মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 107

মিরসরাইয়ের আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১৪ তম বার্ষিক মাহফিল সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার ১১৪ তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। শনিবার (৪ ফেব্রুয়ারি) মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত দিনব্যাপী বার্ষিক মাহফিল আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার মুহতামিম মাওলানা শহীদুল ইসলাম মিয়ার সার্বিক তত্বাবধানে এবং মাওলানা মফিজ উল্ল্যাহর সঞ্চালনায় ওয়াজ করেন ঢাকা জামেয়া রহমানিয়া আজিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মাহফুজুল হক, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার আরবি সাহিত্য বিভাগীয় প্রধান মুহাদ্দিস মাওলানা আবদুল জলিল, মীরওয়ারিশপুর মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আলী, হাটহাজারী মেখল হামি উল্লাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা ইসমাঈল খাঁন, বেরুলি মাদ্রাসার মুহতামিম ও ফেনী মহিপাল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা তৈয়্যব সুলতানি, জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা একরামুল হক। মাহফিলে মিরসরাই উপজেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেশবরণ্য আলেমগণ অংশগ্রহণ করেন।

 

জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন রেজাউল করিম মাষ্টার

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ রেজাউল করিম মাষ্টার। অভিবাবক সদস্যদের ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। নির্বাচনে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হুমায়ুন কবির খাঁন। এছাড়া পরিচালনা কমিটির সদস্যরা হলেন হারুনুর রশীদ, মেজবা উল আলম বাবুল, মোঃ শহীদ, বিপুল তফাদার ও মহিলা সদস্য প্রিয়াংকা হাজারী। পদাধীকারবলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম পরিচালনা কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম মাষ্টার বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান বজায় রাখা, শিক্ষার আরো মানোন্নয়ন, সুষ্ঠ পরিবেশে পাঠদান, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

 

মিরসরাইয়ে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের দুইদিনব্যাপী বার্র্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে। রবিবার (৫ ফেব্রুয়ারি) পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুইদিনব্যাপী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এইদিন বিকালে কোরআন তেলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে শুরু হয় আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পরিষদরে সভাপতি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব এস. এম আবু সুফিয়ান।
এইসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম ভূঁঞা, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সভাপতি ও আজীবন দাতা সদস্য আলহাজ্ব আহম্মদ ছোবহান, প্রাক্তন ছাত্র সিরাজুল ইসলাম পেয়ার, প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি সিরাজুল ইসলাম ভূঁইয়া, প্রাক্তন ছাত্র ও ব্যবসায়ী অমল কান্তি শর্মা ও প্রাক্তন ছাত্র ও পতিষ্ঠাতা পরিবারের সদস্য চন্দন কুমার দাশ।
ঝুলপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্যাহ খান বলেন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬২ টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার ও ১৮ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও শান্তনা পুরষ্কার দেওয়া হয়।

 

আ’লীগ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই : মির্জা আব্বাস

 

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য সারা দেশে গুম, খুন ও জুলুম-নির্যাতন চালাচ্ছে। তাদের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর সোনাদিঘী মোড়ে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি।

যুগপৎ আন্দোলন কর্মসূচির অংশ হিসেবে সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনসহ ১০ দফা দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা আব্বাস বলেন, বিনাভোটে নির্বাচিত সরকার বেআইনিভাবে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতারসহ তাদের ওপর হামলা-মামলা অব্যাহত রেখেছে। গ্যাস, বিদ্যুৎ ও চালসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ আজ নিরুপায়।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শাহজাহান মিয়া, হাবিবুর রহমান হাবিব ও কর্নেল (অব:) আব্দুল লতিফ।

আরো বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শওকত ও এম ওবায়দুর রহমান চন্দন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশবিষয়ক সম্পাদক, রাজশাহী মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম মার্শাল, সাবেক এমপি জাহান পান্না প্রমুখ।

রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈশার সভাপতিত্বে এবং রাজশাহী মহানগর বিএনপির সদস্য সচিব মামুন অর রশিদ মামুন ও জেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক বিশ্বনাথ সরকারের সঞ্চালনায় সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম বাবু, পাবনা জেলা বিএনপির সদস্য সচিব মাসুদুর রহমান মাসুম, সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানা প্রধান, নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বকর সিদ্দিক নান্নু, চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিএনপির আন্দোলন দেখে আওয়ামী লীগ সরকার ভয় পেয়ে গেছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘ঢাকার গণসমাবেশকে কেন্দ্র করে ফ্যাসিস্ট সরকারের নির্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমাকেসহ শত শত নেতাকর্মীকে বিনা কারণে আটক করে পুলিশ। মহাসচিব ও আমাকে আটক করেও ঢাকার গণসমাবেশ বন্ধ করতে পারেনি। ঢাকার গণসমাবেশে যেতে আওয়ামী সন্ত্রাসীরা রাস্তায় বেরিকেট দেয়ার চেষ্টা করেছে, বাধা দিয়েছে। এত কিছুর পরও ঢাকার সমাবেশ হয়েছে স্মরণকালের বৃহৎ সমাবেশ।’

এ সময় মির্জা আব্বাস অবিলম্বে সরকারের পদত্যাগ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেন, ‘দেশে এখন নীরব দুর্ভিক্ষ চলছে। নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ দিশেহারা। আওয়ামী লীগ সরকার মেগা প্রকল্পের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে পাচার করেছে। বিদেশে বাড়ি-গাড়ি করেছে।’

মিজানুর রহমান মিনু আরো বলেন, ‘জনগণকে সাথে নিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে আওয়ামী সরকারের পতন ঘটানো হবে ইনশাআল্লাহ।’

 

মিরসরাইয়ে ফ্রেন্ডশিপ-৯৮ করেরহাটের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বার্ষিক ভ্রমণ সম্পন্ন

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের ব্যাচ ভিত্তিক জনপ্রিয় সংগঠন ফ্রেন্ডশিপ-৯৮, করেরহাট এর উদ্যোগে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) গেড়ামারা ছাদেক কোম্পানি প্রাথমিক বিদ্যালয় ও সাইবেনিখিল আল একরাম ইসলামিয়া মাদরাসায় অর্ধশত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. সাইফুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক দীন মোহাম্মদ, সহ সভাপতি একরামুল হক, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, অর্থ সম্পাদক শামসুদ্দিন নয়ন, যুগ্ম অর্থ সম্পাদক নিজাম উদ্দিন, নির্বাহী সদস্য মীর হোসেন মিলন, অনির্বাণ ক্লাবের সভাপতি সরোয়ার উদ্দিন, বিদ্যালয় পরিচালনা পরিষদের প্রচার সম্পাদক মোঃ মঞ্জু, বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক সাইফুল ইসলাম, সহকারি শিক্ষক ইকবাল সুমন ও নুরুল ইসলাম বাদশা, অনির্বাণ ক্লাবের সহ-সভাপতি আব্দুর নুর রিয়াজ অনির্বাণ ক্লাবের সদস্য শিপন, মামুন সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

বৃহস্পতিবার সংগঠনের বার্ষিক আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়। করেরহাট থেকে সিন্ধুকছড়ি হয়ে খাগড়াছড়ি জেলা পরিষদ হেরিটেজ পার্ক, আলুটিলা পর্যটন কেন্দ্রে ভ্রমণ করেন।

 

 

ইউসাম এর নতুন কার্যকরী কমিটি গঠন

 

নিজস্ব প্রতিনিধি

ইউসাম এর নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) মিরসরাই পৌরসভা ভবনের কনফারেন্স রুমে ২০২৩’ বিষয়ক বিশেষ সভায় বহুল আকাঙ্ক্ষিত ইউসামের নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়। এতে সভাপতি হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মেজবাহুস সালেহীন রায়হান ও সাধারণ সম্পাদক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শরিফুল হাসান তুহিনকে মনোনীত করা হয়েছে।

অনুষ্ঠানে বিদায়ী সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় ও বিদায়ী সভাপতি জাছেম বিন মহিব এর সভাপতিত্বে ইউসাম কার্যকরী কমিটি ২০২০-২১ এর বার্ষিক প্রতিবেদন এবং বার্ষিক আর্থিক হিসাবের বিবরণ তুলে ধরা হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসামের উপদেষ্টা চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইসমাইল খান, মিরসরাই পৌর মেয়র গিয়াস উদ্দিন, মাহমুদ এন্ড সবুজ কোং এর পার্টনার কামরুল হাসান এফসিএ, মিরসরাই কলেজের অধ্যক্ষ নুরুল আফছার, শান্তিনীড় সভািপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল।
এছাড়া ইউসামের পূর্ববর্তী দায়িত্বশীলদের মধ্যে ছিলেন ডা. সাকির উল ইসলাম, আরিফুল ইসলাম রনি, কাউসার হামিদ, আলতাফ হোসেন রাজু, শেখ মুর্তাজা। এছাড়াও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ইউসাম সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে পূর্ববর্তী কমিটিকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে উপদেষ্টামন্ডলী ও পূর্ববর্তী দায়িত্বশীলরা নতুন নেতৃত্বকে দিকনির্দেশনা দেন এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

মিরসরাই উপজেলা নাগরিক কমিটির সভায় সংবর্ধিত হলেন আবু নছর রিয়াদ সিআইপি

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা নাগরিক কমিটির অভিষেক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ ফেব্রয়ারি) বেলা ১১টা থেকে মিরসরাই উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় নবগঠিত সংগঠনটির লগো উন্মোচন এবং মিরসরাইয়ের কৃতি সন্তান রেমিটেন্সযোদ্ধা আবু নছর রিয়াদ সিআইপিকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
এছাড়া সবশেষে মরহুম সাংবাদিক নিজাম উদ্দিনের নাগরিক শোকসভার প্রস্তুতি বৈঠকও করেন নাগরিক কমিটির নেতারা। ওইদিন কমিটির চেয়ারম্যান অধ্যাপক নুরুল আফছারের সভাপতিত্বে এবং প্রধান সমন্বয়কারী এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন কমিটির মহাসচিব এনায়েত হোসেন নয়ন।
এরপর আনুষ্ঠানিকভাবে সংগঠনটির লগো উন্মোচন করেন অতিথিরা। পরে বৈধ চ্যানেলে রেমিটেন্স প্রেরণের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার কর্তৃক সিআইপি মর্যাদায় ভূষিত হওয়ায় মিরসরাই সমিতি ওমানের সভাপতি আবু নছর রিয়াদকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা ও লগো উন্মোচন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলা উদ্দিন, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অবসরপ্রাপ্ত প্রধান প্রকৌশলী খায়রুল মোস্তফা, সরকারের শুল্ক, রেয়াত ও প্রত্যর্পণ পরিদপ্তরের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক মো. নুরুল হুদা, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট বিভাগের অবসরপ্রাপ্ত সহকারী কমিশনার কামরুল ইসলাম চৌধুরী, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, জোরারগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমরান উদ্দিন, নাগরিক কমিটির কো. চেয়ারম্যান শারফুদ্দীন কাশ্মীর, জাফর উদ্দিন, মো. সেলিম উদ্দিন, যুগ্ম মহাসচিব আনোয়ার হোসেন চৌধুরী সুজন, নুরুল আলম, বিপুল দাশ, মিরসরাই পূজা উদ্যাপন পরিষদের সভাপতি সুভাষ সরকার, উপজেলা জন্মাষ্টমী উদ্যাপন কমিটির সভাপতি পরিমল কর্মকার, কবি, লেখক মোস্তাফিজুর রহমান লিটন, মিরসরাই উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল ইকবাল চৌধুরী প্রমুখ।

 

মিরসরাইয়ে স্বপ্নীল সংঘ ও মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির আয়োজনে দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নীল সংঘ ও মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির যৌথ আয়োজনে দিনব্যাপী নানা কর্মসূচী পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল হিফজ সমাপনী অনুষ্ঠান, মরহুম এনামুল হকের স্মরণে দোয়া মাহফিল, সম্মাননা প্রদান, পুরষ্কার বিতরণ ও ব্লাড গ্রুপ নির্ণয়। শুক্রবার উপজেলার সাহেরখালী ইউনিয়নের মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমি প্রাঙ্গনে আয়োজিত দোয়া মাহফিল মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির পরিচালক হাফেজ মাওলানা রিফাত ও ব্যবস্থাপনা পরিচালক হাফেজ মাওলানা মুশফিকুর রহমানের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন আবুরহাট মুনিরুল ইসলাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা ইদ্রিস।

স্বপ্নীল সংঘের প্রতিষ্ঠাতাও পরিচালক রিফাতুল ইসলামের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে ছিলেন সীতাকুন্ড বগাচতর ফাজিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মাকসুদুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজপতি আল আমিন, ব্যবসায়ী নজরুল ইসলাম, মোহাম্মদ ইউছুপ, মিরসরাই প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আনোয়ার হোসেন, মোহাম্মদিয়া ইসলামিয়া এ্যারাবিক একাডেমির উপদেষ্টা হাফেজ মাওলানা শফিউল আলম, সদস্য সোলায়মান, স্বপ্নীল সংঘের আজীবন সদস্য নঈমুল ইসলাম টুটন, রাসেল নাজমুল, সদস্য মাঈনুল ইসলাম, আবদুস সালাম, তাসিবুল, আসিব, রাকিব প্রমুখ।

অনুষ্ঠানে বগাচতর ব্লাড ব্যাংকের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পুরষ্কার প্রদান করা হয়।

স্বপ্নীল সংঘের প্রতিষ্ঠাতাও পরিচালক রিফাতুল ইসলাম জানান, শুক্রবার দিনব্যাপী আয়োজনে সার্বিক সহযোগিতা করেন হাজী ইসমাঈল, রসূল আহম্মেদ খান, আরিফসহ আরো অনেকেই। আমরা সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

গার্মেন্টস পণ্য চুরি- ২০ কোটি টাকার বাড়ি ও মাছের খামার করেছেন শাহেদ

 

প্রায় শতকোটি টাকা মূল্যের রপ্তানিযোগ্য চোরাই গার্মেন্টস পণ্যসহ সংঘবদ্ধ চোরচক্রের হোতা শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দাসহ চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। চক্রটি গত দেড় যুগ ধরে রপ্তানিযোগ্য গার্মেন্টস পণ্য চুরি করে আসছিল।

র‌্যাব জানিয়েছে, গাজীপুরের কারখানা থেকে কাভার্ডভ্যানে পোশাকের একটি চালান ব্রাজিলে রপ্তানির উদ্দেশে চট্টগ্রাম বন্দরে পাঠানো হয়। পরের দিন ৮৯৮ কার্টন ভর্তি সোয়েটার চট্টগ্রাম বন্দরে পৌঁছায়। ক্রেতা-মনোনীত শিপিং প্রতিষ্ঠান এক লাখ ২৫ হাজার ডলারেরও বেশি মূল্যের চালানটি গ্রহণ করে ব্রাজিলে পাঠায় এবং সে মোতাবেক বন্দর থেকে চালানবহনকারী জাহাজটি রওনা দেওয়ার পরপরই ক্রেতা পুরো অর্থ পরিশোধ করে। তবে গত ৬ জানুয়ারি ব্রাজিলের ক্রেতার কাছ থেকে পাওয়া ভিডিও দেখে হতবাক হয়ে যান গার্মেন্টস মালিকপক্ষ।

সেখানে দেখা যায়, কিছু কার্টন সম্পূর্ণ খালি এবং অনেকগুলো কার্টন থেকে প্রচুর পরিমাণ পণ্য খোয়া গেছে। পরবর্তী সময়ে চুরি হওয়া গার্মেন্টস পণ্যের সমপরিমাণ অর্থ জরিমানা হিসেবে পরিশোধ করতে হয় মালিকপক্ষকে। এর পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানের মালিকপক্ষ গত ২ ফেব্রুয়ারি গাজীপুরের গাছা থানায় চুরির ঘটনায় সাধারণ ডায়েরি করে। পরে চোরচক্রের সদস্যদের গ্রেফতারসহ ঘটনার রহস্য উদ্ঘাটনে গোয়েন্দা নজরদারি বাড়ায় র‌্যাব।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে র‌্যাব-৪ পৃথক অভিযানে মৌলভীবাজার, গোপালগঞ্জ ও ঢাকার আশপাশের এলাকা থেকে আলোচিত ব্রাজিলে রপ্তানি করা গার্মেন্টস পণ্য চুরিসহ দেশের গার্মেন্টস পণ্য চুরি কাণ্ডের মূলহোতাসহ গ্রেফতার করা হয় চারজনকে।

গ্রেফতাররা হলেন- মূলহতা শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দা (৫২), মো ইমারত হোসেন সজল (৩৭), শাহজাহান ওরফে রাসেল ওরফে আরিফ (৩০) ও মো হৃদয় (২৮)। এসময় উদ্ধার করা হয় ব্রাজিলে রপ্তানির জন্য চুরি যাওয়া পণ্য পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান।

শনিবার (৪ ফেব্রুয়ায়রি) দুপুরে কারওয়ান বাজার র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

গ্রেফতার শাহেদ ওরফে সাঈদ ওরফে বদ্দা এই গার্মেন্টস পণ্য চুরি জগতের মাস্টারমাইন্ড এবং এই চক্রের মূলহোতা ও নির্দেশদাতা। মূলত তার ছত্রছায়ায় ও সম্মতিতে দেশের প্রায় অধিকাংশ গার্মেন্টস পণ্য চুরির ঘটনা হয়ে থাকে। ৪০-৫০ জনের এ চক্রে রয়েছে অসাধু ড্রাইভার, হেলপার, গোডাউন মালিক, গোডাউন এলাকার আশ্রয়দাতা, অত্যন্ত দক্ষ কুলি সর্দারসহ একদল শ্রমিক। প্রাথমিক পর‌্যায়ে তারা ট্রান্সপোর্টে গার্মেন্টেসের মালামাল বহন শুরু করেন। একপর‌্যায়ে গার্মেন্টস পণ্য পরিবহনের সঙ্গে সম্পৃক্ত কাভার্ডভ্যানের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে সখ্যতা গড়ে তোলে এবং অল্প সময়ে অধিক অর্থ উপার্জনের প্রলোভন দেখিয়ে গার্মেন্টস পণ্য চুরির কাজে উৎসাহিত করে। প্রতিটি চুরির ঘটনার আগে ড্রাইভারদের মাধ্যমে বিদেশে রাপ্তানিকৃত গার্মেন্টস পণ্যের স্যাম্পল নিয়ে চোরাই পণ্যের সম্ভাব্য বিক্রয়মূল্য নির্ধারণ করা হতো।

রপ্তানি করা পণ্য চুরির নির্দেশ দেওয়া হয় যেভাবে-
ব্রাজিলে রপ্তানি করা পণ্য চুরির ঘটনাও শাহেদের নির্দেশে সংঘটিত হয়। গত বছরের ২৯ অক্টোবর গাজীপুর থেকে গার্মেন্টস পণ্য কাভার্ডভ্যানে লোড করে সন্ধ্যায় চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে যাত্রা করে। কাভার্ডভ্যানে পণ্য লোডের পর গার্মেন্টস কর্তৃপক্ষ ড্রাইভার শাহজাহানের কাছে স্যাম্পল হিসেবে কিছু সোয়েটার দেয়। ড্রাইভার শাহজাহান স্যাম্পল পাওয়ার পরপরই ছবি তুলে মোবাইলের মাধ্যমে মূলহোতা শাহেদের কাছে পাঠায়। শাহেদ স্যাম্পল পেয়ে এই চুরির ঘটনা বাস্তবায়নকারী আসামি তাওহিদুল ওরফে কাওছার ওরফে বড় কাওছারের কাছে পাঠায় এবং পণ্যের গুণগত মান ও বাজারমূল্য বিবেচনা করে এই চালানটিতে চুরির নির্দেশ দেয়।

 

৩০-৩৫ শতাংশ পণ্য সরিয়ে ফের প্যাকেজিংয়ের পর বন্দরে পাঠাতো তারা-
মাস্টারমাইন্ড শাহেদের নির্দেশে কাওছার ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করে চুরির মূল প্লট বাস্তবায়ন করে। পরিকল্পনা অনুযায়ী কাওছারের নির্দেশে ড্রাইভার ও হেলপার ২৯ অক্টোবর মধ্যরাতে ডেমরা থানাধীন মিরপাড়াস্থ আয়েশা প্যাকেজিং ভবনের গোডাউনে কাভার্ডভ্যানটি পার্ক করিয়ে এ চুরির ঘটনা ঘটায়। আগে থেকে আয়েশা প্যাকেজিং ভবনের গোডাউনে অপেক্ষারত কুলি সর্দার নাজিম, স্থানীয়ভাবে সেল্টারদাতা মাসুম ওরফে মাসুদসহ অজ্ঞাতনামা ৫/৭ জন লেবার নিয়ে মূলহোতা কাওছার প্রত্যেকটি কার্টন থেকে ৩০-৩৫ শতাংশ পণ্য সরিয়ে পুনরায় প্যাকেজিং করে কাভার্ডভ্যানটি বন্দরের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়।

 

এ ঘটনায় কার্টন প্যাকেজিংয়ে অত্যন্ত দক্ষ কুলি সর্দার নাজিম অন্য লেবারদের নিয়ে কাভার্ডভ্যান থেকে কার্টন আনলোড থেকে শুরু করে কার্টন থেকে পণ্য সরিয়ে পুনরায় প্যাকেজিং এবং কাভার্ডভ্যানে কার্টন লোডের কাজটি করে থাকে।

 

এ চুরির ঘটনার সঙ্গে জড়িত কাওছার, নাজিম ও মাসুম ওরফে মাসুদকে রাজধানীর ডেমরা থেকে গত ২৪ ডিসেম্বর র‌্যাব-৪ অন্য একটি গার্মেন্টস পণ্য চুরির ঘটনায় হাতেনাতে গ্রেফতার করে। তারা বর্তমানে জেলহাজতে রয়েছে।

কমান্ডার খন্দকার আল মঈন আরও বলেন, গ্রেফতার শাহেদ চট্টগ্রামে থাকাকালে ১৯৯৬ সালে দুটি ট্রাক কিনে লোকাল ব্যাবসা শুরু করে এবং ২০০৪ সালে ট্রাক দুটি বিক্রি করে চারটি কাভার্ডভ্যান কিনে গার্মেন্টস পণ্য পরিবহন শুরু করে। সে কাভার্ডভ্যানের ড্রাইভার এবং হেলপারদের প্রলোভন দেখিয়ে তাদের সহায়তায় গার্মেন্টস পণ্য চুরির কার্যক্রমের জন্য একটি সংঘবদ্ধ চোরচক্র তৈরি করে। ২০১৮ সাল পর্যন্ত সে নিজেই সশরীরে উপস্থিত থেকে চুরির কার্যক্রম চালিয়ে যায়।

 

২০১৮ সালের পর শাহেদ পর্দার আড়ালে থেকে চুরির কার্যক্রম নিয়ন্ত্রণ শুরু করে এবং প্রতিটি চুরির ঘটনায় আয় করা অর্থের সর্বোচ্চ অংশ পেতো সে। শাহেদ গত দেড় যুগের বেশি সময় ধরে এই গার্মেন্টস পণ্য চুরির জগতে মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে। মৌলভীবাজার শহরে সাহেদের প্রায় ১৫-২০ কোটি টাকা মূল্যের একটি বাড়ি রয়েছে। মৌলভীবাজারের দূর্লভপুরে প্রায় ২০ একর জমির উপরে মাছের খামারসহ বিশাল দুটি হাঁস-মুরগির খামারও রয়েছে তার। এছাড়াও বর্তমানে তার নিজস্ব চারটি কাভার্ডভ্যানসহ সহযোগীর আরও ১৫টি কাভার্ডভ্যান রয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৭-১৮টি গার্মেন্টস পণ্য চুরির মামলা রয়েছে। অধিকাংশ মামলায় সে কারাভোগ করেছে। এমনকি তার বিরুদ্ধে আদালতে ছয়টি মামলার বিচারকাজও চলমান রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরিচালক সাহাব উদ্দীনের সাথে শুভেচ্ছা বিনিময়

মিরসরাই প্রতিনিধি
বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পাওয়া আবু ছালেহ মুহম্মদ সাহাব উদ্দীনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেড মিরসরাই শাখার কর্মকর্তাবৃন্দ। শুক্রবার ( ৩ (ফেব্র্রুয়ারি) বিকেলে উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামে উনার বাড়িতে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক লিমিটেড মিরসরাই শাখা প্রধান ও এসএভিপি মোহাম্মদ নঈমুল আলম, শান্তিরহাট বাজার উপশাখা ইনচার্জ ও সিনিয়র অফিসার মো: শরফু উদ্দীন, মিরসরাই শাখার অফিসার শরিফুল ইসলাম, মিরসরাই প্রেসক্লাবের সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন।

উল্লেখ্য, সাহাব উদ্দীন গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হতে পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। তিনি মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের রহমতাবাদ গ্রামের একটি মুসলিম পরিবারে জম্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম মোঃ আবুল বাশার একজন সমাজকর্মী ছিলেন।