১২৭ রান করেও পাকিস্তানের মতো দলের সাথে লড়াই করেছে বাংলাদেশ। শেষের দিকে বল ও রানের কঠিন সমীকরণ মিলিয়েছেন দুই ব্যাটার শাদাব ও নওয়াজ। যাতে পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি জিতেছে ৪ উইকেটে।
বাংলাদেশের জয়ের সম্ভাবনা থাকলেও পাকিস্তানের দুই ব্যাটার শাদাব ও নওয়াজ ম্যাচের চিত্র বদলে দেন শেষের দিকে। শরিফুল ও মোস্তাফিজ নিজের শেষ ওভারে ১৫ রান দিয়ে ম্যাচের সমাপ্তি টানেন। খুব কাছাকাছি গিয়েও এমন হারে আক্ষেপ বাংলাদেশ ক্যাপ্টেন মাহমুদউল্লাহর। ম্যাচ শেষে তিনি বলেন, স্কোরটা ১৪০ হলে ভালো হতো।
মাহমুদউল্লাহ বলেন, ‘উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। কিন্তু এটা বোলারদেরও সাহায্য করেছে। আশা করি আগামীকাল ভালো পরিকল্পনা নিয়ে মাঠে নামব। এটা ভালো হতো যদি আমরা স্কোরশিটে ১৪০ রান তুলতে পারতাম। কিন্তু তা হয়নি।’
তিনি আরো বলেন, ‘যদিও আমরা দ্রুত পাকিস্তানের চার উইকেট তুলে নিয়েছিলাম। এই কাজটি মোস্তাফিজ, তাসকিন, মেহেদীরা বেশ ভালো করেছিল। ম্যাচ অনেকটা ক্লোজ হয়েছিল। কিন্তু পাকিস্তানের শেষ দুই ব্যাটারকে ক্রেডিট দিতেই হয়।’



