বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বৌভাতের অনুষ্ঠানে গোশত কম দেয়া নিয়ে সংঘর্ষে বরের চাচা নিহতের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি জাহি বিন ইসলাম জানান, মঙ্গলবার দিবাগত মাঝরাতে মামলাটি দায়ের করেন নিহত আজহার মীরের ছেলে সুরুজ মীর। তিনি আরো জানান, মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। আটক ৯ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর ৬।
মঙ্গলবার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের দক্ষিণ রফিয়াদি গ্রামে বৌভাত অনুষ্ঠানে খাবারে গোশত কম দেয়া নিয়ে কনেপক্ষের হামলায় ঘটনাস্থলেই নিহত হন বরের চাচা আজাহার মীর (৬৫)। ঘটনার পরপরই বরপক্ষের লোক বিয়ের কনেসহ ২২ জনকে আটকে রাখেন।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বরিশাল মেট্রোপলিটন অতিরিক্ত উপ-কমিশনার ফজলুল করিম ও এয়ারপোর্ট থানার সহকারী কমিশনার নাসরিন জাহান। তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান এবং রাতেই নিহতের ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাতেই আটকদের থানায় নিয়ে যায় পুলিশ।



