেরা অভিষেক হওয়া নিউজিল্যান্ডের পেসার জ্যাকব ডাফি। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল নিউজিল্যান্ড।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল (৬) ও ডেভন কনওয়ে (৫) দ্রুত ফিরলেও টিম সেইফার্টের ফিফটির সাথে মিডল অর্ডার ব্যাটসম্যানদের বদান্যতায় জয় পেতে সমস্যা হয়নি স্বাগতিকদের। ৪৩ বলে সর্বোচ্চ ৫৭ রান করেন টিম সেইফার্ট। মার্ক চ্যাপম্যান ৩৪, গ্লেন ফিলিপস ২৩ রান করেন। নিশাম ১৫ ও অধিনায়ক সান্টনার ১২ রানে থাকেন অপরাজিত।
বল হাতে পাকিস্তানের হয়ে ৪ ওভারে ২৯ রানে তিন উইকেট নেন হ্যারিস রউফ। বাকি দুটি উইকেট পান শাহিন শাহ আফ্রিদি।
এর আগে ব্যাট করতে নেমে জ্যাকব ডাফির দুর্দান্ত বোলিংয়ে শুরুতে নাস্তানাবুদ হয় পাকিস্তান। ২০ রানে দলটি হারায় চারটি উইকেট। ৩৯ রানে পঞ্চম উইকেটের পতন। শেষ অবধি মিডল অর্ডার ব্যাটসম্যানদের কল্যাণে মোটামুটি স্কোরে পৌছায় পাকিস্তান।
সর্বোচ্চ ৪২ রানে আসে পাক অধিনায়ক শাদাব খানের ব্যাট থেকে। ৩২ বলের ইনিংসে তিনি হাকান তিনটি ছক্কা ও দুটি চার। ১৮ বলে তিন ছক্কা ও দুই চারে ৩১ রান করেন ফাহিম আশরাফ। ইমাদ ওয়াসিম ১৯, খুশদিল শাহ ১৬, ওপেনার রিজওয়ান ১৭ রান করেন। আব্দুল্লাহ শফিক ও মোহাম্মদ হাফিজ রানের খাতাই খুলতে পারেননি।
৪ ওভারে ৩৩ রানে নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন তরুণ জ্যাকব ডাফি। ৪ ওভারে ২৭ রানে তিন উইকেট নেন স্কট কুগেলেইজিন। সোধি ও টিকনার নেন একটি করে উইকেট।
আগামী রোববার হ্যামিল্টনে হবে দ্বিতীয় টি-২০। ২২ ডিসেম্বর নেপিয়ারে তৃতীয় ও শেষ টি-২০।



