রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 72

মিরসরাইয়ে ২৭তম সমমনা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার প্রাচীনতম সামাজিক সংগঠন সমমনা সংঘের ২৭তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) দুপুরে উপজেলার খইয়াছড়া উচ্চ বিদ্যালয়ে সমমনা প্রাথমিক শিক্ষা উন্নয়ন বীর মুক্তিযোদ্ধা মাস্টার মফিজ উদ্দিন স্মৃতি বৃত্তি পরীক্ষায় উপজেলার প্রায় এক হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
এদিকে পরীক্ষার্থীর অভিভাবকদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়। মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন। তিনি বলেন, এ ধরণের প্রতিযোগিতামূলক শিক্ষা বাচ্চাদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করবে।
সমমনা সংঘের প্রচার ও সমাজসেবা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসিন বলেন, আমরা প্রক্যেক বছরের ন্যায় এবারও শিশু শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে বৃত্তি পরীক্ষার আয়োজন করেছি। এছাড়াও ফ্রি হেলথ ক্যাম্পের মাধ্যমে প্রায় ৩ শতাধিক লোকজনকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।
আয়োজিত অনুষ্ঠানে সমমনা সংঘের সভাপতি সোহরাব হোসেন টুটুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (মিরসরাই সার্কেল) মনিরুল ইসলাম, মিরসরাই উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, মাতৃকা হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক প্রফেসর ডা. জামসেদ আলম, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌস হোসেন আরিফ, মিরসরাই থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন ও মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মফিজ উদ্দিন।
সামগ্রিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাষ্টার ইকবাল হোসেন। সবশেষে অতিথিরা খৈয়াছরা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত মেধা শিক্ষাবৃত্তি পরীক্ষার বিভিন্ন হল পরিদর্শন করেন।

মিরসরাইয়ে ৯৮০০ ইয়াবাসহ তিন কারবারি আটক

 

মিরসরাই  প্রতিনিধি

মিরসরাইয়ে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ( ২৫ নভেম্বর) দুপুরে মিরসরাই পৌরসদরের ডাকবাংলো এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচল করা যাত্রীবাহী এনা পরিবহনের একটি বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাগুলো জব্দ করা হয়।

আটককৃতরা হলেন খুলনা জেলার লবনছড়া থানার নিজ খামার এলাকার মোঃ শাহাবুদ্দিন গাজীর ছেলে মোঃ সোহাগ গাজী (৩৬), সোহাগের স্ত্রী ফারজানা আক্তার শিমলা(২৩) ও বাগেরহাট জেলার মোড়লগঞ্জ থানার বাঁশবাড়িয়া এলাকার আজিয়ার শেখের মেয়ে জান্নাতি আক্তার (২১)।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই পৌরসভার পুরাতন ডাক বাংলোর সামনে চট্টগ্রাম টু ঢাকা মহাসড়কের উপর এনা বাস থামিয়ে তল্লাশি চালানো হয়। এসময় সন্দেহ হলে তিন যাত্রীকে আটক করা হয়েছে। তাদের সাথে থাকা ব্যাগ থেকে ৯৮০০ পিস ইয়াবা ট্যাবেলট জব্দ করা হয়। আটককৃদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

আবারো ৪৮ ঘণ্টার অবরোধের ঘোষণা বিএনপির

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ঘোষণা ও একদফা দাবিতে আবারো ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি বিএনপির সপ্তম দফার অবরোধ কর্মসূচি। এবারো দুই দিন (শুক্র ও শনিবার) বিরতি দেয়া হয়েছে।

আজ বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

সপ্তম দফার অবরোধের কর্মসূচি রোববার (২৬ নভেম্বর) ভোর ৬টা থেকে শুরু হয়ে মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত চলবে বলে জানান তিনি।

গত ১৫ নভেম্বর রাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তিনি ঘোষণা করেন, ২০২৪ সালের জানুয়ারির ৭ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগ এই তফসিল ঘোষণাকে স্বাগত জানালেও তা প্রত্যাখ্যান করে বিএনপি জামায়াতে ইসলামীসহ বিরোধী সমমনা জোটগুলো।

গত ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা হওয়ার পর থেকেই বিএনপি ইতোমধ্যে দুই দফায় তিন দিনের হরতাল এবং ষষ্ঠ দফায় ১৩ দিনের অবরোধ কর্মসূচি পালন করেছে। একইসাথে জামায়াতে ইসলামীও এই কর্মসূচি পালন করে আসছে।

 

মিরসরাইয়ে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিএনপির ডাকে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করে ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার ( ২৩ নভেম্বর) বিকেলে মিরসরাই উপজেলা, পৌর ও বারইয়ারহাট পৌর ছাত্রদলের উদ্যোগে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি করা হয়েছে।

বারইয়ারহাট পৌর ছাত্রদলের সদস্য সচিব মোহন দে বলেন, হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৬ষ্ঠ দফায় দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা অবরোধের দ্বিতীয় দিনে মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের চট্টগ্রামের প্রবেশপথ মিরসরাইয়ে মিছিল করা হয়েছে। এ সরকারের অধীনে বাংলাদেশে কোন নির্বাচন সাধারণ ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। অবিলম্বে সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।

ফকিরাপুলে অবরোধের সমর্থনে রিজভীর নেতৃত্বে মিছিল

 

দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিলকে একতরফা ও অবৈধ ঘোষণা দিয়ে তা প্রত্যাখ্যান করে একদফা দাবিতে ষষ্ঠ দফার ৪৮ ঘণ্টার অবরোধ পালন করছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী। যা বুধবার সকাল ৬টায় শুরু হয়ে শুক্রবার সকাল ৬টায় পর্যন্ত চলবে।

 

বৃহস্পতিবার অবরোধের দ্বিতীয় দিনে সকাল সাড়ে ৬টা থেকে ৭টা পর্যন্ত রাজধানীর ফকিরাপুল এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে পিকেটিং ও সড়ক অবরোধ করে দলটির নেতাকর্মীরা।

এ সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, সাবেক কাউন্সিলর নীলুফার ইয়াসমীন নিলু, কেন্দ্রীয় যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্তসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

মিছিল শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশব্যাপী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয়ার পর এখন গায়েবি সাজা দেয়া হচ্ছে। বেশ কয়েক বছর আগে মৃত ব্যক্তি, গুম হওয়া ব্যক্তিদের বিরুদ্ধেও সাজা দেয়া হচ্ছে। এতে আবারো প্রমাণিত হলো বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দেয়া সাজা চক্রান্তমূলক এবং অবৈধ সরকারের নির্দেশেই দেয়া হচ্ছে।’

তিনি বলেন, ‘কিন্তু গায়েবি মামলা ও গায়েবি সাজা দিয়ে সরকারের শেষ রক্ষা হবে না। অবৈধ ক্ষমতাকে আর এক্সটেনশন করা যাবে না। জনগণের অধিকার আদায়ের আন্দোলন দমানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির নেতাকর্মীরা ঘরে ফিরে যাবে না।’

 

মিঠানালা আওয়ামী লীগের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

 

নিজস্ব প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে মিরসরাই উপজেলা আওয়ামীলীগের নির্দেশনা অনুযায়ী ১০ নং মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ নভেম্বর) অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জাহাঙ্গীর আলম। এসময় বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান আবু তাহের, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোজাম্মেল হোসেন রুবেল, শরীফ উল্লাহ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুছ মাষ্টার সহ ওয়ার্ড সভাপতি সম্পাদকরা। সবার উপস্থিতিতে গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় নির্বাচনকে ঘিরে ওয়ার্ড ভিত্তিক উঠান বৈঠক করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ঘোষণা

 

আগামী বুধবার ও বৃহস্পতিবার সারাদেশ ব্যাপী সর্বাত্মক অবরোধের ঘোষণা দিয়েছে বিএনপি। এটি বিএনপির ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচি।

সোমবার বিকেলে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ‘একতরফা’ তফসিলের প্রতিবাদ এবং একদফা আন্দোলনের ধারাবাহিকতায় দেশব্যাপী ফের অবরোধ কর্মসূচি করা হলো। আগামী ২২ ও ২৩ নভেম্বর অবরোধ কর্মসূচি পালন করা হবে। এটি বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত চলবে। যুগপৎ থাকা শরিকরা নতুন এ কর্মসূচি পালন করবে।

এরআগে, ২৮ অক্টোবর মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি-হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে একই কর্মসূচিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা দলগুলো।
এরআগে ২৯ অক্টোবর হরতাল, ৩১ অক্টোবর, ১, ২ এবং ৫, ৬ এবং ৮ , ৯ ও ১২ এবং ১৩ ও ১৫, ১৬ নভেম্বর পঞ্চম দফা অবরোধ কর্মসূচি ও ১৯ , ২০ নভেম্বর ৪৮ ঘণ্টার হরতাল পালন করছে পালন করেছে জামায়াতে ইসলামী ও বিএনপি।

 

পিতার সাথে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন রুহেল

 

মিরসরাই প্রতিনিধি:

পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপিকে সাথে নিয়ে দলীয় মনোনয়ন ফরম জমা দিলেন ছেলে মাহবুব উর রহমান রুহেল। দীর্ঘ ৫২ বছরের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি এবার নিজের সংসদীয় আসনে ছেলেকে নৌকা প্রতীকে জয়ী করতে প্রকাশ্যে এলেন। সোমবার (২০ নভেম্বর) বেলা ১২টার দিকে আওয়ামী লীগের দলীয় কেন্দ্রীয় কার্যালয়ে তিনি স্বয়ং নিজে উপস্থিত থেকে তাঁর মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের দলীয় মনোনয়নপত্র জমা দেন। এসময় তাদের সঙ্গে ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ সালামসহ দলের নেতাকর্মীরা।

এর আগে গত শনিবার (১৮ নভেম্বর) দলীয় কার্যালয় থেকে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন রুহেল। পরে তিনি ঢাকায় নিজের পিতা বর্ষীয়ান রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সঙ্গে দেখা করেন। সোমবার বাবা-পুত্র একসাথে মনোনয়নপত্র জমা দানের খবরটি চট্টগ্রামের রাজনীতিতে ব্যাপক আলোচিত হচ্ছে। এ খবরে স্থানীয় দলীয় নেতাকর্মীরা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে সাত সাত বারের সংসদ সদস্য, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ও আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আর নির্বাচন করছেন না।

এদিকে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘১৯৯৭ সাল থেকে আমাদের নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সুযোগ্য পুত্র মাহবুব উর রুহেল মাননীয় প্রধান মন্ত্রী, দলের সভাপতি জননেত্রী শেখ হাসিনার আগ্রহে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন। ওইসময় থেকে তিনি মিরসরাই এবং পরবর্তীতে চট্টগ্রাম জেলা আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় হন। প্রায় গত ২৬ বছর তিনি বাবার সাথে থেকে মিরসরাই উপজেলার ১৮টি দলীয় ইউনিটের ১৬২টি সাব ইউনিট নিয়ে কাজ করেছেন। বর্তমানে স্থানীয় আওয়ামী লীগ মাহবুব উর রহমান রুহেলের নেতৃত্বে ঐক্যবদ্ধ।’

নিজের মেঝ ছেলে মাহবুব উর রহমান রুহেলের মনোনয়ন নেয়া এবং জমা দেয়ার প্রশ্নে সোমবার বেলা ২টার দিকে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, ‘আমি এখন জীবন সায়াহ্নে। বঙ্গবন্ধু থেকে জননেত্রী শেখ হাসিনা পর্যন্ত নিরবধি দলের জন্য কাজ করেছি। সবসময় দলকে সুসংগঠিত রাখার চেষ্টা করেছি। রুহেল তার নিজের চেষ্টায় আওয়ামী লীগের রাজনীতিতে নিজের অবস্থান পাকাপোক্ত করেছে। আমি মনে করি মিরসরাইতে আমার অসমাপ্ত কাজগুলো তার দ্বারা সম্পন্ন করা সম্ভব হবে। তার জন্য আমি মন থেকে দোয়া করছি।’

 

‘বর্তমান সরকারের অধীনে নির্বাচন কেমন হবে তা দেশবাসী জানে’

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচন কেমন হবে তা তো দেশবাসী জানে।

শনিবার সন্ধ্যায় ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ইতোপূর্বে বর্তমান সরকারের সঙ্গী রাশেদ খান মেনন, জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু, সাবেক প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অব. শাহাদাত হোসেন চৌধুরীসহ বহু আওয়ামী লীগ নেতা সাক্ষ্য দিয়েছেন যে, ২০১৮ সালের ডিসেম্বরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোটকেন্দ্রে যায়নি। রাতের অন্ধকারে নৌকায় সীল মেরে বাক্স ভরা হয়েছিল। ভোটের অধিকার কেড়ে নেয়া হয়েছে দেশের মানুষের।

তিনি আরো বলেন, ঢাকাস্থ জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকিসহ বিদেশীরাও বলেছেন- পৃথিবীতে একমাত্র বাংলাদেশেই রাতের বেলায় ভোট হয়।

রিজভী বলেন, ২০১৮ সালের ২৯ ডিসেম্বর মধ্যরাতে জনগণের ভোট ডাকাতি করে রাতের গভীরে সরকারের জন্ম দেয়া হয়েছিল। ২০১৪ সালে দলহীন নির্বাচনে অভিনব কায়দায় দিনে ভোট ডাকাতি করে ১৫৪ জনকে অটো পাস এমপি বানানো হয়েছিল। ভোটকেন্দ্রে কোনো ভোটার দেখা যায়নি। আর এবার চোর-ডাকাত দিয়ে ভিন্ন কোনো পন্থায় ভোটের নামে আরেকটি ভাঁওতাবাজির প্রহসন করতে মরিয়া, বেপরোয়া ও ভয়ঙ্কর মারমুখী হয়ে উঠেছে আওয়ামী সরকার। ভোটারবিহীন নির্বাচন করার জন্য বিরোধীদলকে নিশ্চিহ্ন করতে পোড়ামাটি নীতি গ্রহণ করে ঘৃণ্য-দূষিত বাতাবরণ তৈরি করতে ঝাঁপিয়ে পড়েছে। শেখ হাসিনার অধীনে নির্বাচন কেমন হবে তা তো দেশবাসী জানে।

অবৈধ আওয়ামী সরকারের পদত্যাগসহ নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের দাবিতে, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ হাজার-হাজার নেতাকর্মীদের মুক্তিসহ চলমান আন্দোলনের একদফা দাবি আদায়ের লক্ষ্যে এবং নির্বাচন কমিশন কর্তৃক একতরফা নির্বাচনের জন্য ঘোষিত তফসিলের প্রতিবাদে আগামীকাল রোববার (১৯ নভেম্বর) ভোর ৬টা থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত মোট ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে জানিয়ে রিজভী বলেন, এই কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আমি সারাদেশের নেতাকর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।

উৎসবমুখর পরিবেশে আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটগ্রহণ অনুষ্ঠিত

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষী বিদ্যাপীঠ আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর ) সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উৎসব আর আমেজে প্রতিটি ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটারদের ভোট দিতে দেখা গেছে।
এ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি (সদস্য) পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বনিদ্বতা করেছেন। তারা হলেন উত্তম রায় (ব্যালট- ১), তরজু কুমার বড়ুয়া (ব্যালট-২), মো. নাছির উদ্দীন (ব্যালট-৩), নুর উদ্দিন (ব্যালট-৪), সেলিম উল্যাহ (ব্যালট-৫), মো সিরাজ মিয়া (ব্যালট-৬)।

কেন্দ্রে রিটার্নিং অফিসারের দায়িত্বে থাকা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খান বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশ সকাল ১০ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকাল ৪ টা পর্যন্ত চলে। নির্বাচনে ২টি বুথে মোট ৯৮৫ জন ভোটার মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে তাদের প্রছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করেন ৬২৭ জন ভোটার । মহিলা ভোট ৭৪টি বাতিল হয়। অপর দিকে ২৯ টি পুরুষ ভোট বাতিল হয়।

তিনি আরও বলেন, ৮ জন প্রার্থীর মধ্যে নির্বাচনে ৪ জন পুরুষ ১ জন মহিলা জয়লাভ করেন। তারা হলো ৪২৬ ভোট পেয়ে তরজু কুমার বড়ুয়া প্রথম, ৪২১ ভোট পেয়ে নাছির উদ্দীন দ্বিতিয় , ৩৫৫ উত্তম রায় তৃতীয়, ৩৫০ ভোট পেয়েছেন নুর উদ্দিন চতুর্থ , ১৭৪ ভোট পেয়েছেন সিরাজ মিয়া পঞ্চম, ১২০ ভোট পেয়েছেন সেলিম উল্লাহ ৬ষ্ঠ ।
মহিলা প্রার্থী মাহফিল আরা চৌধুরী ( ব্যালেট-১), ৩৬৮ ভোট পেয়ে বিজয়ী হোন, রিনা বেগম (ব্যালেট-২) পেয়েছে ১৮০ ভোট ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার বলেন, একাধিক প্রার্থী না থাকায় এর আগে দাতা সদস্য নির্বাচিত হয়েছেন সাংসদ মোশাররফ হোসেন , শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন মোহরম আলী, সাইফুল ইসলাম, ফরিদা আক্তার, ও সংরক্ষিত মহিলা সদস্য নির্বাচিত হয়েছেন জাহেদা আক্তার।

প্রসঙ্গত : মিরসরাই উপজেলার ১৩ নং মায়ানী ইউনিয়নের আবুতোরাব বাজারে ১৯১৪ সালে প্রতিষ্ঠিত হয় আবুতোরাব উচ্চ বিদ্যালয়। প্রতিষ্ঠার পর থেকে এতৎ অঞ্চলে পড়ালেখার পাশাপাশি খেলাধুলায়ও উপজেলা ব্যাপী অবদান রাখছে বিদ্যালয়টি।