মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা পুলিশ নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামীকে গ্রেফতার করেছে। সোমবার (৮ মার্চ) বিকেলে সীতাকুন্ড উপজেলা ভাটিয়ারি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নাম আহম্মেদ শাহীনুর হাসান ভূঁইয়া। সে মিরসরাই উপজেলা হিঙ্গুলী ইউনিয়নের পশ্চিম হিঙ্গুলী গনকছড়া গ্রামের মৃত রবিউল হোসেন ভূঁইয়ার পুত্র।
জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-২ এ মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মাইজগাঁও গ্রামের নুর ছাপার মেয়ে জান্নাতুল মাওয়া বাদি হয়ে শাহীনুর হাসান ও কামরুল হাসানকে আসামী করে একটি মামলা (নং ৩৮৮) দায়ের করেন। সোমবার (৮ মার্চ) ওই মামলায় ওয়ারেন্ট এর ভিত্তিতে শাহীনুরকে গ্রেফতার করে জোরারগঞ্জ থানা পুলিশ।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মোঃ এনামুল বলেন, নারী ও শিশু নির্যাতন মামলায় আহম্মেদ শাহীনুর হাসান নামে ওয়ারেন্টভূক্ত এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।



