রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 15

ইস্ট ওয়েস্ট সীডের বীজ ব্যবহার করে স্বল্প সময়ে বেশি ফলনে খুশি কৃষকরা

 

মিরসরাই প্রতিনিধি:
‎বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ। এদেশের শতকরা ৭৫ ভাগ মানুষ গ্রামে বাস করে। অনাদিকাল থেকেই এদেশের মানুষ কৃষির উপর নির্ভরশীল। তবে এখনও এদেশের কিছু কৃষক সাধারণত সনাতন পদ্ধতিতে চাষাবাদ করে থাকে। তবে বর্তমানে বেশিরভাগ কৃষক বিভিন্ন আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পূর্বের তুলনায় ফলন বেশি বাড়াতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় প্রযুক্তির সাথে তাল মিলিয়ে ইস্ট-ওয়েস্ট সীড এর বীজ স্বল্প সময়ে বেশি ফলনে প্রান্তিক কৃষকদের স্বপ্ন পূরণে সক্ষম হয়েছে । ইতিমধ্যে ইস্ট ওয়েস্ট সীডের বিভিন্ন ফসল উৎপাদন করে বাজারজাত করে কৃষকদের মাঝে ব্যাপক সাড়া ফেলছে। রবিবার দুপুরে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ইস্ট ওয়েস্ট সীডের নিজস্ব ট্রায়াল ফার্মের আয়োজনে উন্মুক্ত মাঠ দিবসে কৃষকরা এসব কথা বলেন। ইস্ট ওয়েস্ট সীডের প্রোডাক্ট ডেভলপমেন্ট ম্যানেজার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশে জনসংখ্যার সাথে সাথে বাড়ছে ঘরবাড়ি। যার কারনে কমছে কৃষি জমি। যুগের সাথে তাল মিলিয়ে আধুনিকতার ছোঁয়ায় কৃষকরাও এখন অনেকটা এগিয়ে। কৃষকদের চিন্তাধারা কিভাবে অল্প সময়ে ভালো ফলন পাওয়া যায়। ইস্ট ওয়েস্ট সীডের প্রদর্শনীতে আগত কৃষকদের ভাষ্যমতে প্রমাণ করে যে, সঠিক দিকনির্দেশনা ও প্রযুক্তি থাকলে বাংলাদেশের কৃষি খাত শুধু দেশের খাদ্য চাহিদা পূরণ করবে না, বরং বিশ্ব বাজারেও প্রতিযোগিতায় এগিয়ে যাবে।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট সীডের কান্ট্রি ম্যানেজার মোস্তফা কামাল, প্রোডাক্ট ম্যানেজার মহিবুল্লাহ ইবনে হক ও রিজিওনাল ম্যানেজার জুলফিকার হাবিব।
‎উন্মুক্ত মাঠ দিবসে ১৫ টি ফসলের ৪৮ টি জাত প্রদর্শিত হয়েছে। ফসলগুলো হল, করলা, লাউ, ঝিঙ্গা, ধুন্দল, মিষ্টি কুমড়া, চালকুমড়া, চিচিংগা, মরিচ, ঢেড়শ, সুইট কর্ন, বরবটি, টমেটো, বেগুন, গাধা ফুল, তরমুজ।

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির কিডস কুরআন ডিপ্লোমা (গ্রেড টু) ও কিডস কুরআন গ্র্যাজুয়েশন (গ্রেড ফাইভ ) এর প্রথম গ্র্যাজুয়েশন সিরিমনি সম্পন্ন হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার কাটাছড়া ইউনিয়নের বামনসুন্দর দারোগারহাট মানার সিটিতে দিনব্যাপী অনুষ্ঠান মানারুল কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. ইবরাহিম আবু আরাবি’র সভাপতিত্বে বাংলা ভাষায় আবুল হোসেন, ইংরেজি ভাষায় নজরুল হক ও আরবি ভাষায় আইনুল হকের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম. ফজলুল হক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যারেন্টস ও টিচারস রিপ্রেজেন্টেটিভ আবদুস সালাম তালুকদার, কমিটি মেম্বার প্রফেসর আনিছুর রহমান খন্দকার, ফাউন্ডার প্রিন্সিপাল মাওলানা কোব্বাদ আহম্মদ, মাদার অক্সফোর্ড স্কুল ঢাকা শাখার ফাউন্ডার প্রিন্সিপাল রিভা খন্দকার, শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন সুলতানা, মাদার অক্সফোর্ড স্কুলের গার্ডিয়ান এন্ড স্টুডেন্ট সুপারভাইজার তানজিনা খন্দকার, নিজামপুর সরকারি কলেজের অধ্যাপক শাহ মোহাম্মদ আবু তৈয়ব, ফাউন্ডিং ডিরেক্টর ফাতেমা আরাবি, ইঞ্জিনিয়ার কাজী শাহাদাত হোসেন।

স্বাগত বক্তব্য রাখেন সুপার এডমিন মু. জিয়া উদ্দিন, অভিভাবক প্রতিনিধি হামিদুল ইসলাম। এসময় বক্তারা তিন ভাষায় অনুভ‚তি ব্যক্ত করেন কিডস কুরআন ডিপ্লোমা ও কিডস কুরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটরা। এছাড়া স্টুডেন্ট অব দ্য ইয়ার মোমেনা জান্নাত নাভা, এ্যাটেন্ডডেন্স এক্সিলেন্ট এ্যাওয়ার্ড আয়ান আল আয়মান, লিডারশীপ একাডেমিক এক্সিলেন্স এ্যাওয়ার্ড উম্মে হাবিবা সুমাইয়া, ইমপ্রæভমেন্ট এ্যাওয়ার্ড রুফাইদা আক্তার, ক্লাশ এ্যাচিভমেন্ট এ্যাওয়ার্ড আহনাফ মাহমুদ, তানজিমুল হক, ফরহাদ হোসেনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।

দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল কেক কাটা, গ্র্যাজুয়েশন সম্পন্ন করা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন, যৌথ আবৃত্তি, যৌথ কোরআন তেলাওয়াত, নাশিদ পরিবেশন, জাতীয় সংগীত পরিবেশন, গাউন পরিধান ও টুপি উড়ানো, স্কাউট সংগীত পরিবেশন ও পুরস্কার বিতরন।

অনুষ্ঠানে কিডস্ কোরআন ডিপ্লোমা ও কিডস্ কোরআন গ্র্যাজুয়েশনের গ্র্যাজুয়েটদের হাতে সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

মিরসরাইয়ে স্বেচ্ছায় সড়ক সংস্কার করলো কৃষকদল

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাই উপজেলার মায়ানী ইউনিয়নের দীর্ঘদিন অবহেলায় পড়ে থাকা একটি গুরুত্বপূর্ণ সড়ক স্বেচ্ছায় সংস্কার করেছে কৃষকদল। মায়ানী ইউনিয়ন ও মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের যৌথ উদ্যোগে এই সড়কটি সংস্কার কাজ শুরু করা হয়। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সরকারটোলা এলাকার মানিক সরকারলাল সড়কে এই সংস্কার কাজে অংশ নেন মিরসরাই উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন।

সড়কটি দীর্ঘদিন ধরে খানাখন্দে ভরা থাকায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে যেত।

স্থানীয়দের অভিযোগ, বিএনপি অধ্যুষিত এলাকা হওয়ায় গত প্রায় ১৭ বছরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি। ফলে বাধ্য হয়েই স্থানীয় কৃষকদলের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে এই সংস্কার কাজ শুরু করা হয়।

উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। তার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। জনদুর্ভোগ লাঘবের জন্যই স্বেচ্ছায় এই সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছি। কৃষকদল ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজে অংশ নেবে।

এসময় মায়ানী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. সাহেদ আহসান, মঘাদিয়া ইউনিয়ন কৃষকদলের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম শাহীন, মায়ানী ইউনিয়ন কৃষকদলের সহ-সভাপতি রাকিবুল ইসলাম, প্রচার সম্পাদক মো. মুসাসহ নেতাকর্মীরা কাজে অংশ নেন।

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি

সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সামাজিক সংগঠন নবদিগন্ত মিরসরাই।

শনিবার (২৭ ডিসেম্বর) উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়নের পূর্ব পোলমোগরা গ্রামের আয়েশা আলী নূরীয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা আলিফ হাসান মেহেরাজ বলেন, ‘নবদিগন্ত মিরসরাই’ সবসময় আর্তমানবতার সেবায় কাজ করতে বদ্ধপরিকর। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এতিম ও হাফেজ শিক্ষার্থীদের কিছুটা হলেও উষ্ণতা দেবে বলে আমাদের বিশ্বাস। ভবিষ্যতেও আমাদের এ ধরনের মানবিক কর্মকাণ্ড অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।

সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজের প্রভাষক প্রকৌশলী ওমর ফারুক, খৈয়াছড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন, সামাজিক সংগঠন ‘জাগ্রত প্রতিভা’র সভাপতি গোলাম মর্তুজা, ‘প্রজন্ম মীরসরাই’য়ের ২০২৬ সেবাবর্ষের সভাপতি শাহেদ নূর, উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদুল আলম শাহীন, সাংবাদিক ইব্রাহিম বাদশা, সমাজকর্মী মোঃ আব্দুল্লাহ ও নুর মোহাম্মদ জাকারিয়া।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নবদিগন্ত মিরসরাইয়ের সহ-সভাপতি সাইফুল ইসলাম আকিব, আরাব ভূইয়া, মোহাইমিনুল রাফি, রকি দাস, আজিজ চৌধুরী এবং মাদ্রাসার শিক্ষক হাফেজ জহিরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মাদ্রাসার এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক তুলে দেন অতিথিবৃন্দ।

 

 

চট্টগ্রামে ৩টি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন

 

চট্টগ্রামে তিনটি আসনে বিএনপির প্রার্থী পরিবর্তন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম জেলায় ঘোষিত প্রার্থী তালিকায় পরিবর্তন এনেছে বিএনপি।

বিএনপি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-৪ আসনে আসলাম চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনে সাইদ আল নোমান, চট্টগ্রাম-১১ আসনে আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মনোনয়ন দিয়েছে দলটি।

এর আগে, গত ৩ নভেম্বর চট্টগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোহাম্মদ সালাউদ্দিনের নাম ঘোষণা করেছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের মাঠের চূড়ান্ত লড়াইয়ে অংশ নিতে দলটির পক্ষ থেকে এবার বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ আসলাম চৌধুরীকে মনোনীত করা হয়েছে।

চট্টগ্রাম-১০ আসনে মননোয়ন পেয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বর্তমানে তাকে চট্টগ্রাম-১১ আসনে প্রার্থী করা হয়েছে। গত ৩ নভেম্বর এই আসনটি ফাঁকা রেখেছিল বিএনপি।

অপরদিকে চট্টগ্রাম-১০ আসনে এখন দলটির প্রার্থী করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের সভাপতি সাইদ আল নোমানকে।

১৯ বছর পর বাবার কবরে তারেক রহমানের শ্রদ্ধা কান্নায় ভেঙে পড়েন

বিএম ডেস্ক
দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফেরার পরদিন বাবা ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানালেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৯ বছর পর বাবার স্মৃতিধন্য এই স্থানে ফিরে এক আবেগঘন পরিস্থিতির সৃষ্টি হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত শহীদ জিয়ার কবরে পৌঁছান এবং জিয়ারত সম্পন্ন করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, এর আগে ২০০৬ সালের ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে তারেক রহমান এখানে শেষবার শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর রাজনৈতিক পটপরিবর্তন ও দীর্ঘ প্রবাস জীবনের কারণে আর আসা সম্ভব হয়নি।
এর আগে গতকাল (বৃহস্পতিবার) দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরেন তারেক রহমান। ফেরার দিন রাজধানীর পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় দলের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। এরপর অসুস্থ মা’কে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান এবং সেখান থেকে নিজ বাসভবনে ফেরেন।
আজ দুপুর থেকেই তারেক রহমানের জিয়ারতকে কেন্দ্র করে চন্দ্রিমা উদ্যান ও মাজার এলাকায় নেতাকর্মীদের উপচে পড়া ভিড় দেখা যায়। ব্যানার-ফেস্টুন হাতে কয়েক হাজার নেতাকর্মী সেখানে উপস্থিত হন। বিশৃঙ্খলা এড়াতে এবং তারেক রহমানের নিরাপত্তায় পুলিশ, বিজিবি, আনসারসহ সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
জিয়ারতকালে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন– বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং দলের কেন্দ্রীয় পর্যায়ের শীর্ষ নেতারা।
কবর জিয়ারত শেষে সাভার জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি তারেক রহমানের শ্রদ্ধা জানানোর কথা রয়েছে।

তারেক রহমানের আগমনে মিরসরাইয়ে মিষ্টি বিতরণ

 

মিরসরাই  প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে মিরসরাইয়ে মিষ্টি বিতরণ করা হয়েছে। এ সময় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলা সাহেরখালী ইউনিয়নের ভোরের বাজার শহীদ জিয়া স্মৃতি সংসদে নেতা-কর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

এছাড়া উপজেলার ইছাখালী ইউনিয়নে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে অংশগ্রহণকারীরা তারেক রহমানের আগমনকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে উল্লেখ করেন এবং দলীয় নানা স্লোগান দেন।

এ সময় বিএনপির নেতাকর্মীরা বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশে গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এমন প্রত্যাশা থেকেই এ আনন্দ আয়োজন।

বিএনপি নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী জাদু মিয়া বলেন, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সারাদেশে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর তারেক রহমানের নেতৃত্ব সরাসরি মাঠপর্যায়ে প্রতিফলিত হতে যাচ্ছে এতে গণতন্ত্রকামী মানুষের আশা নতুন করে জেগে উঠেছে। তার আগমন দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক পরিবর্তন আনবে বলে তারা বিশ্বাস করেন তিনি।

মিষ্টি বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাহেরখালী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক শাহাজান খোকন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোশারফ হোসেন, জাসাস সাধারণ সম্পাদক এমরান হোসেন, বিএনপি নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী যাদু মিয়া, চট্টগ্রাম উত্তরজেলা জিয়া মঞ্চের সদস্য আবু ছালেক চৌধুরী, ছাত্রনেতা সাইফুল, লোকমান সহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ।

এর আগে সকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে এক সন্ধিক্ষণে দেশে ফিরছেন।

 

মিরসরাইয়ে সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেতু’র উদ্যোগে দ্বিতীয় বারের মতো আয়োজিত ‘সেতু প্রাথমিক শিক্ষা সমাপনী মেধা বৃত্তি পরীক্ষা -২০২৫’ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে সেরা সাত (০৭) জন কে ট্যালেন্টপুল গ্রেডে এবং সাধারণ গ্রেডে ৩৩ জন বৃত্তিপ্রাপ্ত সহ মোট ৪০ জন শিক্ষার্থীদের নাম ঘোষণা করেন বৃত্তি পরীক্ষার আহ্বায়ক কমিটির পরীক্ষা নিয়ন্ত্রক শিক্ষক রাজেষ বড়ুয়া।

ট্যালেন্টপুল গ্রেডে প্রথম স্থান অর্জন করেন সৈদালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইজা আজমাইন। দ্বিতীয় স্থান অধিকার করেন সরকারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফাইরুজ হুমায়রা। তৃতীয় স্থান অধিকার করেন গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সাফিয়া আহমেদ। চতুর্থ পশ্চিম মায়ানী হাজীপাড়া নুরিয়ার শিক্ষার্থী তাজিয়াত জাহান ইসমিতা। ৫ম স্থান অধিকার করেছেন মধ্যম মায়ানীর শিক্ষার্থী এম সাইফুল্লাহ, ষষ্ঠ স্থান দক্ষিণ হাইতকান্দি চৌধুরীপাড়ার শিক্ষার্থী নওশীন হোসাইন নিদী, সপ্তম স্থান উত্তর ওয়াহেদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ঐন্দ্রিলা দাশ।

মেধা অনুসারে সাধারণ গ্রেডে বৃত্তিলাভ করেন যথাক্রমে সূর্য বড়ুয়া, আরিয়ানা নূদরাত, মোছাম্মদ ফাতেমা জান্নাত, তাসনিম, তাফাননুম আতিকা হক, আবদুল বারেক,ফারহা জাহিন আতিকা, রায়হানুল ইসলাম জিহান, নুসাইবা আলম,নাফিসা নাওয়াল তাঈফা, অরুনিমা বড়ুয়া, আইমান নায়েফ, শায়নীকা বড়ুয়া, ইমতিয়াজ আহম্মেদ, ছামিয়া মোস্তফা, রোকসানা রাহিম,প্রদীপ্ত দেব নাথ, বিথী রাণী দেবী, পূজা ভৌমিক, নুছরাত জাহান, ফাহাদ মাহমুদ, ঊর্মিলা কর্মকার, তাকছিন তাহাছিন, হুমায়রা মারিয়াম,সত্যজিত বড়ুয়া, পূর্ণতা দাশ, কাউছার উদ্দিন, মোছাম্মৎ ফাবিহা রুষজ চৌধুরী, ত্রিভূমী দাশ, নাজনীন সুলতানা, হিমন বড়ুয়া, আসপিয়া জান্নাত, রিমন বড়ুয়া।

আয়োজকরা জানান, এই বৃত্তি পরীক্ষা লিখিত পদ্ধতিতে হওয়াতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা ও সরকারি বৃত্তি পরীক্ষার প্রস্তুতিতে উল্লেখযোগ্য সহযোগিতা করেছে। শিক্ষার্থীরা নিজেদের মেধা যাচাইয়ের সুযোগ পেয়েছে এবং নিজ নিজ ত্রুটি সমূহ সংশোধনের সুযোগ সৃষ্টি হয়েছে।

মেধা ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন পরীক্ষা কমিটির আহবায়ক স্বর্ণকমল বড়ুয়া, সদস্য সচিব শিক্ষক রিগান বড়ুয়া, সভাপতি সৈকত বড়ুয়া, সাধারণ সম্পাদক বাবু হৃদয় বড়ুয়া সহ সংগঠনের সদস্যবৃন্দ।
গত ২৯ নভেম্বর উপজেলার ১৩ নং মায়ানী, ১৪ নং হাইতকান্দি, ১৫ নং ওয়াহেদপুর এবং ১৬ নং সাহেরখালী ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীবৃন্দ এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।

 

মিরসরাইয়ে আনন্দ মিছিল শেষে বিএনপি নেতার মৃত্যু

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের মিরসরাইয়ে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল শেষে আবুল বশর (৬০) নামে বিএনপির এক প্রবীণ নেতার মৃত্যু হয়েছে৷ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকায় এই ঘটনা ঘটেছে। আবুল বশর ইছাখালী ইউনিয়নের টেকেরহাট এলাকার আহম্মদ সোবহানের পুত্র৷

খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইছাখালী ইউনিয়নের টেকেরহাট বাজারে আবুল বশরের নেতৃত্বে আনন্দ মিছিল শেষে নেতাকর্মীরা সবাই ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে বসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি৷ মুহূর্তের মধ্যেই তিনি লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে নেতাকর্মীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন৷

চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ও ইছাখালী ইউনিয়নের বাসিন্দা আব্দুল্লাহ আল নোমান বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকেরহাট বাজারে আনন্দ মিছিল শেষে জিয়া স্মৃতি সংসসদে বসলে হটাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আমাদের দলের নিবেদিত প্রাণ ছিলেন। বৃদ্ধ বয়সেও দলীয় কোন কর্মসূচি মিস মিস করতেন না। উনার মৃত্যুতে সবার মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

দলের নিবেদিত প্রাণ আবুল বশরের মৃত্যুতে শোক প্রকাশ ও উনার শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক বলেন, ইছাখালীতে বিএনপির এক নেতা মিছিল শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে শুনেছি৷ খোঁজ খবর নিচ্ছি।

এমএমডি
এম মাঈন উদ্দিন, মিরসরাই।
০১৮১৫৫০০৭০৫।

আন্তর্জাতিক গণমাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার খবর

গণসংবর্ধনার মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলে
গণসংবর্ধনার মঞ্চে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর পূর্বাচলেছবি: তানভীর আহাম্মেদ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরেছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৩৯ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর ৩০০ ফুটের জুলাই-৩৬ এক্সপ্রেসওয়েতে গণসংবর্ধনায় লাখ লাখ কর্মী ও সমর্থকদের উদ্দেশে বক্তৃতা করেন।

লাখো সমর্থকের উদ্দেশে তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের শান্তিশৃঙ্খলা রক্ষা করতে হবে। তাঁর দেশে ফেরা নিয়ে আজ বৃহস্পতিবার বেশ গুরুত্বের সঙ্গে প্রতিবেদন প্রকাশ করেছে রয়টার্স, এএফপি, নিউইয়র্ক টাইমসসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যম। অধিকাংশ গণমাধ্যমে তাঁকে ‘সম্ভাব্য প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করা হয়েছে। উল্লেখযোগ্য কয়েকটি গণমাধ্যমে তাঁর দেশে ফেরার খবর নিচে তুলে ধরা হলো।

রয়টার্স

বার্তা সংস্থা রয়টার্সের শিরোনাম—‘নির্বাচনের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

খবরে বলা হয়েছে, প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, এমন প্রত্যাশা দলটির। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদের অন্যতম প্রতিদ্বন্দ্বী বলে মনে করা হচ্ছে।

বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থল পর্যন্ত পথে লাখ লাখ সমর্থককে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দলীয় পতাকা নাড়াতে দেখা যায়। তাঁরা প্ল্যাকার্ড, ব্যানার ও ফুল হাতে নিয়ে তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দেন। কঠোর নিরাপত্তার মধ্যে বিএনপির শীর্ষ নেতারা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান।

৬০ বছর বয়সী তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে। খালেদা জিয়া বর্তমানে অসুস্থ। তারেক রহমান ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করছেন। ২০১৮ সাল থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের নেতৃত্ব দিয়ে আসছেন।

তারেক রহমান বিমানবন্দর থেকে বের হয়ে জুতা খুলে খালি পায়ে দেশের মাটিতে পা রাখেন এবং একমুঠো মাটি হাতে তুলে নেন। এরপর সংবর্ধনাস্থলে যাওয়ার সময় তাঁকে বহনকারী বাসে চালকের আসনের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এ সময় তিনি হাসিমুখে হাত নেড়ে মানুষের অভিবাদনের জবাব দেন। ভিড়ের মধ্যেও নেতাকে একনজর দেখার জন্য উম্মুখ হয়ে ওঠেন সমর্থকেরা।

এএফপি

বার্তা সংস্থা এএফপির শিরোনাম—‘সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে পৌঁছেছেন’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর বিপুলসংখ্যক উচ্ছ্বসিত সমর্থকের সংবর্ধনার মধ্য দিয়ে বাংলাদেশে ফিরেছেন সম্ভাব্য প্রধানমন্ত্রী ও প্রভাবশালী রাজনৈতিক নেতা তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে এবং বিএনপির উত্তরাধিকারী হিসেবে বিবেচিত তারেক রহমান ঢাকার বিমানবন্দরে অবতরণের পর দলের নেতাদের সঙ্গে হাত মেলান। এ সময় তাঁর স্ত্রী ও মেয়ে সঙ্গে ছিলেন।

তারেক রহমানকে স্বাগত জানাতে বৃহস্পতিবার ভোর থেকেই বিএনপির সমর্থকেরা রাজধানী ঢাকায় জড়ো হতে শুরু করেন। তারেক রহমানের ছবিসংবলিত ব্যানার ও ফেস্টুনে সড়কগুলো ভরে ওঠে। এ সময় লাউডস্পিকারে দেশাত্ববোধক গান বাজানো হয়।

উড়োজাহাজে অবস্থানকালে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান
উড়োজাহাজে অবস্থানকালে তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানছবি: বিএনপির মিডিয়া সেল

বিবিসি

যুক্তরাজ্যের প্রভাশালী সংবাদমাধ্যম বিবিসির শিরোনাম—‘১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদপ্রার্থী’। খবরে বলা হয়েছে, ১৭ বছর নির্বাসনে থাকার পর জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে ফিরেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে থাকা তারেক রহমান।

তারেক রহমানের নেতৃত্বে আগামী বছর অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার মধ্য দিয়ে ক্ষমতায় ফিরতে চায় বিএনপি। ২০০৮ সাল থেকে লন্ডনে বসবাস করা তারেক রহমান দেশের নতুন নেতা হতে পারেন বলে মনে করা হচ্ছে।

আল-জাজিরা

আল-জাজিরার শিরোনাম—‘বাংলাদেশের বিরোধীদলীয় নেতা তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন’। খবরে বলা হয়েছে, দীর্ঘদিন বাংলাদেশের ক্ষমতায় থাকা পরিবারের উত্তরাধিকারী এবং দেশের প্রভাবশালী বিরোধী দলের নেতা তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন।

৬০ বছর বয়সী তারেক রহমান বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী। ২০০৮ সালে দেশ ছাড়ার পর থেকে তিনি লন্ডনে ছিলেন। রাজনৈতিক উদ্দেশ্যে তাঁর ওপর নিপীড়ন চালানো হয়েছিল বলে অভিযোগ করেছিলেন তিনি।

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী পদে তারেক রহমানকে শীর্ষ প্রতিযোগী হিসেবে দেখা হচ্ছে। ২০২৪ সালে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুতির পর তিনি দেশে ফেরায় বিএনপিতে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

দ্য নিউইয়র্ক টাইমস

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দ্য নিউইয়র্ক টাইমসের শিরোনাম—‘১৭ বছর নির্বাসনে থাকার পর বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তন’। খবরে বলা হচ্ছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দীদের একজন তারেক রহমান বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। তিনি প্রায় দুই দশক ধরে নির্বাসনে ছিলেন। দেশে তাঁকে একাধিক মামলা মোকাবিলা করতে হয়েছিল। পুরোদমে নির্বাচনী মৌসুম শুরুর প্রাক্কালে তিনি দেশে ফিরলেন।

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব পরিবর্তন হয়ে গেছে। ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় তারেক রহমানের বিরুদ্ধে কয়েক ডজন মামলা করেছিলেন। বিএনপির নেতা-কর্মীদের ওপর নিপীড়ন চালিয়েছেন। এখন তিনিই ভারতে নির্বাসনে আছেন। গত বছর তাঁকে ক্ষমতাচ্যুত করার পর তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

দ্য হিন্দু

ভারতের প্রভাবশালী দৈনিক দ্য হিন্দুর শিরোনাম—‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঢাকায় অবতরণ’। প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয় সংসদ নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ঢাকায় ফিরেছেন।

প্রতিবেদনে বলা হয়, ১৭ বছর পর এমন এক সময় তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করেছেন, যখন নতুন ধরনের অশান্তি ও রাজনৈতিক অস্থিরতা দেশকে গ্রাস করেছে। জনপ্রিয় তরুণ নেতা শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ড ঘিরে বাংলাদেশে সহিংস প্রতিবাদের ঘটনা ঘটেছে।

এতে আরও বলা হয়, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানও তাঁর সঙ্গে ছিলেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাচলে ৩০০ ফুটে সংবর্ধনাস্থলের দিকে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানছবি: বিএনপির মিডিয়া সেল থেকে

ডন

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের শিরোনাম—‘১৭ বছর নির্বাসনের পর নির্বাচনের আগে দেশে ফিরলেন বাংলাদেশের সম্ভাব্য প্রধানমন্ত্রী প্রার্থী’।

প্রতিবেদনে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসনে থাকার পর বৃহস্পতিবার ঢাকায় ফিরেছেন। দলটির আশা, তাঁর এই প্রত্যাবর্তন সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী পদে শীর্ষ প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই: তারেক রহমান

বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ দাঁড়ান তারেক রহমান। পরে তিনি একমুঠো মাটি তুলে নেন
বিমানবন্দর থেকে বেরিয়ে খালি পায়ে ঘাসের ওপর কিছুক্ষণ দাঁড়ান তারেক রহমান। পরে তিনি একমুঠো মাটি তুলে নেনছবি: বিএনপি ফেসবুক পেজ থেকে

এনডিটিভি

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির শিরোনাম—‘খালেদা জিয়ার ছেলে তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন’। খবরে বলা হয়েছে, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান প্রায় ১৭ বছরের নির্বাসনে থাকার পর দেশে ফিরেছেন। ঢাকার বিমানবন্দরে তাঁকে ও তাঁর পরিবারকে স্বাগত জানান বিএনপির হাজার হাজার সমর্থক।

তারেক রহমানকে স্বাগত জানাতে বিএনপির সমর্থক ও দলের নেতা-কর্মীরা বনানী-বিমানবন্দর সড়ক ধরে পায়ে হেঁটে ঢাকার বিমানবন্দরের দিকে যান।

এর আগে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রার সময় তারেক রহমান, স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীতে ৫০ লাখের বেশি মানুষের অংশগ্রহণে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়।