শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম দুই ম্যাচেই জিতেছে বাংলাদেশ। বল হাতে জয়ী দলের হয়ে সাকিব আল হাসান ভালো করলেও ব্যাট হাতে নিষ্প্রভ। প্রথম ম্যাচে ১৫ রানের ধীরলয়ের ইনিংস খেললেও দ্বিতীয় ম্যাচে রানের খাতাই খুলতে পারেননি।
আগামীকাল শুক্রবার তৃতীয় ও শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে রান পাবেন সাকিব। এমন বিশ্বাস মাহমুদউল্লাহর। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমন কথাই বলেন তিনি।
মাহমুদউল্লাহ বলেন, ‘সাকিবকে নিয়ে বলার কিছু নেই। সে তার খেলা সম্পর্কে ভালো জানে। ও জানে ওর ব্যাটিং কখন করা প্রয়োজন, কখন কতটুকু ব্যাটিং করলে ওর জন্য ভালো হবে। হয়তোবা প্রথম ম্যাচে ভালো একটা শুরু পেয়েছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। আমি নিশ্চিত যে কালকের (শুক্রবার) ম্যাচে ভালো ইনিংস খেলবে।’
নিষেধাজ্ঞা থেকে ফেরার পরই ব্যাটিংয়ে ভালো করতে পারছেন না সাকিব। এমন চিত্র দেখা গেছে আইপিএলেও। এবার দেখা যাক কালকের ম্যাচে কেমন করতে পারেন তিনি।

