স্বর্ণের দাম বাড়লো ভরিতে ১৫১৬ টাকা

প্রকাশিত: ৭:২৭ পূর্বাহ্ন, ২২ আগস্ট, ২০২১

 

আবারো বেড়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, নতুন মূল্যে ভরি প্রতি স্বর্ণের দাম বেড়েছে এক হাজার ৫১৬ টাকা। অর্থাৎ এখন থেকে দেশের বাজার থেকে ভালো মানের এক ভরি স্বর্ণ কিনতে গুণতে হবে ৭৩ হাজার ৪৮৩ টাকা।

রোববার বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানি‌য়ে‌ছেন। আজ থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে।

বাজুস জা‌নি‌য়ে‌ছে, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সঙ্কট ও বিভিন্ন জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। একইসাথে আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ থাকা, আমদানি পর্যায়ে শুল্ক জটিলতা (উপকরণ কর রেয়াত) ও বিভিন্ন দাফতরিক জটিলতার কারণে গোল্ড ডিলাররা স্বর্ণবার আমদানি করতে পারছেন না। তাছাড়া চাহিদার বিপরীতে যোগান কম থাকায় দেশীয় বুলিয়ন ও পোদ্দার মার্কেটেও সোনার মূল্য বৃদ্ধি পেয়েছে।

তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাংলাদেশ জুয়েলার্স সমিতির সিদ্ধান্ত অনুযায়ী ২২ আগস্ট থেকে বাংলাদেশের বাজারে স্বর্ণ ও রুপার মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী, ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৫১৬ টাকা বাড়িয়ে ৭৩ হাজার ৪৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের স্বর্ণ ৭০ হাজার ৩৩৪ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ৬১ হাজার ৫৮৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হ‌য়ে‌ছে ৫১ হাজার ২৬৩ টাকা।

২১ আগস্ট পর্যন্ত ভালোমানের অর্থাৎ ২২ ক্যারেট মা‌নের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৭১ হাজার ৯৬৭ টাকা। ২১ ক্যারেটের দাম ছিল ৬৮ হাজার ৮১৮ টাকা, ১৮ ক্যারেটের দাম ছিল ৬০ হাজার ৭০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ৪৯ হাজার ৭৪৭ টাকা।

রুপা আগের নির্ধা‌রিত দামে রয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম এক হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম এক হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম এক হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।