মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভায় বিশ্বজিত ধর বিশু নামে এক ভুয়া ডাক্তারকে জরিমানা ও কান ধরিয়ে উঠবস করিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা। সোমবার (১৬ এপ্রিল) সন্ধ্যার সাড়ে ৭টায় বারইয়ারহাট পৌরসভার সুলতানা ফার্মেসিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় ভুয়া ডাক্তার বিশু ধরকে ১০ হাজার টাকা জরিমানা ও কান ধরিয়ে উঠবস করানো হয়। বিশ্বজিত ধর উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পূর্ব হিঙ্গুলী গ্রামের মতৃ হারাধন ধরের পুত্র।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় জনৈক এক রোগীকে চিকিৎসাপত্র দেয় ভুয়া ডাক্তার বিশু ধর। বিষয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানকে অবহিত করে বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমাকে অবহিত করেন। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা ঘটনাস্থলে এসে ভুয়া ডাক্তার বিশ্বজিত ধর বিশুকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের কারদন্ড দেন। পরে ভুয়া ডাক্তার বিশু ১০ হাজার টাকা জরিমানা দিয়ে কানধরে উঠবস করেন। এছাড়া আর কখনো চিকিৎসাপত্র দেবেন না বলে মুচলেখা দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুবল চাকমা বলেন, বিশ্বজিত ধর ডাক্তার না হয়েও ২০১৫ সাল থেকে ভুয়া চিকিৎসাপত্র দিয়ে রোগীদের সাথে প্রতারণা করে আসছে। সোমবার সন্ধ্যায় তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।



