আগামী ১১ আগস্টের পর ১৮ বছরের বেশি বয়সী কেউ টিকা ছাড়া মুভমেন্ট করলে শাস্তির মুখোমুখি হতে হবে। মঙ্গলবার (৩ আগস্ট) আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এই তথ্য জানান।
এ সময় মন্ত্রী জানান, দেশব্যাপী ১৪ হাজার কেন্দ্রে টিকা দেওয়ার ব্যবস্থা করেছে সরকার। সবাইকে অবশ্যই টিকা নিতে হবে।
সভায় জানানো হয়, আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান লকডাউনের মেয়াদ বাড়ানো হয়েছে। এরপর ১১ আগস্ট (মঙ্গলবার) থেকে দেশের সব অফিস, শপিংমল ও দোকানপাট খুলে দেওয়া হবে। তবে টিকা গ্রহণ ছাড়া কোনো কর্মচারী কর্মস্থলে আসতে পারবেন না।
মন্ত্রী বলেন, আগামী ১১ আগস্ট থেকে সরকার কঠোরভাবে আইন প্রয়োগ করবে। টিকা ছাড়া ১৮ বছরের বেশি বয়সী কেউ চলাচল করলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
মন্ত্রী জানান, ১১ আগস্ট থেকে গণপরিবহন চলবে রোটেশন পদ্ধতিতে। একটি রুটে একাধিক কোম্পানির যানবাহন চলাচল করে থাকে। মালিকরা একেকদিন একেকটি কোম্পানির বাস চালাবেন। তবে প্রতিটি যানবাহনের চালক ও তার সহকারী এবং ১৮ বছরের উপরের যাত্রীদের সবার করোনার টিকা গ্রহণের সনদ সঙ্গে রাখতে হবে।
স্থানীয়ভাবে টিকা উৎপাদনের জন্য সভায় জোর দেওয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৭ আগস্ট থেকে ৭ দিনের জন্য ইউনিয়ন ও ওয়ার্ডে টিকা দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছি। মোট ১ কোটি মানুষকে টিকা দেওয়া হবে। টিকা দেওয়ার ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।



