ফটিকছড়ি প্রতিনিধি
দলবল নিয়ে প্যানেল চেয়ারম্যানের বাড়িতে হামলা করতে গিয়ে জনতার হাতে গনধোলাই খেয়েছেন কয়লার শিপন সহ আরো ৫ জন। এসময় তাদের ব্যবহত গাড়িও ভাংচুর করে উত্তেজিত জনতা। মঙ্গলবার সকালে দাঁতমারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে।
প্যানেল চেয়ারম্যান জহিরুল ইসলাম জানান, মিরসরাই উপজেলার কয়লা এলাকার মোঃ শিপন দলবল নিয়ে আজ সকালে আমার বাড়ীসহ আরো বেশ কয়েকটি বাড়ীতে হামলা চালায়। লোকজনকে এলোপাতাড়ি মারধর শুরু করে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে এলাকার লোকজন চতূর্দিকে থেকে তাদের ঘেরাও করে মারধর শুরু করে। আমার উপরও হামলা করেছে তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় ইয়াবা, ফেনসিডিল, অবৈধ গাছ পাচার, শাড়ি চোরাচালান সহ বিভিন্ন অবৈধ কর্মকান্ড করছেন শিপন। এজন্য তার নেতৃত্বে একটি সিন্ডিকেট রয়েছে। সে বিভিন্ন জায়গায় বিজিবির নাম বিক্রি করে এসব অপকর্ম করে।
দাঁতমারা ইউপি চেয়ারম্যান মোঃ জানে আলম ঘটনাস্থল পরিদর্শন করে এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানিয়েছেন।
দাতঁমারা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সোহরাওয়ার্দী সরোয়ার বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত রাখতে আমরা চেষ্টা চালাচ্ছি। এছাড়া আহত কয়েকজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



