বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 57

মিরসরাইয়ে শিল্পনগর সড়কে দুর্ঘটনায় ৩জন গুরুতর আহত

মিরসরাই প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের সড়কে দুর্ঘটনায় ৩ জন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর দেড়টায় উপজেলার ইছাখালী ইউনিয়নের কচ্চপিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আহতরা হলেন- উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের গজারিয়া গ্রামের মো. ওয়াসিম এর ছেলে মো. আরিয়ান হোসেন (২), একই এলাকার আলমগীর হোসেন ছেলে, মোহাম্মদ আল আমিন (৪) ও মোহাম্মদ সুমন (১৮)। তাদের স্থানীয় সেবা আধুনিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে একটি বিয়ে অনুষ্ঠানে যোগ দিতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা যোগে কচ্ছপিয়া নামক এলাকায় যাচ্ছিলেন। হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুত গতির ট্রাক উল্টো সাইডে এসে সজোরে ধাক্কা দিলে মূহুর্তের মধ্যে রিক্সাটি সড়কের পাশে পড়ে দুমড়ে মুচড়ে যায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মুসলিম উদ্দিন জানান, আমি বাসায় ছিলাম। দুপুর আনুমানিক দেড়টার সময় বাইরে শব্দ শুনে বের হয়ে দেখি একটি ট্রাক একটি রিক্সাকে ধাক্কা দিয়ে সড়কের বাইরে ফেলে দেয়। দৌড়ে গিয়ে অন্যদের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। তবে ৩জনের মধ্যে এক জনের অবস্থা আশঙ্কাজনক।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর আমাদের একটি টীম ঘটনাস্থলে গিয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক ও চালক আমাদের হেফাজতে রয়েছে।

কর্মস্থলে টানা অনুপস্থিত থাকলে যে শাস্তির মুখে পড়তে পারেন মতিউর

 

ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়। লোক মারফত যোগদানের চিঠিও দিয়েছেন। কিন্তু তিনি কর্মস্থলে অনুপস্থিত থাকছেন।

পদ হারানো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউরের হদিস পাওয়া যাচ্ছে না। গুঞ্জন আছে, তিনি বিদেশে চলে গেছেন।

অনুমতি ছাড়া কর্মস্থলে টানা অনুপস্থিত থাকলে কিংবা বিনা অনুমতিতে বিদেশে চলে গেলে সরকারি কর্মকর্তাদের শাস্তির মুখে পড়তে হয়। এক্ষেত্রে মতিউরকেও শাস্তির মুখে পড়তে হতে পারে।

মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাতের ১২ লাখ টাকায় ছাগল কেনার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপরই তা ‘টক অব দ্য কান্ট্রিতে’ পরিণত হয়। এরপর বেরিয়ে আসে এই কর্মকর্তা ও তার পরিবারের অঢেল অবৈধ সম্পদের খবর।

মতিউর রহমানকে সর্বশেষ ঈদের দ্বিতীয় দিন (১৮ জুন) একটি বেসরকারি টেলিভিশনের ইন্টারভিউতে দেখা যায়। এরপর বসুন্ধরা, ধানমন্ডিসহ মতিউরের বিভিন্ন বাসভবনে খোঁজ নিয়েও সন্ধান মেলেনি তার। এমনকি কোরবানির ঈদের ছুটির পর অফিস খুললেও তিনি আর এনবিআর কার্যালয়ে আসেননি।

ঈদের পর গত ২৩ জুন মতিউর রহমানকে এনবিআর থেকে সরিয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা হয়।

অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে মতিউর রহমানকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার অর্থ হলো তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। সংস্থাপন বা জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য ওএসডি করার বিধান আছে। এর বাইরে অন্য বিভাগ, সংস্থা বা মন্ত্রণালয়ের জন্য ওএসডির বদলে সংযুক্ত করার পদ্ধতি চালু আছে। মতিউর রহমানের ক্ষেত্রে সেটিই করা হয়েছে।

অনুপস্থিতির যে শাস্তির কথা আছে বিধিমালায়
‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’-এ বলা হয়েছে- কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো সরকারি কর্মচারী নিজ কাজে অনুপস্থিত থাকতে পারবে না। এ বিধান লঙ্ঘন করলে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট কর্মচারীকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে প্রতিদিনের অনুপস্থিতির জন্য এক দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটতে পারবে।

কোনো সরকারি কর্মচারী ৩০ দিনের মধ্যে এ অপরাধ (বিনা অনুমতিতে অনুপস্থিতি) একাধিকবার করলে কর্তৃপক্ষ কর্মচারীর সর্বোচ্চ সাত দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কাটতে পারবে।

তবে ‘সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮’-এ বলা হয়েছে- ৬০ দিন বা এর চেয়ে বেশি সময় বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকা বা বিনা অনুমতিতে দেশ ত্যাগ এবং ৩০ দিন বা এর চেয়ে বেশি সময় বিদেশের অবস্থান করা ‘পলায়ন’ হিসেবে গণ্য হবে। ‘পলায়ন’ এর ক্ষেত্রে তিরস্কার ছাড়া যেকোনো দণ্ড দেওয়া যাবে।

মতিউর ও তার স্ত্রী-সন্তানদের ব্যাংক-বিও হিসাব স্থগিত
এনবিআরের পদ থেকে সরানো হলো মতিউরকে
মতিউর, তার স্ত্রী ও ছেলের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা
বিধিমালায় সরকারি কর্মকর্তার-কর্মচারীদের বিভিন্ন অপরাধের জন্য লঘু এবং গুরুদণ্ড দেওয়ার বিধান রাখা হয়েছে। তিরস্কার পদোন্নতি বা বেতন বৃদ্ধি স্থগিত রাখা, দায়িত্বে অবহেলার কারণে সরকারের আর্থিক ক্ষতির সম্পূর্ণ অংশ বা অংশবিশেষ আদায়, বেতন গ্রেডের নিম্নতর ধাপে অবনমিত করা হচ্ছে লঘুদণ্ড।

অন্যদিকে গুরুদণ্ডের মধ্যে রয়েছে- নিম্নপদ বা নিম্ন বেতন গ্রেডে অবনমিত করা, বাধ্যতামূলক অবসর প্রদান, চাকরি থেকে অপসারণ ও চাকরি থেকে বরখাস্ত করা।

কেউ পলায়ন করলে তিরস্কার ছাড়া বাকি শাস্তিগুলোর যে কোনো একটি দেওয়া যাবে বলে বিধিমালা উল্লেখ করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগে মতিউরের জন্য আলাদা কোনো কক্ষ নেই। এমনকি তার বসার জন্য কোনো চেয়ার-টেবিলও নেই। অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করার পর তিনি মন্ত্রণালয়েও আসেননি। সংযুক্ত থাকা কর্মকর্তাদের নির্দিষ্ট বসার জায়গা না থাকলেও তাদের কর্মস্থলে উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

গুঞ্জন রয়েছে, রোববার (২৩ জুন) বিকেলের দিকে আখাউড়া স্থলবন্দর দিয়ে মতিউর ভারত চলে গেছেন। পরিকল্পনা অনুযায়ী ভারত থেকে সরাসরি দুবাই চলে যেতে পারেন। প্রভাবশালী একটি সিন্ডিকেট তাকে দেশত্যাগে সহযোগিতা করেছে।

এদিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) তার দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান শুরু করতে তিন সদস্যের একটি দল গঠন করেছে। এছাড়া তিনি হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পদও।

জানা গেছে, ঈদের পর চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে মালয়েশিয়া চলে গেছেন ছাগলকাণ্ডে আলোচিত মুশফিকুর রহমান ইফাত, তার বোন ইফতিমা রহমান মাধবী ও তার মা শাম্মী আকতার। ইফাত মতিউরের দ্বিতীয় স্ত্রীর সন্তান।

সুইটির চিকিৎসায় এগিয়ে এলেন জিয়া উদ্দিন সিআইপি

 

মিরসরাই প্রতিনিধি

হৃদরোগে আক্রান্ত সোনালী আক্তার সুইটির চিকিৎসার জন্য এগিয়ে আসলেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি। সুইটি মিরসরাইয়ের ওচমানপুর ইউনিয়নের মরগাং এলাকার এমদাদুল হক মিলনের মেয়ে। বুধবার ( ২৬ জুন) তাঁর বাবার হাতে চিকিৎসার জন্য নগদ অর্থ তুলে দেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আজম।

জানা গেছে, কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হন দরিদ্র পরিবারের সন্তান সুইটি। তাঁর পরিবারের পক্ষে চিকিৎসার ব্যয় ভার মেটানো সম্ভব হচ্ছেনা তাই সমাজের দানশীল ব্যক্তিরা যেন এগিয়ে আসেন তিনি অনুরোধ করেন।

 

খালেদা জিয়ার সুচিকিৎসার দাবীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের বিক্ষোভ

 

মিরসরাই প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিদেশে সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে বাংলােদশ জাতীয়তাবাদী ছাত্রদল। বৃহস্পতিবার ( ২৮ জুন) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নয়দুয়ারিয়া এলাকায় উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মিনহাজ উদ্দিন টিটুর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়েছে।

মিরসরাই উপজেলা,পৌর ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের উদ্যেগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত মিছিলে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে, উপজেলা ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, শামীম হোসেন, প্রিয়ন্ত দাশ, মোঃ পারভেজ, মাঈন উদ্দিন, বারইয়ারহাট পৌর ছাত্রদল নেতা শাফায়েত শুভ, তানবীর নিশাত, ফখরুল ইসলাম, সালাউদ্দিন, মঈনুদ্দিন, তসলিম সহ নেতৃবৃন্দ।

 

মিরসরাইয়ে চ্যাম্পিয়ন মারুফ মডেল উচ্চ বিদ্যালয়

 

নিজস্ব প্রতিনিধি
চট্টগ্রাম আন্তঃস্কুল জেলা প্রশাসক ফুটবল টুর্ণামেন্ট (বালক) ২০২৪ ফাইনালে মিরসরাই উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়। বুধবার (২৬ জুন) বিকালে মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় ট্রাইব্রেকারে মারুফ মডেল উচ্চ বিদ্যালয় ২-১ গোলে করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয়কে পরাজিত করেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত টুর্ণামেন্টে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র মো. রেজাউল করিম খোকন। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান, মিঠাছরা উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাইফুল্লাহ দিদার,

করেরহাট কামিনী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাখাওয়াত উল্লাহ রিপন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কামরুল আহসান হাবীব, মিরসরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাহার উদ্দিন ভূঁইয়া ও মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাজিম উদ্দিন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।

উল্লেখ্য এর আগে ২০২৩ সালে উপজেলা স্কুল, মাদরাসা ও কারিগরি ক্রীড়া সমিতি-মিরসরাই কর্তৃক আয়োজিত ৫০তম গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট (জোনাল ফুটবল) উপজেলায় চ্যাম্পিয়ন হয় মারুফ মডেল উচ্চ বিদ্যালয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীর পাশে দুবাই প্রবাসী জিয়া উদ্দিন সিআইপি

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী জাহাঙ্গীর আলমের পাশে দাঁড়িয়েছেন মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক মো. জিয়া উদ্দিন সিআইপি। বুধবার ( ২৬ জুন) বিকেলে জাহাঙ্গীরের বাড়িতে গিয়ে তাঁর হাতে সহায়তার নগদ ৩০ হাজার টাকা তুলে দেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আজম। এর আগে মঙ্গলবার (২৫ জুন) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকীরহাট এলাকায় অগ্নিকান্ডে জাহাঙ্গীরের নগদ ৭ লাখ টাকা সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বারইয়ারহাট পৌর বাজারের ব্যবসায়ী ক্ষতিগ্রস্থ জাহাঙ্গীর আলম বলেন, মঙ্গলবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়ে মহুর্তের মধ্যে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসকে খবর দিলেও তাঁরা ঘটনাস্থলে পৌছানোর পূর্বে পুড়ে মাটিতে মিশে গেছে। ঘরে গচ্ছিত দোকানের মালামাল কেনার টাকা, সমিতির টাকা ও একদিন আগে ধার নেওয়া ১ লাখ নগদ টাকা, স্বর্ণালংকার, মূল্যবান আসবাবপত্র সহ প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাতের প্রধান পৃষ্ঠপোষক জিয়া উদ্দিন সাহেব আমার এমন দুঃসময়ে সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি।

 

খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর

 

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সিসিইউ সুবিধা সম্বলিত কেবিনে স্থানান্তর করা হয়েছে ।

মেডিক্যাল বোর্ডের পরামর্শে সোমবার (২৪ মে) বিকেল সাড়ে ৪টার দিকে কেবিনে নেয়া হয় দেশের প্রথম এই নারী প্রধানমন্ত্রীকে।

 

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেনের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

গতকাল (রোববার) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে খালেদা জিয়ার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। এর আগে, গত ২১ জুন মধ্যরাতে খালেদা জিয়ার হঠাৎ করে শ্বাস কষ্ট বেড়ে গেলে তাকে জরুরিভাবে হাসপাতালে ভর্তি করানো হয়।
এরপর থেকে হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে মেডিক্যাল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া ডায়াবেটিস, আর্থরাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন।

দুবাই সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত উপজেলা চেয়ারম্যান নয়ন

মিরসরাই প্রতিনিধি
নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত এর আহবায়ক কমিটির নেতৃবৃন্দ। সোমবার (২৪ জুন) দুপুরে চেয়ারম্যানের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন তাঁরা। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ¦ গিয়াস উদ্দিন, সমিতির সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোরশেদ আজম, সাবেক যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম খোকন, সমিতির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক মুসলিম উদ্দিন মিয়া, মোহাম্মদ ইয়াছিন, আবু জাফর, নুরুল ইসলাম, নুরুল আমিন, সদস্য সচিব মনিরুজ্জামান, সমিতির পৃষ্ঠপোষক সদস্য তনিম চৌধুরী, সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক রহিম উদ্দিন লিটন, ওমর ফারুক মোহাম্মদ মুরাদ সহ নেতৃবৃন্দ।

এসময় উপজেলা চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন বলেন, দুবাই সমিতির প্রতিষ্ঠার পর থেকে প্রবাসী ভাইদের জন্য ও মিরসরাইবাসীর কল্যানে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে যাচ্ছে। আগামীতেও সমিতির নেতৃবৃন্দ এমন ভালো কাজ অব্যাহত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত ব্যক্ত করেন।

 

বাড়ছে নদ-নদীর পানি, ২৪ ঘণ্টায় কুড়িগ্রামে বন্যার শঙ্কা

 

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, দুধকুমার ও তিস্তা নদীর পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর বৃষ্টির পানিতে নদ-নদী তীরবর্তী চর, দ্বীপচর ও নিম্নাঞ্চলগুলো তলিয়ে যাচ্ছে। এতে বন্যার আশঙ্কা নিয়ে দিন কাটছে তীরবর্তী মানুষের। আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুড়িগ্রামে স্বল্পমেয়াদি বন্যা হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে পাউবো জানায়, ধরলা নদীর পানি বেড়ে তালুক শিমুলবাড়ী পয়েন্টে বিপৎসীমার ২৯ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার এবং পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি ১০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা নদীর পানিও সেতু পয়েন্টে বেড়েছে। ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী ও নুনখাওয়া পয়েন্ট বাড়ছে।

নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় রাজারহাট, উলিপুর, চিলমারী, রৌমারী ও রাজিরপুর উপজেলার ১৫টি পয়েন্ট দেখা দিয়েছে ভাঙন। অন্যদিকে গতকাল রাত থেকে কুড়িগ্রাম বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

ধরলা পাড়ের বাসিন্দা মতিয়ার রহমান বলেন, ‘ধরলার পানি বাড়ার কারণে আমার পটোল ক্ষেত তলিয়ে গেছে। এখন সব পটোল গাছ মরে যাবে। এখন পানি না এলে আরও অনেক টাকার পটোল বিক্রি করে লাভবান হতে পারতাম।’
রাজারহাট তিস্তাপাড়ের আসলাম বলেন, ‘ভারী বৃষ্টিতে নদীর পানি খুব বেড়েছে। চরের অনেক বাদাম ক্ষেত নষ্ট হয়ে গেছে। তোলা বাদাম ঘরে আনতে পারছি না। চরের সব ডুবে গেছে।’

রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, গত ১২ ঘণ্টায় জেলায় ১১৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আরও দুদিন এমন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।

এ বিষয়ে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী ২৪ ঘণ্টায় কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি, পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদের পানি এবং তালুক শিমুলবাড়ী পয়েন্ট ধরলার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যা সৃষ্টি হতে পারে।

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেল দুই শতাধিক শিশু

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়েছেন প্রায় দুই শতাধিক শিশু। মঙ্গলবার (১৮ জুন) সকাল থেকে বিকেল ৩ টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের সার্বিক তত্ত্বাবধানে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন মিরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের সন্তান বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের শিশু রোগ বিশেষজ্ঞ ডা: আনিকা নাওয়ার খান।

এসময় চট্টগ্রাম চক্ষু আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আজম খান, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার, মিরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিন, আওয়ামীলীগ নেতা জাহেদ সিদ্দীকি, উত্তর রাঙ্গুনিয়া কলেজের প্রভাষক একরামুল হক, সমাজসেবক খন্দকার মিলাদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টার বলেন, আমি সব সময় চেষ্টা করি সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য কিছু করতে। এলাকার গরিব অসহায় ও বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য আমার এই উদ্যোগ। একটি শিশুকে ডাক্তার দেখাতে এখানে প্রায় ৫ থেকে ৬শ টাকা সিরিয়াল নিয়ে দেখাতে হয়। অনেকের জন্য এটা আসলে হয়ে উঠে না। তাই এই অবহেলিত শিশুরা বিভিন্ন রোগাক্রান্ত হয়ে পড়ে। সেই চিন্তা থেকে আমি এই উদ্যোগ গ্রহন করেছি। এখানে প্রায় ২শ’রও বেশী শিশুকে সকাল থেকে ফ্রি চিকিৎসা সেবা ও বিনা মূল্যে ঔষধ প্রদান করা হয়।

রোগী দেখতে আসা শিশু রোগ বিশেষজ্ঞ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইন্সটিটিউটের চিকিৎসক ডাঃ আনিকা নাওয়ার খান বলেন, আমি এই এলাকার সন্তান। আমারও ইচ্ছে ছিলে আমার এলাকার মানুষের জন্য কিছু করা। আমার বাবার মাধ্যমে এই ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাস্টারের মাধ্যমে এখানে চিকিৎসা দিতে পেরে আমি খুবই আনন্দিত। এমন সুযোগ হলে আমি বার বার আসবো এখানে। তিনি বলেন, এখানকার শিশুরা বিশেষ করে কোষ্ঠকাঠিন্য ও পুষ্টিহীনতায় ভুগছে। যতটুকু পারছি আমরা প্রেসক্রাইব করার চেষ্টা করছি।