রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 73

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আসনে মনোনয়ন নিলেন পুত্র রুহেল

 

নিজস্ব প্রতিবেদক ::

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি’র আসনে (চট্টগ্রাম-১ মিরসরাই) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মাহবুব উর রহমান রুহেল। শনিবার (১৮ নভেম্বর) বেলা ১২টার দিকে বঙ্গবন্ধু এ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোশাররফ হোসেনের মেঝ ছেলে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তিনি চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সদস্য ও আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য।

মাহবুব উর রহমান রুহেলের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী ও সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া।

একেএম জাহাঙ্গীর ভূঁইয়া জানান, শনিবার বেলা ১২টার দিকে দলের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহের পর মাহবুব উর রহমান রুহেল তাঁর বাবা আমাদের পরম শ্রদ্ধেয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সাথে দেখা করেন এবং তাঁর দোয়া নেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘মাহবুব উর রহমান রুহেল যোগ্য পিতার যোগ্য উত্তরসূরি। দীর্ঘ ২৫ বছরেরও বেশি সময় ধরে ফিনল্যান্ডের আয়েশি জীবন ছেড়ে তিনি দেশে ফিরে এসে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত হন এবং বাবার পাশে থেকে মিরসরাইয়ের সামাগ্রীক উন্নয়নে ভূমিকা রাখেন। এছাড়া দলের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে তিনি বেইজ লিমিটেড নামের একটি আইটি সেন্টারের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের রূপরেখা তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।’

এদিকে মাহবুব উর রহমান রুহেলের পিতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৭০’র নির্বাচনে এমএলএ এবং স্বাধীনতার পরবর্তী সময় থেকে সর্বশেষ ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাাচনসহ মোট সাত বার আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মিরসরাই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এসময় তিনি দুই দুইবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়েরও দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াস সদস্য ও মনোনয়ন বোর্ডের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

দলীয় মনোনয়ন পত্র নেয়ার পর মাহবুব উর রহমান রুহেল বলেন, ‘বাবার দেখানে পথেই আমি হাটতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হতে চাই। দল মনোনয়ন দিলে অবশ্যই মিরসরাই আসনে নৌকার বিজয় সুনিশ্চিত।’

জাতীয় নির্বাচন ৭ জানুয়ারি : ইসি

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তারিখ অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তার ভাষণ সরাসরি সম্প্রচার করছে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার।

তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিল করা যাবে ৩০ নভেম্বর পর্যন্ত। ডিসেম্বরের ১ তারিখ থেকে ৪ তারিখ পর্যন্ত চলবে মনোনয়ন যাচাই-বাছাই। এছাড়া মনোনয়ন প্রত্যাহার করা যাবে ১৮ ডিসেম্বর পর্যন্ত এবং প্রতীক বরাদ্দ দেয়া হবে ১৮ ডিসেম্বর। প্রার্থীরা নির্বাচনের প্রচার করতে পারবেন ১৮ ডিসেম্বর থেকে।

এর আগে বিকেলে নির্বাচনের তফসিল ঠিক করতে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। সিইসি কাজী হাবিবুল আউয়াল তার দফতরে অন্য নির্বাচন কমিশনারদের নিয়ে এ বৈঠকে বসেন। এতে ইসি সচিব, অতিরিক্ত সচিব, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

একাদশ জাতীয় নির্বাচনের জন্য পুনঃতফসিল ঘোষণা করা হয়েছিল ২০১৮ সালে। কে এম নুরুল হুদা নেতৃত্বাধীন কমিশন প্রথমে ওই বছরের ২৩ ডিসেম্বর ভোটের তারিখ রেখে তফসিল দিয়েছিল। পরে ভোটগ্রহণের তারিখ ৭ দিন পিছিয়ে ৩০ ডিসেম্বর করা হয়েছিল।

 

তার আগে ২০১৩ সালের ২৫ নভেম্বর দশম জাতীয় সংসদের তফসিল ঘোষণা করে কাজী রকিব উদ্দিন কমিশন। ওই তফসিলে ২০১৪ সালের ৫ জানুয়ারি ভোটগ্রহণ হয়।

দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র হচ্ছে ৪২ হাজার ১০৩টি। এক্ষেত্রে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তার প্রয়োজন হবে। বাড়বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্য সংখ্যাও। এবার ভোটের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৪৪৪ কোটি টাকা।

 

 

মিরসরাইয়ে আওয়ামী লীগের আনন্দ মিছিল

 

মিরসরাই প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণার পর পর চট্টগ্রামের মিরসরাই উপজেলার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের নেতা-কর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) রাত ৭টায় জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল তফসিল ঘোষণার সাথে সাথে নেতা-কর্মীরা নৌকা নৌকা বলে মিছিল বের করে।

উপজেলার হাদিফকিরহাট এলাকায় চেয়ারম্যান ফজলুল কবির ফিরোজ, ওয়াহেদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফরিদুল হাসান টিপু, উপজেলা যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সহ-সভাপতি আশরাফুল কামাল মিটুর নেতৃত্বে আনন্দ মিছিল করেছে নেতা-কর্মীরা। এছাড়া মিরসরাই পৌর সদরে পৌরসভার মেয়র গিয়াস উদ্দিন ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাফর উদ্দিনের নেতৃত্বে ,বারইয়ারহাট করেরহাট, আবুতোরাব বাজারে আনন্দ মিছিল বের করে নেতা-কর্মীরা।

এদিকে তফসিল ঘোষণাকে ঘিরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, নির্বাচনের তফসিল ঘোষণাকে ঘিরে বুধবার সকাল থেকে পুলিশ বিভিন্ন স্পটে সতর্ক অবস্থানে ছিল। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি।

 

অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যুবদলের বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি 

সারাদেশে বিএনপি ও সমমনা দলের ডাকা পঞ্চম দফার ৪৮ ঘন্টার অবরোধের সমর্থনে মিছিল করেছে জোরারগঞ্জ থানা যুবদলের নেতাকর্মীরা। বুধবার (১৫ নভেম্বর) বিকেলে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যান সমর্থিত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই মিছিল করে।

মিরসরাই উপজেলা যুবদলের সাবেক আহবায়ক শাহীনুল ইসলাম স্বপন বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ৫ম দফায় অবরোধ কর্মসূচির ১ম দিনে চট্টগ্রামের প্রবেশপথ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন মিরসরাই উপজেলা জোরারগঞ্জ থানা যুবদল মিছিল করেছেন। তিনি আরো বলেন, ইসি কর্তৃক যদি কোন অবৈধ তফশীল ঘোষণা করা হয় সেটা আমরা মানবোনা।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া ৫ম দফার প্রথমদিনের অবরোধ শেষ হয়েছে। মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্পটে রাত-দিন পুলিশ দায়িত্ব পালন করেছে।

 

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক দল নেতা ইকবাল সহ দুইজন নিহত, শোক প্রকাশ

 

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পিকআপ ও বেকারির পণ্য বহন করা দুটি ভ্যানে কাভার্ডভ্যানের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুফিয়া রোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিকআপচালক মিরসরাই পৌরসভার ১ নম্বর ওয়ার্ড তালবাড়িয়া এলাকার হাজি বাড়ির শহিদুল ইসলামের ছেলে ইকবাল হোসেন (৪৫) ও একই এলাকার হিঞ্জু মিকারের বাড়ির বখতেয়ার খানের ছেলে ভ্যানচালক মোহাম্মদ ফরিদ (৪২)। ইকবাল পৌরসভার ১ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতির দায়িত্বে রয়েছেন।

এদিকে ইকবালের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম উত্তর জেলা ও মিরসরাই উপজেলা শাখা।

শোক প্রকাশ করেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সরওয়ার উদ্দীন সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আকবর আলী, মিরসরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ওমর শরীফ, সদস্য সচিব শাহ মোঃ ফোরকান উদ্দীন,বারইয়ারহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শহিদুল আলম,সদস্য সচিব মোঃ নুরউন নবী, মিরসরাই পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফরহাদ হোসেন তুহিন, সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম প্রমূখ।

নিজামপুর মাওঃ আব্দুল গণী (রঃ) দাখিল মাদরাসায় অভিবাবক সমাবেশ

 

নিজস্ব প্রতিনিধি

মিরসরাইয়ের কমলদহ নিজামপুর মাওঃ আব্দুল গণী (রঃ) দাখিল মাদরাসায় অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৩ নভেম্বর) দুপুরে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন মাদরাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ¦ অধ্যাপক আনোয়ার আহমদ। মাদরাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়নে সমাবেশে প্রধান বক্তা ছিলেন মাদরাসা সুপার আলহাজ¦ মাওলানা এম.এ কাশেম। মাদরাসার সহ-সুপার মাওলানা আব্দুল মালেকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন অভিবাবক কমিটির সভাপতি হাফেজ মোহাম্মদ নোমান, সাধারণ সম্পাদক আলহাজ¦ আলা উদ্দিন, অভিবাবক নাছির উদ্দিন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মায়মুনা আক্তার আলিফা, ফাহিমা সুলতানা মীম। সমাবেশে অভিবাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষকবৃন্দ ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

 

 

বুধবার থেকে আবারও আসছে টানা অবরোধ

 

পঞ্চম দফায় আবার ৪৮ ঘণ্টার টানা অবরোধ কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো। এক দফা দাবিতে আন্দোলনের ধারাবাহিকতায় আগামী বুধবার (১৫ নভেম্বর) সকাল ৬টা থেকে শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত ফের ৪৮ ঘণ্টা রাজপথ, রেলপথ ও নৌপথে অবরোধ কর্মসূচি পালন করবে তারা।

তবে জনস্বার্থে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) থাকবে না এ কর্মসূচি।

আজ সোমবার বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বিবৃতির মাধ্যমে নতুন এ কর্মসূচির ঘোষণা আসবে।

বিএনপির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদের বাড়িতে হামলা-ভাংচুর

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই পৌর বিএপির সদস্য সচিব জাহিদ হুসাইনের বাড়িতে হামলার করেছে দূর্বৃত্তরা। রোববার (১২ নভেম্বে) রাত ৯ টা নাগাদ মিরসরাই পৌর সদরের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটেছে। এসময় জাহিদ বাড়িতে ছিল না।

মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন জানান, রোববার রাত ৯ টার দিকে ১০/১২ জনের ছাত্রলীগের একটা দল জাহিদের বাড়িতে গিয়ে ব্যাপক হামলা ও ভাংচুর করে। এসময় তাদের ভয়ে বাড়ির সবাই আতংকিত হয়ে পড়েছে। আমি রাতে আঁধারে এমন হামলা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

হামলার প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিন, বারইয়ারহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজী।

ছাত্রলীগের হামলার বিষয়টা অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মাসদু করিম রানা বলেন, হামলার ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। কেউ ভাংচুর করে হয়ত ছাত্রলীগের উপর দোষ দিচ্ছে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো. কবির হোসেন বলেন, ভাংচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ যাওয়ার আগে দূর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনা থানায় লিখিত কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মিরসরাইয়ে ১১তম জাগ্রত প্রতিভার মেধাবৃত্তি পরীক্ষায় অংশ নিলো ১৫৭৩ জন শিক্ষার্থী

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের অন্যতম সেচ্ছাসেবী সমাজ উন্নয়ন সংস্থা জাগ্রত প্রতিভার আয়োজনে ১১তম জাগ্রত প্রতিভা মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকালে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের হিঙ্গুলী বাজারস্থ সংগঠনের সার্বিক তত্বাবধানে উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মিরসরাই, ছাগলনাইয়া ও ফটিকছড়ি উপজেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন ও মাদ্রাসা’র ১৩৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫৭৩ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। সকাল সাড়ে দশটা থেকে ৪ টি পরীক্ষা কেন্দ্র যথাক্রমে- হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব হিঙ্গুলী মোহাম্মদীয়া কমপ্লেক্স, মিঠাছরা উচ্চ বিদ্যালয় ও মিঠাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৯ টি হলরুমে সংগঠনের সদস্য ও ১ জন শিক্ষক সহ ০২ জন করে ৬০ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করে।

পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন গুলশান আরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সৈয়দ মোঃ ঈসমাইল, ২নং হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোনা মিয়া, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, জাগ্রত প্রতিভার উচ্চ পরিষদের সদস্য নুর-উস সোবহান, মোশাররফ হোসেন, আবুল হোসেন, ৯নং মিরসরাই সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আজিম উদ্দিন, মিঠাছরা আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা দীন মোহাম্মদ রানা, সাংবাদিক এম. আনোয়ার হোসেন প্রমুখ।
উক্ত মেধাবৃত্তি পরীক্ষায় মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামশেদ আলম, মিঠাছরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল করিম, হিঙ্গুলী মানবিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেবুন্নেছা লাভলী, মোহাম্মদীয়া কমপ্লেক্সের সুপার সুফী আহমদ উল্ল্যাহ কেন্দ্র সচিব এবং খিল হিঙ্গুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বাবু অসীম দত্ত পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি বছরের ১৬ সেপ্টেম্বর কার্যকরী কমিটির সভায় মেধাবৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত গৃহীত হয় এবং ০৮ অক্টোবর থেকে নিবন্ধন কার্যক্রম চালু হয়ে ০২ নভেম্বর শেষ হয়।

জাগ্রত প্রতিভার সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা ভূঁইয়া জানান, ১৯৯৭ সালের ৪ এপ্রিল মাত্র ২০ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে এবং ২০০৪ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে নিবন্ধন (নং-২৬২২) লাভ করে। যাত্রা শুরুর পর থেকে জাতীয় দিবস পালন, বিভিন্ন সময়ে ত্রাণ সামগ্রী বিতরণ, ইফতার সামগ্রী বিতরণ, বার্ষিক ক্রীড়ার আয়োজন, গরীবের মেয়ের বিয়ের জন্য অনুদান প্রদান সহ বিভিন্ন সামাজিক কার্যক্রম সম্পন্ন করে আসছে। ২০১১ সাল থেকে মেধাবৃত্তি পরীক্ষা চালু হয়। জাগ্রত প্রতিভার কার্যকরী পরিষদ ও সকল সাধারণ সদস্যদের যৌথ প্রচেষ্টার মাধ্যমে ১১ তম মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়, সেজন্য তিনি সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কমিটি গঠন- চেয়ারম্যান এম মাঈন উদ্দিন সদস্য সচিব মোহাম্মদ ইউসুফ

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ২০২৩-২০২৫ সালের নতুন কমিটি গঠিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় মাসিক সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে আগামী ২ বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সাংবাদিক এম মাঈন উদ্দিনকে চেয়ারম্যান ও সাংবাদিক মোহাম্মদ ইউসুফকে সদস্য সচিব, কোষাধ্যক্ষ পদে সাংবাদিক সাদমান সময় ও দপ্তর সম্পাদক পদে সাফায়েত মেহেদী নির্বাচিত করা হয়েছে। এছাড়া কমিটিতে সদস্য নির্বাচিত হয়েছেন মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠু, সাংবাদিক সাইফুল হক সিরাজী, আবু সাঈদ ভূঁইয়া, এম আনোয়ার হোসেন, আজিজ আজহার।

এসময় আরো উপস্থিত ছিলেন, মিরসরাই প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য দিদারুল আলম, সাংস্কৃতিক সম্পাদক ফিরোজ মাহমুদ, দপ্তর সম্পাদক ইকবাল হোসেন জীবন, ক্রীড়া সম্পাদক সাফায়েত মেহেদী। মিরসরাই সাংবাদিক কল্যাণ ট্রাস্ট মিরসরাইয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কল্যাণে কাজ করবেন বলে জানান নব নির্বাচিত নেতৃবৃন্দ।