ড. রেজা কিবরিয়া ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। দলের নাম রাখা হয়েছে ‘গণঅধিকার পরিষদ।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলটির কার্যালয়ে দলের নাম ঘোষণা করেন নুর। তাদের দলের স্লোগান হচ্ছে— ‘জনতার অধিকার, আমাদের অঙ্গীকার।’
ড. রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে দলটির ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এছাড়া কমিটির বিভিন্ন পদে ছাত্র, যুব, শ্রমিক অধিকার পরিষদের বর্তমান-সাবেক নেতাদের অনেকেই রয়েছেন।
গণতন্ত্র, ন্যায়বিচার, অধিকার ও জাতীয় স্বার্থ— এই চারটি মূলনীতির ভিত্তি করে দলটির রাজনৈতিক কাজ পরিচালিত হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।
এ সময় উপস্থিত ছিলেন- সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খাঁন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, আবু হানিফ, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আতাউল্লাহ, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমান প্রমুখ।



