করোনা মহামারি নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আগামী ১০ আগস্ট পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার (৩ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে করোনাভাইরাস পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে এ সিদ্ধান্তের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এছাড়া টিকা নেওয়া সাপেক্ষে ১১ আগস্ট থেকে দোকান খোলা যাবে। টিকা ছাড়া কর্মস্থলে যেতে পারবেন না কেউ। সীমিত পরিসরে চলবে গণপরিবহন।
দেশে করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যু পরিস্থিতি বর্তমানে আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। ডেল্টা ভেরিয়েন্টের কারণে গত দেড় বছরের মধ্যে আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। তাই আগামী ১০ আগস্ট পর্যন্ত চলমান থাকবে কঠোর লকডাউনের বিধি-নিষেধ।
মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, আগামী ১ সপ্তাহে ১ কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। ওয়ার্ড-ইউনিয়নে ৫ থেকে ৭টা কেন্দ্র করে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেয়া হবে।
তিনি আরও বলেন, ‘১৪ হাজার কেন্দ্রে একযোগে ভ্যাকসিন দেয়া হবে। সেখানে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেব, কারণ বৃদ্ধ লোকদের মৃতুঝুঁকি বেশি বলে মনে হয়েছে। ভ্যাকসিন ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না। ভ্যাকসিনের সার্টিফিকেট থাকতে হবে। ভ্যাকসিন দিলেই ওয়েবসাইটে চলে যাবে। সেগুলো চেক করা হবে। ভ্যাকসিন দেয়ার পর সঙ্গে সঙ্গে ওয়েবসাইটে দিয়ে দেব। ভ্যাকসিন নিয়েছে কি না যাচাই করতে পারব।
আজ সকাল ১১টায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে ভার্চুয়ালি এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রী, সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এদিকে গত ২৩ জুলাই থেকে টানা ১৪ দিনের কঠোর বিধি-নিষেধের মধ্যে গত ১ আগস্ট থেকে রপ্তানিমুখী সব শিল্প-কলকারখানা খুলে দেওয়া হয়। বিধিনিষেধ চলমান অবস্থায় মঙ্গলবার তা আরও বাড়ানো হলো।



