মিরসরাই প্রতিনিধি ::
মিরসরাইয়ে বাস চাপায় সড়ক দুর্ঘটনায় ইসরাত জাহান রিমা (১০) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। বুধবার (৩১ মে) দুপুরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের (পুরাতন) মস্তাননগর এলাকায় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাস চাপায় উপজেলার হাজীশ্বরাই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী রিমা নিহত হয়।
নিহত ইসরাত জাহান রিমা উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দক্ষিন সোনাপাহাড় এলাকার নুর ইসলাম মিয়ার বাড়ির জামাল উদ্দিনের মেয়ে।
হাজ্বীশ্বরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল হাসান সোহাগ বলেন, প্রতিদিনের ন্যায় আজকেও স্কুল ছুটির পর রিমা বাড়ির উদ্দেশ্যে স্কুল ত্যাগ করে। পথিমধ্যে রাস্তা পারাপারের সময় মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের একটি বাস আমাদের শিক্ষার্থী ইসরাত জাহান রিমাকে চাপা দেয়। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি খুবই মর্মান্তিক। তিনি আরও বলেন, গতবছরও একই জায়গায় একটি পিকআপ ভ্যানের ধাক্কায় আমাদের এক স্কুল শিক্ষার্থী ঘটনাস্থলে মারা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক জয়া ধর বলেন, মেয়েটি হাসপাতালে আসার আগে মারা যায়। মেয়েটির মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয়েছে।
জোরারগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য কামরুল হাসান বলেন, বাস চাপায় শিক্ষার্থী নিহতের বিষয়টি খুবই মর্মান্তিক। বুধবার আছরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ইসরাত জাহান রিমার লাশ ময়না তদন্ত ছাড়া হস্তান্তরের জন্য বাবার লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সড়ক দুর্ঘটনায় ঘাতক মহাজনহাট ফজলুর রহমান স্কুল এন্ড কলেজের বাসটি শনাক্ত করা হয়েছে। শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মিরসরাইয়ে বাস চাপায় স্কুল শিক্ষার্থী নিহত
মিরসরাইয়ে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল-জরিমানা
মিরসরাই প্রতিনিধি :::
অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্গনের দায়ে মিরসরাই উপজেলায় ৯টি ফার্মেসি মালিককে ১ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় এবং তপন কান্তি নাথ নামে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদ- দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (৩১ মে) উপজেলার বিভিন্ন বাজারের ফার্মেসিতে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর এতে সহায়তা করে। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান ও চট্টগ্রাম জেলার ঔষধ প্রশাসন অধিদপ্তর সহকারী পরিচালক এস এম সুলতানুল আরেফিন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান জানান, উপজেলা সদরের রিমা মেডিকেল হল, চিশতিয়া মেডিকেল হল, মীর মেডিসিন হল, আলিফ মেডিকেল হল, জাহেদা মেডিকেল হল, এছাড়াও উপজেলার মস্তাননগর এলাকায় পপুলার মেডিকেল হল, ফাহাদ মেডিকেল হল, মেসার্স তবারুক মেডিকেল, মেসার্স মস্তাননগর মেডিকেল হল এসব ফার্মেসিতে অনুমোদনহীন ওষুধ বিক্রির পাশাপাশি নিয়ম বহির্ভূত ভাবে প্রেসক্রিপশন ও ড্রাগ আইন লঙ্ঘনের দায়ে এই জরিমানা আদায় করা হয়।
তিনি আরও বলেন, চিশতিয়া মেডিকেল হল ফার্মেসীর স্বত্ত্বাধিকারী তপন কান্তি নাথকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। এই ধরণের অভিযান অভ্যাহত থাকবে।
মিরসরাইয়ে ঘরের জানালা ভেঙ্গে মালামাল চুরি
মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে ঘরের জানালা ভেঙ্গে মালামাল চুরি করে নিয়ে গেছে চোরের দল। সোমবার (২৯ মে) রাত ১ টায় উপজেলার হাইতকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মহালংকা গ্রামের হিতুব মোহাম্মদ ভূঁইয়া বাড়ির হামিদ উল্যাহর ঘরে এই চুরির ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ হামিদ উল্যাহ বলেন, আমার ঘরের কাজ চলতেছে। সোমবার রাতে খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমিয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে দেখি একটা পানির মোটর, এক কয়েল বিদ্যুৎ তার ও অন্যান্য জিসিনপত্র সহ প্রায় ২৫ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। বিষয়টি আমি স্থানীয় মেম্বারকে জানিয়েছি।
হাইতকান্দি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. জামশেদ আলম বলেন, চুরির বিষয় আমাকে জানিয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। কারা এই চুরির সাথে জড়িত তাদেরকে বের করে আইনের আওতায় আনা হবে।
মিরসরাইয়ে প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করলেন কেন্দ্রীয় যুবলীগ নেতা এলিট
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে প্রয়াত নেতাকর্মীদের কবর জিয়ারত করলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নিয়াজ মোর্শেদ এলিট। শনিবার (২৭মে) চট্টগ্রাম -১ মিরসরাই উপজেলার গণ্যমান্য রাজনৈতিক ব্যক্তিদের কবর জিয়ারত করেন।
এছাড়া তিনি ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, কলেজের সাবেক বর্তমান ত্যাগী অবহেলিত,নিপিড়ীত আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ সকল অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে দেখা সাক্ষাৎ করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।
এছাড়াও সারাদিন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট বারৈয়ারহাটে প্রয়াত আওয়ামী লীগ নেতা মিজানের কবর জিয়ারত,আবুরহাটে উপজেলা যুবলীগ নেতা রুবেলকে দেখতে,উপজেলা তাবলীগ জামাত আমিরকে দেখতে,মিঠানালা ইউনিয়ন যুবলীগ নেতা মামুন মেম্বারকে মাতৃবিয়োগে স্বান্তনা দিতে,যুবলীগ নেতা মমিনুল ইসলাম টিপুর কবর জিয়ারত,এবং ওয়াহেদপুর ইউনিয়নে পারিবারিক অনুষ্ঠানে যোগদান করেন।
তিনি এলাকার মানুষের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি কিভাবে আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয় যুক্ত করা যায় সে ব্যপারে সবার সাথে মত বিনিময় করেন কেন্দ্রীয় যুবলীগ নেতা নিয়াজ মোর্শেদ এলিট। এসময় তার সাথে ছিলেন বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা।
মিরসরাইয়ের মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার পশ্চিম মায়ানী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির নতুন পাঠ্যক্রম সম্পর্কে অবিভাবকদের অবহিতকরন ও বিদ্যালয়ের শিক্ষার সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে আয়োজিত অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ মে) বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মিরসরাই উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিদ্যালেয়র প্রধান শিক্ষক আবু সালেক, সহকারি প্রধান শিক্ষক রনজিত কুমার দাসসহ সিনিয়র শিক্ষক, শিক্ষিকা ও অবিভাবকবৃন্দ।
জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয় : মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার পর দেশের সর্বত্র বীভৎস অরাজকতা নেমে আসে। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়।
আজ সোমবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪২তম শাহাদৎবার্ষিকী উপলক্ষে এক বাণীতে এ কথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের পুন:প্রতিষ্ঠাতা, আধুনিক বাংলাদেশের স্থপতি, দূরদর্শী রাষ্ট্রনায়ক, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪২তম শাহাদাতবার্ষিকীতে আমি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শহীদ জিয়ার প্রবর্তিত কালজয়ী দর্শন ‘বাংলাদেশী জাতীয়তাবাদ’ ও তার কালোত্তীর্ণ আদর্শ বাংলাদেশের মানুষের মনে প্রবল উদ্দীপনা জাগিয়ে তোলে। আমাদের জাতীয় স্বাধীনতা ও জাতীয় ঐক্য এবং বহুদলীয় গণতন্ত্রকে সুরক্ষার চেতনা, বাংলাদেশী জাতীয়তাবাদ থেকে উৎসারিত।’
তিনি বলেন, জাতির ক্রান্তিকালে জিয়াউর রহমানের সাহসী নেতৃত্ব ছিল অবিস্মরণীয়। তিনি জাতীয় সকল সঙ্কটে দেশ ও জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। মহান স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণা, স্বাধীনতা যুদ্ধের ময়দানে বীরোচিত ভূমিকা এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে তার অনবদ্য অবদানের কথা আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।
‘স্বাধীনতা যুদ্ধের শুরুতে রাজনৈতিক নেতৃত্বের দোদুল্যমানতায় দেশের মানুষ যখন দিশেহারা ঠিক সেই মুহূর্তে ২৬ মার্চ কালুরঘাট বেতার কেন্দ্রে মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা পুরো জাতিকে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করেছে। এই ঘোষণায় দেশের তরুণ, যুবকসহ নানা স্তরের মানুষ মরণপণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে।’
মহাসচিব বলেন, স্বাধীনতা যুদ্ধের শেষে জাতি বিদেশী শাসন থেকে মুক্তি লাভ করে। বিজয় অর্জনের অব্যবহিত পরে স্বৈরাচারী শাসকগোষ্ঠীর দুর্বিনীত দু:শাসনে মানুষের নাগরিক স্বাধীনতা ও কাঙ্ক্ষিত গণতন্ত্র মাটিচাপা পড়ে। একের পর এক দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, বহুমত ও পথের অনুশীলন মাটিচাপা দেয়া হয়। হরণ করা হয় স্বাধীনতা। দেশ একদলীয় সামন্ততান্ত্রিক শাসনের নিষ্ঠুর কবলে পড়ে পিষ্ট হতে থাকে। সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে মানুষের বাক ও চিন্তার স্বাধীনতাকে খর্ব করা হয়। সেই সময় দেশের সর্বত্র বীভৎস অরাজকতা নেমে আসে। গণতন্ত্র হত্যা ও অরাজকতার অমানিশার দুর্যোগের মুখে দেশের সিপাহী-জনতার মিলিত শক্তির মিছিলে জিয়াউর রহমান জাতীয় রাজনীতির পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হন। ফিরিয়ে দেন বহুদলীয় গণতন্ত্র এবং সংবাদপত্র ও নাগরিক স্বাধীনতা। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা করেন। উৎপাদনের রাজনীতির মাধ্যমে দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধশালী করেন। বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ির আখ্যা থেকে খাদ্য রফতানিকারক দেশে পরিণত করেন।
তিনি বলেন, এই মহান জাতীয়তাবাদী নেতার জনপ্রিয়তা দেশী-বিদেশী চক্রান্তকারীরা কখনোই মেনে নিতে পারেনি। এই চক্রান্তকারীরা ১৯৮১ সালের ৩০ মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করে। এই মর্মান্তিক ঘটনার মধ্য দিয়ে দেশবাসী একজন মহান দেশপ্রেমিককে হারায়। তবে চক্রান্তকারীরা যতই চেষ্টা করুক কোনো ক্ষণজন্মা রাষ্ট্রনায়ককে পৃথিবী থেকে সরিয়ে দিলেই তিনি বিস্মৃত হন না বরং নিজ দেশের জনগণের হৃদয়ে চিরজাগরুক হয়ে অবস্থান করেন। জাতীয় জীবনের চলমান সঙ্কটে শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও আদর্শ বুকে ধারণ করেই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং জাতীয় স্বার্থ, বহুমাত্রিক গণতন্ত্র এবং জনগণের অধিকার সুরক্ষায় ইস্পাতকঠিন গণঐক্য গড়ে তুলতে হবে।
তিনি অভিযোগ করেন, বর্তমান সরকার দেশে একদলীয় শাসনব্যবস্থা পুন:প্রতিষ্ঠা করেছে। কর্তৃত্ববাদী শাসনের নির্মমতা চারদিকে বিদ্যমান। বিরোধী দলের অধিকার, চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতাকে সবচেয়ে বড় শত্রু মনে করে বর্তমান সরকার। সেজন্য গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় অন্যায়ভাবে সাজা দিয়ে বন্দী করে রাখা হয়েছে। তার মিথ্যা মামলা ও সাজা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি দিতে হবে।
বিএনপির এই নেতা বলেন, একইসাথে বাংলাদেশের ভবিষ্যতের নায়ক এবং চলমান গণতন্ত্র পুণরুদ্ধার আন্দোলনের আপোষহীন নেতা, নতুন প্রজন্মের স্বপ্ন সৃষ্টিকারী তরুণ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে অসংখ্য মিথ্যা মামলায় জড়িয়ে সাজা দিয়ে বিদেশে নির্বাসিত অবস্থায় রাখা হয়েছে। দেশে গণতন্ত্রকামী প্রায় ৪০ লাখ রাজনৈতিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জনগণের ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলনকে দমন করাা হচ্ছে। হত্যা, খুন, গুম ও বিনা বিচারে হত্যা এবং অমানবিক নির্যাতনের মধ্য দিয়ে অবৈধ একদলীয় ক্ষমতাকে চিরস্থায়ী করার লক্ষ্যে বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ভেঙ্গে দিয়ে কর্তৃত্ববাদী একনায়কতান্ত্রিক ফ্যাসিবাদী শাসন চিরস্থায়ী করার চক্রান্ত করছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক সমৃদ্ধ বাংলাদেশের রুপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমকে আমাদের বার বার স্মরণ ও অনুসরণ করতে হবে। জনগণকে সাথে নিয়ে এই দানবীয়, অবৈধ, গণতন্ত্রহরণকারী আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে উত্তাল গণআন্দোলন সৃষ্টি করতে হবে, পরাজিত করতে হবে। এই অবৈধ সরকারকে পদত্যাগ করে সংসদ বিলুপ্ত করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে জনগণের পার্লামেন্ট ও জনগণের সরকার গঠন করতে হবে।
রণাঙ্গনের অনন্য মুক্তিযোদ্ধা, নির্ভীক, নির্মোহ রাষ্ট্রনায়ক শহীদ জিয়ার বিরুদ্ধে গণতন্ত্র ও জাতীয় স্বার্থবিরোধী শক্তির ক্রমাগত বিদ্বেষপূর্ণ আক্রমণের পটভূমিতে তার অম্লান স্মৃতিকে বুকে ধারণ করে এবার ৩০ মে মহান নেতার শাহাদাতবার্ষিকী যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য দল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী ও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সমূহসহ সকল স্তরের জনগণের প্রতি আমি উদাত্ত আহবান জানান মির্জা ফখরুল।
মিরসরাইয়ে একরাতে দুটি গরু চুরি
মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে একরাতে দুটি চুরির ঘটনা ঘটেছে। সোমবার ( ২৯ মে) দিবাগত রাতে উপজেলার ১২ নং খৈয়াছরা ইউনিয়নের দুয়ারু গ্রামের জলিলুর রহমান বাড়ি ও একই গ্রামের নাপিত বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। চুরি দুটি গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
গরুর মালিক মো. সিফাতুল ইসলাম সিফাত বলেন, রাত তিনটা পর্যন্ত গোয়াল ঘরে গরু ছিল। সকাল ৬টার সময় গোয়ালঘর থেকে গরু বের করতে গিয়ে দেখি গোয়াল ঘরের দরজার তালা ভাঙ্গা। ভেতরে থাকা গরু নেই। সিফাত আরও বলেন, অনেক শখের গরু এটি। রাত দিন পরিশ্রম করতেছি এই গরু নিয়ে। কোরবানে বিক্রির জন্য মোটাতাজা করতেছি। গরুটি চুরি হওয়াতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। আ একই গ্রামের নাপিত বাড়ির শংকর নাথের আরেকটি গরু নিয়ে যায় চোরের দল।
খৈয়াছড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য মো. নুর উদ্দিন বলেন, আসন্ন ঈদুল আযহাকে ঘিরে গরু চুরি বাড়ছে। আমি গ্রামবাসীকে সজাগ থাকতে বলেছি।
মিরসরাই অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, সারা রাত পুলিশের একটি টিম টহলে ছিল। ইউনিয়ন তো বড়, সব ওয়ার্ডে টহল দিতে হয়। আমি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের মাধ্যমে সাধারণ জনসাধারনকে কোরবানীর ঈদ পর্যন্ত গরু একটু পাহারা দিয়ে রাখতে বলেছি। তিনি আরো জানান, গরু চুরির সাথে জতিদের সনাক্তকরণে পুলিশ কাজ করছে।
মিরসরাই সমিতি আরব আমিরাতের উদ্যোগে সাবেক উপজেলা চেয়ারম্যান নুরুল আমিনকে সংবর্ধনা
মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিনকে সংবর্ধনা দিয়েছে মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত। শনিবার (২৭ মে) রাতে শারজাহ নুর আল হেলাল রেস্টুরেন্টে হল সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি নুরুল আমিন।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আনোয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজমুল হাছানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী বেলায়েত হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক নুর মোহাম্মদ ভূঁইয়া ও সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি নুরুল আলম, উপদেষ্টা পরিষদের সদস্য সালাউদ্দিন হেলাল, মোবারক হোসেন মাসুদ, নুর উদ্দিন ভূঁইয়া, মোরশেদ, নাসির উদ্দিন চৌধুরী, নুরুল আবছার, আযহার উল্লাহ ও শাহাবুদ্দিন ভূঁইয়া, সংগঠনের সহ-সভাপতি মোজাম্মেল হক, মোশারফ হোসেন রিপন, হানিফ খোকন, মহিউদ্দিন টিটু ,সালাউদ্দিন লিটন, হামদু চৌধুরী, নাসির উদ্দিন, অর্থ সম্পাদক মাঈনুদ্দীন, সাংগঠনিক সম্পাদক নুরুদ্দিন আসিফ, সোহাগ, প্রচার সম্পাদক কামরুল ইসলাম।
সরকার আগুন নিয়ে খেলছে: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতারা যদি বলে তারা পশ্চিম দিক থেকে এসেছে, বুঝবেন যে দক্ষিণ থেকে এসেছে। যদি বলে ট্রেনে এসেছে, ধরে নেবেন তারা বাসে এসেছে। কারণ তাদের কথার সঙ্গে কাজের কোনো মিল নেই। এই হচ্ছে আওয়ামী লীগ।
শুক্রবার বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বর্তমান সরকারের পদত্যাগ, নেতাকর্মীদের গ্রেপ্তার-গায়েবি মামলা ও হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার, খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে এই কর্মসূচির ঘোষণা দেয় বিএনপি।
আন্দোলন দমানো নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ওবায়দুল কাদের মাঠে নেমে বিএনপির হাত-পা ভেঙে দেওয়ার কথা বলেছেন। সেজন্যই তারা কেরানীগঞ্জে দলীয় ক্যাডার দিয়ে হামলা চালিয়েছে। নিপুণ রায় চৌধুরীর মাথা ফাটিয়ে দিয়েছে। এখন সে হাসপাতালে মৃত্যুশয্যায়। আসলে তাদের উদ্দেশ্য বিএনপি ও বিরোধী দল শূন্য করা। যাতে তাদের পদত্যাগের আওয়াজ না ওঠে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কেরানীগঞ্জে নাকি বিএনপি আক্রমণ করেছে। তাহলে নিপুণ হাসপাতালে কেন? আসলে স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যার ওপর দেশ শাসন করছেন। কারণ তারা অবৈধ। তারা শেখ হাসিনার অবৈধ কথা শুনছে। তারা আগুন নিয়ে খেলছে। এই আগুনেই পুড়ে ছারখার হবে আওয়ামী লীগ।
রাজধানীর যাত্রাবাড়ীতে জনসমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক মো. আব্দুস সালামের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক লিটন মাহমুদের পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন আহমেদ, রকিবুল ইসলাম বকুল, আজিজুল বারী হেলাল, মীর নেওয়াজ আলী নেওয়াজ, মহানগর দক্ষিণ বিএনপির নবীউল্লাহ নবী, মহিলা দলের আফরোজা আব্বাস, যুবদলের সুলতান সালাহউদ্দিন টুকু, ইসহাক সরকার, স্বেচ্ছাসেবক দলের এসএম জিলানী, ছাত্রদলের সাইফ মাহমুদ প্রমুখ।
ছাগলনাইয়ায় মাদরাসা শিক্ষকের ঘরে আগুন দিল দুর্বৃত্তরা
নিজস্ব প্রতিনিধি
ছাগলনাইয়া উপজেলার আজিজিয়া মাদরাসার শিক্ষক আবদুল মান্নান মজুমদারের কাচারি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল ভোর ৫টার দিকে উপজেলার শুভপুর ইউনিয়নের কৈয়ারা গ্রামের মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, পরিবার নিয়ে ফেনী শহরে ভাড়া বাসায় বসবাস করেন ছাগলনাইয়া আজিজিয়া মাদরাসার শিক্ষক আবদুল মান্নান মজুমদার। বাড়িতে তার চাচাত ভাই আইয়ূব খাঁনের সঙ্গে জায়গা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলছে। মাস্টার আবদুল মান্নানের বাড়ির জায়গা বেশ কয়েকবার জবর দখল করার চেষ্টা করেছে প্রতিবেশী আইয়ূব খাঁন ও তার সহযোগীরা। জমির বিরোধকে কেন্দ্র করে থানায় ও আদালতে উভয় পক্ষই মামলা দায়ের করেন।
মাস্টার আবদুল মান্নান জানান, জায়গার বিরোধের কারণে সংঘাত সংঘর্ষ এড়াতে তিনি পরিবার নিয়ে ফেনী শহরে ভাড়া বাসায় থাকেন। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তার কাচারী ঘরে আগুন দেয়। স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। ততক্ষণে ঘরটি এবং ঘরে রাখা সকল মালামাল ভষ্মীভূত হয়ে যায়। তিনি অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে তার প্রতিপক্ষ আইয়ূব খাঁন ও তার সহযোগীরা ঘরটি পুড়িয়ে দিয়েছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। আগুনে ঘর জ্বালিয়ে দেওয়ার বিষয়ে ছাগলনাইয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে জানতে চাইলে আইয়ূব খাঁন তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, আমি বাড়িতে থাকিনা। অগ্নিকান্ডের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনেছি।

