মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে লরি চাপায় আতিকুল হাসান শাহরিয়া (১৯) নামে ক্রেন হেলপারের মৃত্যু হয়েছে। বুধবার (৫ অক্টোবর) রাত ১টায় উপজেলার বারইরাহাট বিএসআরএম স্ট্রিল মিল কারখানার ভিতরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল উপজেলার ইছাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ড হাফিজ গ্রামের মো. আমিন শরীফের পুত্র। সে গত ছয় মাস পূর্বে বিএসআরএম স্ট্রিল মিলের সাপ্লায়ার সিজদা মোটরসের কেরান হেলপার হিসেবে কাজ যোগদান করেন।
সিজদা মোটরসের মেকানিক্যাল ফোরম্যান মো. মাজেদুল ইসলাম বলেন, বুধবার রাতে আতিকুল কাজ করার সময় একটি গাড়ি আনলোড করার পরেই মোহাম্মাদীয়া এন্টারপ্রাইজের একটি লরি আনলোড করার জন্য আসে ঘটনাস্থলে। এসময় আতিকুল পিছনে দাঁড়ানো ছিলো। ওই গাড়িটি পিছনে ব্রেক দেওয়ার সময় গাড়ির নিচে চাপা পড়ে সে। সাথে সাথে গাড়ির চালক এবং হেলপার পালিয়ে যায়। পরবর্তীতে আমাদের কেরান চালকসহ কয়েকজন এসে উদ্ধার করে কারখানার একটি গাড়ি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, আতিকুলের পরিবারের অবস্থা খুবই খারাপ। পড়ালেখা ছেড়ে দিয়ে গত ৬ মাস পূর্বে আমাদের কোম্পানির ক্রেন হেলাপার হিসেবে কাজ শুরু করেন। তার আরও এক ভাই ও দুই বছরের একটি ছোট্ট বোন রয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এদিকে ছেলেকে হারিয়ে তার বাবা-মা বাকরুদ্ধ।
যোগাযোগ করা হলে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া আতিকুল হাসান শারীয়ার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



