মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ইউপি সদস্যকে না জানিয়ে পল্লী বিদ্যুতের লোকজনের বিরুদ্ধে তাঁর গাছ কেটে ফেলার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদের পূর্বপাশে হাবিলদারবাসা রশিদিয়া এমদাদুল উলুম মাদরাসা ও এতিমখানায় এ ঘটনা ঘটেছে।

করেরহাট ইউনিয়ন পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য আশরাফ উদ্দিন ফারুক অভিযোগ করেন, দুই বছর পূর্বে রশিদিয়া মাদারাসর পুকুর পাড়ের গাছগুলো তিনি ক্রয় করেছেন। গত কয়েকদিন পূর্বে তিনি ব্যক্তিগত কাজে দেশের বাইরে ভারতে ছিলেন। সে সময় তাকে কিছু না জানিয়ে পল্লী বিদ্যুতের লোকজন ৮টি নারিকেল গাছ ফল সহ কেটে ফেলে। তিনি দেশে এসে জানতে পেরে মাদরাসার মুহতামিমকে জিজ্ঞেস করলে তিনি পল্লী বিদ্যুতের লোকজন গাছ কেটে ফেলার বিষয়টি তাকে জানান। তিনি বলেন, প্রয়োজন হলে গাছ কাটবে ভালো কথা, কিন্তু আমাকে না জানিয়ে গাছগুলো এভাবে কেটে ফেলা আমি মানতে পারছিনা। আমি তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে হাবিলদারবাসা রশিদিয়া এমদাদুল উলুম মাদরাসা ও এতিমখানার মুহতামিম মাওলানা ইমসাইল হোসেন বলেন, পল্লী বিদ্যুতের লোকজন আমাকে কিছু না জানিয়ে গাছগুলো কেটে ফেলেছে। আমরা তখন ক্লাসে পাঠদানে ব্যস্ত ছিলাম। ৩০ মিনিটের মধ্যে ৮টি নারিকেল গাছ কেটে ফেলে। তিনি আরো বলেন, গাছগুলো দুই বছর পূর্বে ৩০ হাজার টাকায় ফারুক মেম্বারের কাছে বিক্রি করেছি।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের উপ-সহকারি প্রকৌশলী (পাওয়ার গ্রীড) মো. মহিউদ্দিন বলেন, গাছের উপরে ৪ লাখ বোল্টেজ লাইনের তারগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় নিচের গাছগুলো কেটে ফেলেছি। আমরা জানতাম গাছগুলো মাদরাসার। মাদরাসা কর্তৃপক্ষের সাথে কথা বলে গাছগুলো কাটা হয়েছে।



