লঘুচাপে উত্তাল সাগর, ৩ নম্বর সতর্ক সংকেত

প্রকাশিত: ৯:৫১ পূর্বাহ্ন, ১৬ আগস্ট, ২০২০

নিজস্ব প্রতিবেদক
উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে উপকূল এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়াসহ দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এ কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত এবং নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ‘সাগরের লঘুচাপটি স্থলভাগে উঠে এসেছে। এ কারণে ঝড়ো হাওয়া কমে এলেও বৃষ্টি হবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলে প্রচুর বৃষ্টি হতে পারে। এছাড়া এর প্রভাবে সারাদেশেই কম বেশি বৃষ্টি হতে পারে।’ তিনি বলেন, ‘আগামীকাল পর্যন্ত এই আবহাওয়া বজায় থাকতে পারে।’

আবহাওয়া অধিদফতরের এক সতর্ক বার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু সক্রিয় এবং বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে এক থেকে দুই ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জোয়ারের পানিতে প্লাবিত হতে পারে।

এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।