মিরসরাইয়ে মেম্বার প্রার্থীর উপর হামলার ঘটনায় মামলা, দুইজন গ্রেপ্তার

প্রকাশিত: ৯:৫৬ পূর্বাহ্ন, ৩ ডিসেম্বর, ২০২১

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মেম্বার পদপ্রার্থীর উপর হামলার ঘটনায় থানায় দায়ের করা মামলার দুই আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ( ২ ডিসেম্বর) রাতে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের ছত্ত্বরুয়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তকৃতরা হলো ছত্ত্বরুয়া এলাকার মৃত মজলহক মিয়ার পুত্র সিরাজুল ইসলাম (৪২) একই এলাকার দুলাল ড্রাইভারের পুত্র মামুন (৩২)।

জানা গেছে, গত ১১ নভেম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী জহুরুল হক কোম্পানীর উপর হামলার ঘটনায় ২ ডিসেম্বর জোরারগঞ্জ থানায় নির্বাচিত মেম্বার বেলাল উদ্দিনকে ১ নং আসামী করে ৬ জনের নামে একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। তিনি হামলায় আহত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকায় মামলা করতে বিলম্ব হয়।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক জসীম উদ্দিন বলেন, ভোটের দিন মেম্বার পদপ্রার্থীর উপর হামলার ঘটনায় গত ২ ডিসেম্বর থানায় মামলা করেছেন ভিকটিম জহুরুল হক কোম্পানী। বৃহস্পতিবার রাতে ওই মামলার ৩ ও ৫ নং আসামীকে গ্রেপ্তার করে শুক্রবার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে। এজাহারনামীয় অন্য আসামীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।