১৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সেই আকিব

প্রকাশিত: ৬:২৮ পূর্বাহ্ন, ১৯ নভেম্বর, ২০২১

 

চট্টগ্রাম মেডিকেল কলেজে (চমেক) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত শিক্ষার্থী মাহাদী জে আকিব ১৯ দিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সাহেনা আকতার।

তিনি বলেন, বুধবার আকিবকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়। আজ সকাল সাড়ে দশটার দিকে তিনি বাবার সঙ্গে বাড়ি গেছেন। পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড নিশ্চিত হয়েছে, আকিব সুস্থ হয়েছেন।

তিনি আরও বলেন, বাড়িতে কী ধরণের চিকিৎসা হবে সেই বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দেওয়া হয়েছে। এছাড়া কিছুদিন পর তার আরও একটি অপারেশন করতে হবে। যদিও অপারেশনটি কখন হবে, তা এখনো ঠিক করা হয়নি।

প্রসঙ্গত, আকিবের উপর হামলার ঘটনার পর ১৬ জনকে আসামি করে গত ৩০ অক্টোবর রাতে পাঁচলাইশ থানায় মামলা দায়ের করেন কলেজের পঞ্চম বর্ষের ছাত্র তৌফিকুর রহমান। এ মামলায় কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।