নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে বিবি আছমা (১২) নামে এক শিশু আত্মহত্যা করেছে। উপজেলার ২ নং হিংগুলী ইউনিয়নের ইসলামপুর গ্রামের ওবায়দুল হকের বাড়িতে বৃহস্পতিবার (১৮ জুলাই) সকালে এ ঘটনা ঘটে। জোরারগঞ্জ থানা পুলিশ ওবায়দুল হকের বাড়ি থেকে আছমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করে। বিবি আছমা ইসলামপুর গ্রামের মৃত ওবায়দুল হকের মেয়ে।
আছমার মা রোকেয়া বলেন, বিবি আছমা কিছুটা মানসিক প্রতিবন্ধী ছিলো। বৃহস্পতিবার সকালেও সে তার কাছে ১০ টাকা চায়। কিন্তু তিনি তাকে কোন টাকা দিতে পারেননি। তিনি সংসারের কাজে বাহিরে গেলে কোন একফাঁকে অভিমান করে আছমা ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। বেলা ১২ টার দিকে ঘরে এসে দেখেন মেয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছে।
জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. সিরাজুল ইসলাম জানান, আছমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় থানা একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।



