মিরসরাই প্রতিনিধি
সব কিছু ঠিকঠাক থাকলে ঈদের পরে কুয়েত যাওয়ার কথা ছিলো সোহাগের। কিন্তু বিধিবাম মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন সোহাগ। কুয়েত যাওয়ার স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো..
বারইয়ারহাট-রামগড় সড়কের মিরসরাইয়ের হিঙ্গুলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় সোহাগ চৌধুরী (২১) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দিবাগত রাত সাড়ে ৯টার সময় এই দুর্ঘটনা ঘটে। সোহাগ ১ নম্বর করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সরকারতালুক গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র। তিন ভাইয়ের মধ্যে সে দ্বিতীয়।
জানা যায়, বারইয়ারহাট থেকে মোটরসাইকেলযোগে করেরহাট ফেরার সময় হিঙ্গুলী এলাকায় একটি মালবাহী ট্রাক সোহাগের মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেলে থাকা ৩ আরোহীর মধ্যে সোহাগ গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। মোটরসাইকেলে থাকা অপর ২ আরোহীও আহত হয়। দুর্ঘটনার শিকার ট্রাকটি আটক করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



