মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 39

৫ শতাধিক শীতার্তের মাঝে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির কম্বল বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়া মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপির উদ্যোগে ৫ শতাধিক শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
কয়েকদিন যাবত ধাপে ধাপে উপজেলার ৫ নম্বর ওচমানপুর ইউনিয়ন ও চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়। জিয়া উদ্দিন সিআইপির মা মরহুমা ফাতেমা বেগমের ইসালে সওয়াবের উছিলায় শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করেন।
মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, মিরসরাইয়ে হয়ে যাওয়া ভয়াবহ বন্যা, ক্রীড়া ও শিক্ষাসহ বিভিন্ন ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে আসছি কয়েক বছর যাবত। মিরসরাইয়ের অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে গর্ববোধ করি। ইনশাল্লাহ, ভবিষ্যতেও আমার মানবিক কর্মকান্ড অব্যাহত রাখার চেষ্টা করবো।

 

উপজেলা কর্মকর্তাদের সাথে ইগনাইট মিরসরাই’র মতবিনিময় সভা

 

মিরসরাই প্রতিনিধিঃ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্যতম সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইগনাইট মিরসরাই’র উদ্যোগে উপজেলার বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে কর্মকর্তাদের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, যুব কর্মকর্তা শাহ আলম, সমাজসেবা কর্মকর্তা সাবরিনা লিনা। এসময় তাদের মিরসরাইয়ে বিভিন্ন উন্নয়নে অগ্রণী ভূমিকা থাকায় সংগঠনটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সংগঠনটির সহ-সভাপতি তৌহিদুল ইসলামের সার্বিক তত্বাবধানে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ইগনাইট’র প্রতিষ্ঠাতা সদস্য এডভোকেট নাজমুল হাসান, সহ-সভাপতি মো: শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন, সাংবাদিক বিপুল দাশ, সংগঠনের যুগ্ম সম্পাদক আরশেদ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ শেখ ফরিদ, সাংবাদিক শিহাব উদ্দিন শিবলু।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনটির কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার সাইফুদ্দিন খালেদ, রাব্বিত হাসান মেহেদী, মোঃ আশরাফুল, মোঃ রানা প্রমুখ।

সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন জানান, ইগনাইট মিরসরাই’র সাংগঠনিক কার্যাক্রম গতিশীল করতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় নতুন বছরে আমাদের কি কি কার্যাক্রম হবে এ নিয়ে কর্মকর্তাদের সাথে পরামর্শ করেছি। এতে কর্মকর্তাগন আমাদেরকে সকল বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

 

মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুনের ঘটনায় স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ ও খুনের ঘটনায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটি কর্তৃক গঠিত তদন্ত কমিটি স্বাক্ষ্য গ্রহণ করেছে। বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়াকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে ৫ দিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
শনিবার (১৮ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মিরসরাই বালিকা উচ্চ বিদ্যালয়ে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন, সদস্য আবদুল আউয়াল চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী সহ উপজেলা বিএনপি, মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করেন তদন্ত কমিটির প্রধান ওয়াদুদ ভূঁইয়া। এসময় কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের প্রেসিডিয়াম সদস্য মনিরুল ইসলাম ইউসুফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আফসার চেয়ারম্যান, আজিজুর রহমান চৌধুরী, মিরসরাই পৌরসভা বিএনপির আহবায়ক মহি উদ্দিন, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহবায়ক মাঈন উদ্দিন লিটন, সদস্য সচিব নিজাম উদ্দিন কমিশনার, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরোয়ার উদ্দিন সেলিম, উপজেলা ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন রুবেল, সদস্য ফরহাদ উদ্দিন উপস্থিত ছিলেন। রবিবার (১৯ জানুয়ারি) তিনি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আরেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান সহ তার গ্রুপের নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করবে তদন্ত কমিটি।
জানা গেছে, মিরসরাই উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অঙ্গসংগঠনগুলো দীর্ঘদিন ধরে দু’টি গ্রুপে বিভক্ত। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক নুরুল আমিন ও আরেক যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান দুটি গ্রুপের নেতৃত্বে রয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকার পতনের পর মিরসরাইতে বিএনপির দু’টি গ্রুপে আধিপত্য বিস্তার এবং জামায়াতের সাথে একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। গত ৩১ আগষ্ট মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে এসকিউ বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির নির্মাণাধীন একটি কারখানার সামনে ডাকাত আখ্যা দিয়ে সাহেরখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. রফিককে ডাকাতির নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে রফিককে হত্যা করা হয়েছিলো বলে দাবি করেন বিএনপি নেতারা। এছাড়া গত ১৩ জানুয়ারি রাতে মিরসরাই স্টেডিয়ামে চলা বাণিজ্য মেলায় ছাত্রদল যুবদলের সংঘর্ষে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানের অনুসারীদের হামলায় ছুরিকাঘাতে জাহেদ হোসেন মুন্না (২২) ঘটনাস্থলে নিহত হন। তিনি মিরসরাই পৌরসভার ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়কের দায়িত্বে ছিলেন। সংঘর্ষে নিহতের ঘটনায় সোমবার রাতেই মামলা দায়ের (নং-৮) করেন জাহেদ হোসেন মুন্নার ভগ্নিপতি আরাফাত হোসেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মিরসরাই পৌরসভা যুবদলের আহবায়ক কামরুল হাসানকে গ্রেফতার করেন। দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকায় গত ১৪ জানুয়ারি কামরুল হাসানকে যুবদলের সদস্য পদ সহ মিরসরাই পৌরসভা সভাপতির পদ থেকে বহিষ্কার করেছে যুবদলের কেন্দ্রীয় কমিটি। এছাড়াও মিরসরাইয়ে সম্প্রতি ঘটা বিভিন্ন সংঘর্ষের ঘটনাকে তদন্তে গুরুত্ব দিচ্ছে কেন্দ্র কর্তৃক গঠিত তদন্ত কমিটি।
তদন্ত কমিটির প্রধান ওয়াদুদ ভূঁইয়া বলেন, মিরসরাই উপজেলা বিএনপি দু’টি গ্রুপে বিভক্ত। সম্প্রতি এ উপজেলায় বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই জন নেতা খুনের ঘটনা ঘটেছে। খুনের ঘটনা তদন্তে আমাকে প্রধান করে এক সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটি। ৫ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার জন্য বলা হয়েছে। দলীয় নেতাকর্মী ছাড়াও আইনশৃঙ্খলাবাহিনী, প্রশাসন, বিভিন্ন পেশাজীবিদের সাথে আমি কথা বলবো। অনেকে পরিচয় গোপন রেখেও গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছে। সব পক্ষের সাথে কথা বলে শীঘ্রই আমি রিপোর্ট জমা দেবো।

 

 

চিনকি আস্তানা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে স্বজন সংসদের আয়োজনে চিনকি আস্তানা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চিনকি আস্তানা রেলস্টেশন সংলগ্ন মাঠে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান।
উদ্বোধক ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারইয়ারহাট পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক জহির উদ্দিন, জোরারগঞ্জ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুকুল আলম সোহান, যুগ্ম আহবায়ক গোলাম জাকারিয়া, বারইয়ারহাট পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মীর হোসেন মিরালী, বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সুমন মিয়াজী, ১ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন কালা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চিনকি আস্তানা টি-টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটির পক্ষে নাজমুল হোসেন, সাহেদ মিয়াজী, নুর আলম নুরু, নুর উদ্দিন রাজু, ইলিয়াস সানী, জিয়া উদ্দিন, রাসেল, পারভেজ, মোশাররফ হোসেন ও নোমান।


প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান বলেন, আমাদের যুব সমাজকে সকল খারাপ কাজ থেকে দূরে রাখতে হলে খেলাধূলার বিকল্প নেই। খেলাধূলার মাধ্যমে তরুণ প্রজন্মকে একটা সুন্দর আগামী উপহার দেওয়া সম্ভব। আমি স্বজন সংসদকে শুধু ক্রিকেট নয় পর্যায়ক্রমে সারা বছর ধারাবাহিকভাবে ফুটবল, ব্যাটমিন্টনসহ গ্রামীণ খেলাধূলার আয়োজন করার আহবান জানাচ্ছি।

 

নানা আয়োজনে সামাজিক সংগঠন আলোকিত’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

 

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত যুব সংঘ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলার আবুতোরাব ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে সংগঠনটি।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোকিত যুব সংঘের আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্পে চিকিৎসা নেয় প্রায় ১ হাজার দরিদ্র ও অসহায় মানুষ। চিকিৎসা প্রদান করেন ৮ জন এমবিবিএস ডাক্তার। এছাড়াও গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও শিক্ষা উপকরন বিতরণ, শীতার্ত ১শ দুস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ এবং গুনীজন সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনটির সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য নুর মোহাম্মদের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের উদ্বোধন করেন মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক ও আবুতোরাব জেড ফোর্সের প্রতিষ্ঠাতা এম হেলাল উদ্দিন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আবুতোরাব ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুল ইসলাম নিজামী, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এম আলাউদ্দিন, মিরসরাই থানা সংগ্রাম ও উন্নয়ন কমিটির সমন্বয়ক মো. আশরাফ উদ্দিন, আলোকিত যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্য ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক রবিউল হোসেন রবি, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজ প্রাক্তন শিক্ষার্থী পরিষদের প্রধান সমন্বয়ক মো. সাহেদ আহসান, প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের শিক্ষক ইঞ্জিনিয়ার ওমর ফারুক, মঘাদিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আমজাদ হোসেন, হিতকরীর সভাপতি জহির উদ্দিন রনি প্রমুখ।

 

মিরসরাইয়ের ধুমে মরহুম কবির উদ্দিন মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার ৪ নম্বর ধুম ইউনিয়নে মরহুম কবির উদ্দিন মেম্বার স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। শুক্রবার রাতে বাংলাবাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিরসরাই  উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন।
টুর্নামেন্টের পৃষ্টপোষক এম এ হায়দার বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আলী হায়দার টিপুর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে ছিলেন বারইযারহাট পৌরসভা বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী, মিরসরাই প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলম, ধুম ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মেজবা উল হক মানিক, উপজেলা বিএনপির সদস্য শাহীনুল ইসলাম স্বপন, সমাজসেবক হাজী মহসিন আলী, মহাজন হাট ফজলুর রহমান স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল হোসেন, ধুম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল করিম,  ধুম ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোজাম্মেল হোসেন, আইনুল কবির আলো, মাঈনুল ইসলাম, শামসুদ্দীন, গিয়াস উদ্দিন ফেয়ার, নাছির উদ্দীন প্রমুখ।
ফাইনালে প্রতিদ্বন্দ্বীতা করে বেস্ট এলিভেন শান্তিরহাট দল বনাম সূর্যমুখী দল। খেলার ফলাফলে বেস্ট এলিভেন শান্তিরহাট দল জয়লাভ করে।

সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা

মিরসরাই প্রতিনিধি :
মিরসরাইয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘সরকারহাট নজর আলী রূপজাহান উচ্চ বিদ্যালয়ের’ ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দিনব্যাপী লিখিত ও ভাইভা পরীক্ষায় অংশগ্রহণ করেন ২২৪ জন শিক্ষার্থী।

বিদ্যালয়য়ের প্রাক্তন ছাত্র ও ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সেলিমের সার্বিক সহযোগিতায় ও প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে এর তত্ত্বাবধনে অনুষ্ঠিত এ পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে চলতি মাসের শেষের দিকে। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে মেধা ভিত্তিতে ৫০ জনকে বাচাই করে পুরস্কৃত করবেন বিদ্যালয় কর্তৃপক্ষ।

সালাউদ্দিন সেলিম বলেন, ‘শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবান্ধব প্রতিযোগিতা সৃষ্টি ও বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে এ ধরনের পরীক্ষার উদ্যোগ নেয়া হয়েছে। যাতে করে শিক্ষার্থীরা লেখাপড়া মনোযোগী হওয়ার পাশাপাশি শিক্ষাবান্ধব প্রতিযোগিতায় অংশগ্রহণে উদ্বুদ্ধ হবে।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ দে বলেন, ‘উৎসবমুখর পরিবেশে সরকারহাট নজর আলী রূপজান উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীদের মেধা যাচাই পরীক্ষা নেয়া হয়েছে। এতে প্রায় ৯০% শিক্ষার্থী অংশগ্রহণ করেছে।’

মিরসরাইয়ে রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ

 

মিরসরাই প্রতিনিধি:::

দৃষ্টিভঙ্গি বদলালেই সমাজ বদলে যাবে এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে প্রতিষ্ঠা হওয়া মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার করেরহাট ইউনিয়নের জয়পুর পূর্ব জোয়ারস্থ শুভপুর বাসস্ট্যান্ডে অবস্থিত সংস্থার কার্যালয় প্রাঙ্গণে উক্ত অভিষেক, শপথ গ্রহণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
রংধনু ক্লাবের নবগঠিত কার্যকরী পরিষদের সভাপতি আব্দুল্লাহ আল হানিফ রাকিবের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহীন ও গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নিশিতা বনিকের যৌথ সঞ্চালনায় কেক কেটে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা শাখার আমীর মাওলানা নুরুল হুদা হামিদী।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আবুল হোসেন মিয়া সওদাগর, সদস্য সচিব এয়াছিন মিজান, বাংলাদেশ জামায়াতে ইসলামী করেরহাট ইউনিয়ন শাখার আমীর মাওলানা ফখরুল আলম, সভাপতি মাওলানা আরিফুর রহমান, সেক্রেটারি মাওলানা হায়দার আলি ফরাজী, মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা ভূঁইয়া, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন প্রমুখ।

নবগঠিত কার্যকরী পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করালেন রংধনু ক্লাবের প্রধান নির্বাচন কমিশনার ও করেরহাট গণিয়াতুল উলুম হোসাইনিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা রবিউল হোসাইন ভূঁইয়া।
অভিষেক অনুষ্ঠানে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য ১১টি স্বেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা, সামাজিক কাজে অগ্রণী ভূমিকা পালনের জন্য ১৩ জন সংগঠক, প্রচার ও মিডিয়া সাপোর্ট দিয়ে অবদান রাখায় ০২জন মিডিয়া কর্মী, আগত অতিথি, ০৭ জন উপদেষ্টা, ১৪ জন পৃষ্ঠপোষক, ০৬ জন আজীবন সদস্য, করোনা কালীন সময়ে মানবিক কাজে বিশেষ অবদান রাখায় ০৫ জন স্বেচ্ছাসেবী’কে সম্মাননা প্রদান করা হয়।
অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠানে সংস্থার উপদেষ্টা, পৃষ্ঠপোষক সদস্য, আজীবন সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ সদস্য সহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।
রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের আগাম পরিকল্পনা ও কর্মসূচির মধ্যে রয়েছে সংগঠন নিবন্ধন, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য ফ্রী টিউশনির ব্যবস্থা করা, এলাকাবাসীর জন্য মাসিক ফ্রী চিকিৎসা সেবা প্রদান, দরিদ্র ও অসহায়দের দাফনকাপন এবং সনাতন ধর্মাবলম্বীদের শেষকৃত্যের খরচ বহন, গরীব এতিম মেয়ের বিয়ের আর্থিক অনুদান সহায়তা, বৃক্ষরোপণ কর্মসূচি, পাঠাগার স্থাপন, ক্লাবের মধ্যে ফ্রী ইন্টারনেট সুবিধা, ওয়েবসাইট, আগ্রহীদের জন্য ৩৫% ছাড়ে কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন উল্লেখযোগ্য।

উল্লেখ্য, ২০১৬ সালের ৭ জুলাই ৮০ জন সদস্য নিয়ে শুভপুর বাসস্ট্যান্ড থেকে উক্ত সংগঠন যাত্রা শুরু করে।

 

দুবাইয়ে সংবর্ধিত হলেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি

 

মিরসরাই প্রতিনিধি

সংযুক্ত আরব আমিরাতে জেড এন্ড এস গ্রুপের চেয়ারম্যান ও গোল্ডেন ভিসাপ্রাপ্ত তরুণ উদ্যোক্তা বাংলাদেশ সরকার কর্তৃক হেট্টিক সিআইপি নির্বাচিত হয়েছেন মিরসরাইয়ের কৃতি সন্তান মোহাম্মদ জিয়া উদ্দিন। তিনি হেট্টিক সিআইপি নির্বাচিত হওয়ায় সংবর্ধনা প্রদান করেছেন দুবাইয়ের আল আবির ফ্রুট এন্ড ভেজিটেবল মার্কেটের মিরসরাই প্রবাসীরা।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) স্থানীয় সময় ১ টার দিকে দুবাইয়ের ইন্টারন্যাশনাল সিটির রুচি রেস্টুরেন্টে এই সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা আয়োজকদের মধ্যে অন্যতমরা হলেন আবু ছায়েদ সোহেল, গিয়াস উদ্দিন দৌলা, মহি উদ্দিন আরজু, মোহাম্মদ, গিয়াস উদ্দিন, রাজিব, সুব্রত, সঞ্জিত দেবনাথ ও রতি রঞ্জন দাশ।

অনুষ্ঠানে দুবাইয়ের বিভিন্ন প্রান্ত থেকে আসা মিরসরাইবাসী মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি ক্রেস্ট দিয়ে সম্মাননাও জানান।

সংবর্ধনায় বক্তব্য প্রদানকালে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি বলেন, আমি আপনাদের ভালোবাসায় মুগ্ধ, আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আপনারা জানেন আমাদের প্রিয় জন্মস্থান মিরসরাইয়ে আমি দীর্ঘদিন যাবত নানা সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি। ভবিষ্যতেও আমি এই ধারাবাহিকতা অব্যাহত রাখবো, আপনারা আমার সাথে থেকে সহযোগিতা করবেন; আমি যেন আমৃত্যু মানুষের জন্য কাজ করে যেতে পারি।

নাস্তা শেষে বাড়ি ফেরা হলোনা ওরা তিনজনের

 

মিরসরাই প্রতিনিধি

একই এলাকার তিনজন মিলে মোটরসাইকেল যোগে নাস্তার করতে যান। নাস্তা শেষে বাড়ি ফেরা হলো না তাদের। দ্রতগামী বাস চাপা দিলে ঘটনাস্থলে প্রাণ হারান তারা। এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলার সুফিয়া রোড় এলাকায়। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর ৪ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহতরা হলেন মিরসরাইয়ের মায়ানী বড়ুয়া পাড়া এলাকার বাসিন্দা সভ্যরঞ্জন বড়ুয়ার ছেলে ও মায়ানী ইউনিয়ন বিএনপির সদস্য রুবেল বড়ুয়া (৪০), একই গ্রামের বাসিন্দা মেঘল বড়ুয়ার ছেলে নিপু বড়ুয়া (৪৩) ও সুরেশ বড়ুয়ার ছেলে ছনি বড়ুয়া (৩৭)।

মায়ানী ইউনিয়ন বিএনপি নেতা আশরাফ উদ্দিন জানান, মায়ানী ইউনিয়নের বড়ুয়া পাড়ার তিনজন মোটরসাইকেল নিয়ে সুফিয়া রোড় একটি হোটেলে নাস্তা করতে যায়। নাস্তা করে বাড়ি ফেরার পথে দ্রতগামী বাস ধাক্বা দিলে ঘটনাস্থলে তিনজন মারা যায়। তাদের মধ্যে রুবেল বড়ুয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্যের দায়িত্বে রয়েছে। একসাথে তিনজন এভাবে মারা যাওয়ায় খুব খারাফ লাগছে। মরদেহগুলো ঘটনাস্থল থেকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়েছে।

এদিকে একই এলাকার তিনজন একসাথে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যাওয়ায় পুরো এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহতের বাড়িতে ছুটে যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির আহবায়ক শাহীদুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর সহ বিএনপি নেতৃবৃন্দ।

জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাতে সুফিয়া রোড এলাকায় নাস্তা শেষে মোটরসাইকেল যোগে ছনি, রুবেল ও নিপু বাড়ি ফিরছিলেন। এ সময় চট্টগ্রামমুখী লেনের ইউটার্ন পার হওয়ার সময় একটি অজ্ঞাত গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিন জন সড়কের পাশে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।