মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নিতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় তানজিমা ইয়াসমিন মুক্তা এক পরীক্ষার্থী গুরুত্বর আহত হয়েছে। বৃহস্পতিবার ( ১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর সরকারি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। মুক্তা মিরসরাই সদর ইউনিয়নের তারাকাটিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। সে মিরসরাই কলেজে মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে যাওয়ার সময় রাস্তা পার হতে গিয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় গুরুত্বর আহত হয় মুক্তা। এরপর তাকে উদ্ধার করে মিরসরাই সদরের সেবা আধুনিক হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর শারীরিক অবস্থার অবনিত হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।
সেবা আধুনিক হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. রাইয়ান চৌধুরী বলেন, দুর্ঘটনায় আহত পরীক্ষার্থী মাথায় প্রচন্ড আঘাত পেয়েছেন। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে চমেকে রেফার করেছি।
মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার বলেন, মুক্তা আমাদের কলেজ থেকে মানবিক বিভাগে এইএসসি পরীক্ষা দিচ্ছে। বৃহস্পতিবার তার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা ছিল। পরীক্ষাকেন্দ্র নিজামপুর সরকারি কলেজে যাওয়ার পথে সে দুর্ঘটনায় আহত হয়। চিকিৎসকের সাথে কথা বলে জেনেছি তার শারীরিক অবস্থা ভালো নয়। কয়েকবার বুমি করেছেন। দোয়া করি মেয়েটা যেন সুস্থ্য হয়ে ফিরে আসে।



