মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে রাস্তা পারাপারের সময় হানিফ পরিবহনের একটি বাসের ধাক্কায় বিবি খতিজা (৪৫) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জামালের দোকান এলাকায় এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা গাড়িটি আটক জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কাছে সোপর্দ করেছে।
নিহত বিবি খতিজা মিরসরাই সদর ইউনিয়নের উত্তর তালবাড়ীয়া এলাকার শাহ আলম সওদাগর বাড়ির জহরুল হকের স্ত্রী।
স্থানীয় বাসিন্দা মো. আতিক বলেন, শুক্রবার বিকালে খতিজা তার মেয়ের ঘরের অসুস্থ নাতনিকে দেখার জন্য মিঠাছরা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছিলেন। এসময় মহাসড়কের চট্টগ্রামমুখী লাইনে সংস্কার কাজ চলার কারণে একই লাইনে গাড়ি চলাচল করছিল তখন রাস্তা পার হওয়ার সময় চট্টগ্রামমুখী হানিফ পরিবহনের একটি বাস তাকে চাপা দে। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে মিঠাছরা জেনারেল হাসপাতাল নিয়ে গেলে চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে প্রেরণ করে। সেখানে রাত ৯ টায় তার মৃত্যু হয়।
মিরসরাই সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার বিকালে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পায় বিবি খতিজা। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ৯ টার তার মৃত্যু হয়। তার ২ ছেলে ও এক মেয়ে রয়েছে।
জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা গাড়িটি স্থানীয়দের সহযোগিতায় আটক করে থানায় নিয়ে এসেছি। তবে চালক পলাতক রয়েছে।



