মিরসরাই প্রতিনিধি
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে চট্টগ্রামের মিরসরাইয়ে বিএনপি, যুবদল, ছাত্রদল ও জামায়াত শিবিরের নেতা-কর্মীদের উপর সরকারি দলের হামলা ও পুলিশের গ্রেপ্তার অব্যাহত রয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার করেরহাট থেকে শাহেরখালী ইউনিয়ন পর্যন্ত এইসব ঘটনা ঘটেছে। উপজেলার করেরহাটে হামলায় আহতরা হলেন সাবেক ইউপি সদস্য নুরুল হুদা, এমরান হোসেন, যুবদল নেতা মোঃ সোহেল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আমিন। মিরসরাই ও জোরারগঞ্জ থানায় আটককৃতরা হলেন খৈয়াছড়া ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মহিউদ্দিন, শাহেরখালী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটু, যুবদল নেতা আব্দুল্লাহ আলম মামুন, করেরহাটের বিএনপি নেতা মিয়া সওদাগর, হিঙ্গুলী ইউনিয়ন যুবদল নেতা নাজিম উদ্দিন, ব্যবসায়ী হাজ্বী সেন্টু মিয়া, শিবির কর্মী আশরাফ উদ্দিন।
মিরসরাই থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ ও জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গ্রেপ্তারকৃত অনেকের বিরুদ্ধে থানায় মামলা রয়েছে। কয়েকজনকে গ্রেপ্তার করে নাশকতা মামলায় আদালতে প্রেরণ করা হয়।
এদিকে বিএনপি অঙ্গ সংগঠন ও জামায়াত, শিবিরের নেতা-কর্মীদের উপর হামলা ও গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে মিরসরাই আসনে বিএনপি প্রার্থী নুরুল আমিন। তিনি নির্বাচন কমিশন ও প্রশানের প্রতি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টির অনুরোধ জানান।
মিরসরাইয়ে বিএনপির ৫ নেতার উপর হামলা, গ্রেপ্তার ৭
বিএনপি’র নেতা-কর্মীদের কিল ঘুষিতে আওয়ামীলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক :
ফরিদপুরে নর্থ চ্যানেল ইউনিয়নে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর আরও একজন। পরিবারের অভিযোগ তাকে বিএনপির লোকজন কিলঘুষি মেরে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে গোলডাঙ্গী বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
নিহত ইউসুফ আল মামুন (৪০) নর্থ চ্যানেল ইউনিয়নের গোলডাঙ্গী গ্রামের নুরা বেপারীর ছেলে।
স্থানীয়রা জানান, নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ইউসুফ আল মামুন গোলডাঙ্গী বাজারে বসে গল্প করছিল।
এ সময় প্রতিপক্ষের লোকজন তাকে দেখে কটাক্ষ করে নানা মন্তব্য করে। এতে মামুন প্রতিবাদ করলে প্রতিপক্ষের লোকজন তার ওপর চড়াও হয়। এ সময় তিন থেকে চার ব্যক্তি মামুনকে কিলঘুষি মারে। এতে মামুন গুরুতর আহত হয়।
গুরুতর আহত অবস্থায় মামুনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। ঘটনার সময় হামলাকারীরা আওয়ামী লীগ কর্মী লালন ফকিরকে পিটিয়ে আহত করে। তাকে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতের স্বজনরা জানান, বিএনপির নেতাকর্মীরা মামুনকে কিলঘুষি ও লাথি মেরে হত্যা করেছে। ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি লোকমান হোসেন মৃধা জানান, স্থানীয় কয়েক বিএনপি নেতা মামুনের ওপর হামলা চালিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি এএফএম নাসিম বলেন, মামুন নামের আওয়ামী লীগের এক নেতাকে হত্যা করা হয়েছে এমন সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ভুলের খেসারত দিলো বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক :
মিরপুর শেরেবাংলা মাঠে শেষ ৩ ওভারে জয়ের জন্য উইন্ডিজের প্রয়োজন ছিল ৩২ রান। ক্যারিবীয়দের হাতে অক্ষত ৪ উইকেট। ক্রিজে ছিলেন সেঞ্চুরি হাঁকানো হোপ। ওয়েস্ট ইন্ডিজের জয়ের আশা তখন তারই হাতে। ততক্ষণে ভালোমতো ম্যাচে ফিরেছে বাংলাদেশ দলও। কিন্তু ৪৮তম ওভারে রুবেল দিলেন ১০ রান। আর ৪৯তম ওভারে মোস্তাফিজ ১৬ রান দিলে গুঁড়িয়ে যায় টাইগারদের আশা। শেষ ৬ বলে জয়ের জন্য প্রয়োজন ৬ রান।
বল হাতে এসেছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু আর কেউ বাধা হতে পারেননি ক্যারিবীয়দের জয়ের পথে। একাই লড়াই করে দলকে জয় এনে দিয়ে মাঠ ছাড়েন হোপ। তার ব্যাট থেকে আসে অপরাজিত ১৪৬ রান। তার সঙ্গে ৬ষ্ঠ উইকেটে ৭১ রানের অপরাজিত জুটি গড়ে পলের অবদান ১৮ রান। ২৫৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শেষ পর্যন্ত তুলে নিয়েছে ৬ উইকেটের জয়। সিরিজের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয় ম্যাচে সমতা ফিরিয়ে উত্তেজনা জমিয়ে রেখেছে ক্যারিবীয়রা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের প্রথম আন্তর্জাতিক ওয়ানডে ম্যাচেই হবে সিরিজের ফয়সালা। সেই সঙ্গে বছরের শেষ ম্যাচে জয় দিয়ে উৎসবে মাতার সুযোগও রইলো মাশরাফি বিন মুর্তজার দলের সামনে। তামিম, মুশফিক ও সাকিব ফিফটি হাঁকালেও তাদের রান তোলার পাগলামিতে আউট হওয়া আর ফিল্ডারদের ক্যাচ ছাড়ার খেসারতেই বাংলাদেশের হার তা বলার অপেক্ষা রাখে না। তাই শেষ ম্যাচে জিততে হলে নিজেদের সেরাটা দেয়া ছাড়া কোনো বিকল্প নেই টাইগারদের হাতে।
২৫৬ রান, লক্ষ্যটা ছোট নয়। কিন্তু সামনে যে প্রতিপক্ষ ক্যারিবিয়ানরা। তাদের কব্জির জোর যে কোনো মুহূর্তে ঘুরিয়ে দিতে পারে ম্যাচের মোড়। কিন্তু দারুণ শুরু এনে দিলেন তরুণ অফ স্পিনার মেহেদী হাসান মিরাজ। চন্দ্রপল হিমরাজকে ফিরিয়ে দিলেন দারুণ এক ডেলিভারিতে। তবে সেখানেই যেন থেমে গেল বাংলাদেশের সব সফলতা। সিরিজ জয়ের ম্যাচে টাইগারদের বোলিংয়ের ভিত নাড়িয়ে দিলেন শেই হোপ ও ড্যারেন ব্রাভো। ধীরে ধীরে শুরু করলেও চড়াও হতে শুরু করলেন দ্বিগুণ গতিতে। গড়ে তুললেন ৬৭ রানের জুটি। এক উইকেট হারানোর পরও স্কোর বোর্ডে তুলে ফেলেন দু’জন ৭০ রান। তবে ২৭ রান করা ব্রাভোকে আউট করে পথের কাঁটা কমালেন রুবেল হোসেন। বলে হালকাভাবে ফ্লিক করতে চেয়েছিলেন ব্রাভো। ব্যাটে বলে সংযোগটা ঠিক ভাবে করতে পারেননি। বল তার ব্যাট ফাঁকি দিয়ে আঘাত হানে স্টাম্পে।
কিন্তু তাতেও পাহাড় হয়ে বাংলাদেশের বোলারদের সামনে দাঁড়িয়ে থাকেন হোপ। আবার দলকে আরো একটি ফিফটি রানের জুটি উপহার দেন। এবার তার সঙ্গী অভিজ্ঞ মারলন স্যামুয়েলস। এই জুটি মাশরাফির বোলিং বিভাগকে আরো বেশি হতাশ করে তোলে। ক্যারিবীয়দের স্কোর বোর্ডে তখন মাত্র ২ উইকেট হারিয়ে ১৩২ রান। বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই ক্যারিবীয়দের হাতে। কিন্তু মোস্তাফিজুর রহমানের পরিকল্পিত বোলিংয়ে ২৬ রান করা স্যামুয়েলস ধরা পড়েন। মোস্তাফিজের কাটার বেরিয়ে যাওয়ার সময় স্যামুয়েলসের ব্যাটের কানা ছুঁয়ে মুশফিকের গ্লাভসে ক্যাচ হয়ে ধরা পড়ে। তৃতীয় উইকেটে হোপের সঙ্গে ৬২ রানের ভয়ঙ্কর জুটি ভাঙে। তাতেই ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় টাইগাররা। কিন্তু হোপ যেন ওয়েস্ট ইন্ডিজের সব আশার আলো। একাই লড়াই চালিয়ে যেতে থাকেন এক প্রান্ত আগলে রেখে।
এবার হোপ সঙ্গী হিসেবে পান তরুণ বিপজ্জনক শিমরন হেটমায়ারকে। তবে দ্রুতই তাকে আউট করার সুযোগ এসেছিল। কিন্তু রুবেলের উঠা ক্যাচ ফেলে তাকে জীবন দেন ইমরুল। তবে খুব বেশি দূর যেতে পারেননি ক্যারিবীয় এই তরুণ ব্যাটসম্যান। রুবেলের বলেই ফ্লিক করতে গিয়ে আউট হন। ভাঙে ২৩ রানের জুটি। কিন্তু তখনো বাংলাদেশের বোলারদের একমাত্র প্রতিপক্ষ হোপ। তাকে সঙ্গ দিতে এসে ফিরে যান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েলও। তাকে ফিরান টাইগার অধিনায়ক। বল ড্রাইভে উড়িয়ে মারতে গিয়ে পাওয়েল ক্যাচ দেন মিড অনে সৌম্য সরকারের হাতে। ১ রানে আউট হন পাওয়েল। ৩৩.৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের রান ৫ উইকেটে ১৫৭। এরপর অপ্রতিরোদ্ধ হোপ জুটি বাঁধেন চেজকে নিয়ে। এই জুটিতে আসে ২৮ রান। কিন্তু ১৪ রান করা চেজকে আউট করে দলের জন্য আশা জাগান মোস্তাফিজ। কিন্তু সেই আশাও গুঁড়িয়ে দেন হোপ। এবার তার সঙ্গী কিমো পল। দলকে টেনে নেয়ার সঙ্গে সঙ্গে নিজের ৪৩ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে তুলে নেন তৃতীয় সেঞ্চুরি।
এরপরই ম্যাচ গড়ায় চরম উত্তেজনায়। শেষ চার ওভারে ক্যারিবীয়দের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৪ রান। মোস্তাফিজ বোলিংয়ে এসে তা কঠিন করে তোলেন। ৪৭তম ওভারে মাত্র ২ রানই নিতে পারে তারা। কিন্তু যখন ১৮ বলে প্রয়োজন ৩২ তখন রুবেল হোসেনের ওভার থেকে রান বাড়িয়ে নেন ক্যারিবীয়রা। সেই ওভারেই শেষ বলে পলের ক্যাচ ফেলে দ্বিতীয় জীবন দেন নাজমুল ইসলাম অপু। বলতে গেলে এই দুই জীবনেই ম্যাচ হাতছাড়া হয়ে যায় বাংলাদেশের। দুইবার জীবন পেয়ে কিমো ৩১ বলে করেন ১৮ রান।
নোয়াখালীতে গুলি করে যুবলীগ নেতাকে খুন
নিজস্ব প্রতিবেদক :
নোয়াখালী সদর উপজেলার এজবালিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. হানিফ গুলিতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন যুবলীগ কর্মী নুরুল ইসলাম।
আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে এজবালিয়া ইউনিয়নের দক্ষিণ সুল্লকিয়া গ্রামের কাজী পাড়ায় গুলিবিদ্ধ হন মো. হানিফ।
গুরুতর আহত অবস্থায় মো. হানিফকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে কর্মব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার লাশ এখন হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সারাদেশে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ করবে যুক্তরাষ্ট্র : মিলার
ডেস্ক রিপোর্ট :
আমরা কোনো দলকে সমর্থন করি না। সমর্থন করি গনতান্ত্রিক প্রক্রিয়াকে। আমরা তাকিয়ে আছি আসন্ন নির্বাচনের দিকে। মঙ্গলবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার সাথে বৈঠকের পর মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার একথা বলেন।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র স্বল্প ও দীর্ঘমেয়াদী নির্বাচন পর্যবেক্ষকও পাঠাবে। দূতাবাস সারাদেশে নির্বাচন পর্যবেক্ষকও নিয়োগ করবে। তিনি বলেন, সকল দল যেন অবাধে নির্বাচনে অংশ নিতে পারে। সবাই যেন নির্বাচনী প্রচারনায় সমান সুযোগ পায়। সভা সমবেশের সুযোগ পায়।
ভালোলাগা থেকে বিএনপি’র সঙ্গে যুক্ত হয়েছি,ইতিবাচক সাড়া ফেলে অবশ্যই ফিরবো
ডেস্ক নিউজ :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে দীর্ঘদিন ধরেই জড়িত ছিলেন সঙ্গীতশিল্পী মনির খান। তবে সম্প্রতি দল থেকে ঝিনাইদহ-৩ আসনের মনোনয়ন না পাওয়ায়, রাজনীতি থেকে বিদায় নেন তিনি। রাজনীতি ছেড়ে গানে নিয়মিত হওয়ার ঘোষণাও দিয়েছেন এই সঙ্গীতশিল্পী। রাজনীতি, গান ও সমসমায়িক বিষয়ে বলেছেন তিনি-
রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে আপনি কি অটল?
কলেজ জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে যুক্ত আছি। সেসময় ছাত্রদলের হয়ে কাজ করতাম। ২০০৮ সাল থেকে দলে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছি। আপনার জানেন, ওই সময়টা দলের জন্য কঠিন সময় ছিল। কঠিন মুহূর্তে আমি দল ছাড়িনি। কাজ করতে গিয়ে কতটুকু সমস্যায় পরতে হয়েছ তা আমি জানি আমার দলও জানে। দলে কাজ করতে গিয়ে আমার অনেক কিছুই হারাতে হয়েছে। ৯টা মামলা মাথায় নিয়ে এখনও কোর্টের বারান্দায় চক্কর কাটছি। অনেক কষ্টে, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। মানসিকভাবেও আমি ভেঙ্গে পড়েছি।
দল থেকে কী কেউ আপানার সঙ্গে যোগাযোগ করেছে?
হ্যাঁ। এ ঘটনার পর, দল থেকে অনেকেই ফোন দিচ্ছে। তারা নানাভাবে আমাকে বোঝাচ্ছেন। রিজভী ভাই (রুহুল কবির রিজভী) অনুরোধ করে বলেছেন, মাথা গরম না করতে। তিনি বিষয়টা দেখছেন। তাছাড়া আমার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও জনগণও ফোন করে যাচ্ছে। তারাও চান, আমি যেন এ সিদ্ধান্ত বদল করি।
আপনার ইচ্ছে কী?
এই মুহূর্তে আমার কোনো ইচ্ছে নেই। রাজনীতিতে যুক্ত হওয়ার আগে, আমি কিন্তু গানের মানুষ। গানের মানুষ হিসেবে দেশজুড়ে আমার পরিচিতি। তাই গান নিয়েই থাকতে চাই।
দল যদি ইতিবাচক কোনো সাড়া দেয়, তবে কি আপনার অভিমান ভাঙ্গবে?
ভালোলাগা থেকে আমি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সঙ্গে যুক্ত হয়েছি। যদি দল থেকে এমন ইতিবাচক সাড়া আসে তবে ফেরা হবে।
আর যদি এমনটা নাও হয়, তবে কি আপনি ও আপনার সমর্থকরা দল থেকে মুখ ফিরিয়ে নেবেন?
না, এমনটা কখনও করব না। আমার পদত্যাগের সংবাদ শোনার পর, সেখানকার নেতাকর্মীরা পরবর্তী সিদ্ধান্তের কথা জানতে চাইছেন। যেহেতু ধানের শীর্ষের নির্বাচন হচ্ছে তাই সবাইকে বলেছি, মার্কার দিকে খেয়াল রাখতে। আমি আমার সিদ্ধান্তের কথা পরবর্তীতে তাদের জানাবো বলেছি। স্থানীয় নেতাকর্মীরাও কিন্তু তাই করছে। তারা দলের হয়ে কাজ চালিয়ে যাচ্ছে আর আমার সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
তাহলে আমরা কি ধরে নিতে পারি, আপনার অভিমান ভাঙ্গবে?
সেটা সময়ে কথা বলবে। আগ বাড়িয়ে এখন কিছু বলা ঠিক হবে না। কিছুদিনের মধ্যেই সবাই জানতে পারবেন।
গানের খবর বলুন…
এখন আপাতত নির্বাচনী হাওয়া বইছে। তাই গানের ব্যস্ততা কিছুটা কম। আশা করি, আগামী বছর বেশ কিছু নতুন গান প্রকাশ করা হবে।
মিরসরাইয়ে দুই বাড়িতে ডাকাতি স্বর্ণালংকার নগদ টাকা লুট

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে একই রাতে দুই বাড়িতে পৃথক ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (১০ ডিসেম্বর) উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার মোঃ ইলিয়াছ ও কমলদহ এলাকার রেজাউল করিম সবুজের বাড়ি ওই ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মী করে স্বর্ণালংকার, মোবাইল সেট, আসবাবপত্র ও নগদ টাকা নিয়ে যায়। রেজাউল করিম সবুজ জানান, সোমবার রাতে তাঁর ঘরের ছাদের উপরে সিঁিড়র কক্ষ দিয়ে তালা ভেঙ্গে ৫-৬ জনের মুখোশধারী একদল ডাকাত ঘরে ঢুকে। এরপর ঘরের সবাইকে অস্ত্রের মুখে জিম্মী করে বেঁধে আলমিরা ভেঙ্গে ৩ ভরি র্স্বণালংকার, বিভিন্ন কোম্পানী ও মডেলের ৬টি মোবাইল সেট, ৮টি কম্বল, ১০টি তাওয়েল, নগদ ১০ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে গেছে। একই রাতে উপজেলার মধ্যম ওয়াহেদপুর গ্রামের মোঃ ইলিয়াছের ঘরে দরজার তালা ভেঙ্গে মুখোশধারী ৬-৭ জনের ডাকাতদল ঘরে ঢুকে স্বর্ণালংকার, নগদ হাজার টাকা, মোবাইল সেটসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে।
ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ৬ নন্বর ওয়ার্ডের সদস্য আহসান উল্যাহ ভূঁইয়া ডাকাতির সত্যতা নিশ্চিত করেন। তবে চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ ডাকাতির বিষয়ে কিছু জানেন না বলে জানান।
মিরসরাই থানা পরিদর্শক (তদন্ত) বিপুল দেবনাথ বলেন, ডাকাতির বিষয়ে তারা কিছু জানেন না। এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেননি।
মিরসরাইয়ের করেরহাটে উদ্দীপন এর শাখা উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি
জাতীয় পর্যায়ের উন্নয়ন মুলক সংস্থা উদ্দীপন এর মিরসরাই উপজেলার করেরহাট শাখার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১১ ডিসেম্বর) সকালে করেরহাট ছত্তরুয়া এলাকায় দেশের ৩২০তম ও চট্টগ্রাম অঞ্চলের ৫৫তম শাখার অফিস শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সংস্থার ফিল্ড অপারেশন এন্ড ম্যানেজমেন্টের পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফাষ্ট সিকিউরিটি ব্যাংক করেরহাট শাখার ব্যবস্থাপক আওলাদ হোসেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার চট্টগ্রাম জোন এর জোনাল ব্যবস্থাপক মোঃ মোর্ত্তাজুল হক, প্রধান কার্যালয়ের কর্মকর্তা জহিরুল ইসলাম, ফেনী অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান, করেরহাট শাখার ব্যবস্থাপক মোঃ রফিকুল ইসলাম, ফেনী অঞ্চলের আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক মোঃ শরীফুল ইসলাম, ছাগলনাইয়া শাখার ব্যবস্থাপক মোঃ আব্বাস উদ্দিন, করেরহাট বাজার পরিচালনা কমিটির অর্থ সম্পাদক আলাউদ্দিন সহ সংস্থার কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, ১৯৯৪ সালে দেশের চাহিদা ও দারিদ্র দূরীকরণ এবং আপামর নারী সমাজের উন্নয়ন, ক্ষমতায়নের লক্ষ্যকে সামনে রেখে উদ্দীপন প্রতিষ্ঠিত হয়। বর্তমানে উদ্দীপন তাঁর বিভিন্ন উন্নয়নমূখী কর্মসূচী মাইক্রোফাইন্যান্স, শিক্ষা, স্বাস্থ্য ও অন্যান্য সেবামূলক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে দেশের উৎপাদন বৃদ্ধি মাথাপিচু আয়, শিক্ষার হার বৃদ্ধি ইত্যাদিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
মিরসরাই উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোজাম্মেল গ্রেপ্তার, নুরুল আমিনের নিন্দা
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মোজাম্মেল হোসেন (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। সোমবার (১০ ডিসেম্বর) রাতে উপজেলার কাটাছড়া এলাকায় অবস্থিত তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। মোজাম্মেল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক আবেদ আলী বলেন, মোজাম্মেল হোসেন নামে এক ছাত্রদল নেতা গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা দিয়ে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়।
এদিকে মোজাম্মেল হোসেনকে গ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপির প্রার্থী নুরুল আমিন।
পথে পথে বাধা, ভাংচুর, গুলি, আহত অর্ধশত, মওদুদের পথসভা পণ্ড
নিজস্ব প্রতিবেদক:
কবিরহাট উপজেলার কবিরহাট বাজার জিরো পয়েন্টে বিএনপি প্রার্থী ব্যারিষ্টার মওদুদ আহমদের পূর্ব ঘোষিত পথসভায় আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। এসময় সংঘর্ষে উভয় দলের ৪০ জন আহত হয়েছে। আহতের মধ্যে বিএনপির ৩০ জন এবং আওয়ামী লীগের ১০ জন রয়েছে বলে উভয় পক্ষ দাবি করেছে। হামলায় কমপক্ষে ২৫টি দোকানপাট, ঘরবাড়ি ও বিএনপি অফিস ভাংচুর হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে ব্যারিষ্টার মওদুদ আহমদের পথসভা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল সহকারের সভাস্থলে সমবেত হতে থাকে। এসময় বিএনপি সমর্থকরা জিরো পয়েন্ট থেকে একটি মিছিল বের করলে আওয়ামী লীগ সমর্থকরা মিছিলে হামলা চালায়। এরপর শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। হামলায় কবিরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা লিটনসহ ২০জন নেতাকর্মী আহত হয়।
কবিরহাট পৌর বিএনপি সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু জানান, তার বাড়ীসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিএনপি অফিস ভাংচুর করা হয়। কবিরহাট উপজেলা জাসাসের সভাপতি আবদুস সাত্তারের বাড়ীতে গিয়ে তাকে মারধর করে আওয়ামী লীগ সমর্থকরা।
এছাড়া নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রশিদ, কবিরহাট পৌর যুবদল সহ-সভাপতি আলাউদ্দিন ও কবিরহাট বিএনপি প্রবাসী বিষয়ক সম্পাদক গোলাম মোমিত ফয়সল গুলিবিদ্ধ হয়। অপরদিকে পথসভায় আসার পথে ভূঁইয়ারহাট, শাহজীর হাট, কাচারি হাট, কালামুন্সী, ব্যাপারী হাটে বিএনপির মিছিলে হামলা হয় বলে বিএনপি অভিযোগ করেন। এতে ১০ জন আহত হয়।
অপরদিকে কবিরহাট উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইসলাম জানান, বিএনপির হামলায় তিনিসহ আওয়ামী লীগের ১০জন নেতাকর্মী আহত হয়েছে। পুলিশ কবিরহাট পৌরসভার সাবেক কমিশনার ও বিএনপি নেতা একরাম উদ্দিনকে আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত বিভিন্নস্থানে বিক্ষিপ্তভাবে ভাংচুর হচ্ছে। উদ্ভুত পরিস্থিতিতে ব্যারিষ্টার মওদুদ আহমদ তার নির্ধারিত পথসভাস্থলে আসেন নি। ঘটনা জানতে কবিরহাট থানার ওসিকে কয়েকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।

