মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় রড বোঝায় লরিতে পেট্রোলবোমা ছুঁড়ে মারলো দূর্বৃত্তরা। বুধবার ( ১ নভেম্বর) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুন্ড পৌরসভার পন্থিছিলা এলাকায় এ ঘটনা ঘটেছে। এতে লরি চালক ইসমাইল হোসেন ও সহকারি (অজ্ঞাত) গুরুতর আহত হয়েছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেল সাড়ে তিনটার দিকে দুইজন মোটরসাইকেল আরোহী এসে লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। এরপর দাউ দাউ করে আগুন জ্বলে। খবর দিলে সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণ আনে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত )ওসি তোফায়েল আহমদ। এ সময় বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সাইফুল ইসলাম রুবেল বলেন, পৌর সদর থেকে বাড়িতে যাওয়ার পথে হঠাৎ ঢাকা মুখে একটি লরিতে আগুন জ্বলতে দেখি। সাথে সাথে পুলিশকে বিষয়টি জানায়।
সীতাকুণ্ড ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র কর্মকর্তা নুরুল আলম দুলাল জাগো নিউজকে বলেন, পেট্রোল বোমা নিক্ষেপে একটি লরিতে অগ্নিসংযোগের ঘটনা স্থানীয়রা জানালে সাথে সাথে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। চালক ও চালকের সহকারী আহত হয়েছেন। তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার (ভারপ্রাপ্ত) ওসি তোফায়েল আহমেদ জাগো নিউজকে বলেন, স্থানীয়দের মুখে শুনেছি দুইজন মোটরসাইকেল আরোহী লরিতে পেট্রোল বোমা নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। তিনি আরো বলেন,অবরোধকারী জামাত-বিএনপির লোকজন এই ঘটনা ঘটিয়েছে। এই ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। ঘটনার পর থেকে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।



