চট্টগ্রামে সৎ ভাইকে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩

প্রকাশিত: ৬:৩০ পূর্বাহ্ন, ৩০ এপ্রিল, ২০২১

 

নগরীর পাহাড়তলী থানার সামনে পারিবারিক বিরোধের জের ধরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে কায়সার (৪৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে এ হত্যা করা হয়। এ ঘটনায় হত্যায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।

নিহত মো: কায়সার একই এলাকার মৃত মো: জমির আহমেদের ছেলে।

শুক্রবার সকালে কায়সারের ভাই মাঈনদ্দীন বলেন, সৎ ভাই সাজ্জাদ ও সৈকত সম্পত্তির বিরোধের জের ধরে আমার ভাই কায়সারকে গলায় ছুরিকাঘাত করে। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। তখন তারা পালিয়ে যায়। আহত অবস্থায় কায়সারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি। ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শীলব্রত বড়ুয়া জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ছুরিকাঘাতে আহত অবস্থায় কায়সারকে হাসপাতালে আনা হয়। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমাম হোসেন বলেন, পারিবারিক জায়গা নিয়ে সৎ ভাই বোনদের বিরোধের কারণে দুই পরিবারে ঝগড়ার মধ্যে ছুরিকাঘাতে একজন খুন হয়েছে। হত্যার পরপরই বড় পরিবারের তিন ভাইকে আটক করা হয়েছে।