বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 645

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলন আটক

নিজস্ব প্রতিনিধি
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলনকে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী নাজমুন নাহার বেবি।

তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, বৃহস্পতিবার দিবাগত রাতে চট্টগ্রামের চকবাজারের একটি বাড়ি থেকে মিলনকে আটক করা হয়।

জানা গেছে, চাঁদপুর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল চট্টগ্রাম নগরের চকবাজার থানার একটি বাসায় অভিযান চালিয়ে মিলনকে আটক করে।

জানা গেছে, তার বিরুদ্ধে চাঁদপুরে আদালতে ২৮টি মামলা বিচারাধীন। গত মঙ্গলবার চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালতে একটি জিআর মামলায় হাজির হওয়ার কথা ছিল তার। কিন্তু আদালতে যাননি তিনি।

মামলার বিবরণ থেকে জানা যায়, বিদেশে যাওয়ার আগে সব মামলায় জামিনে ছিলেন মিলন। কিন্তু দীর্ঘদিন বিদেশে থাকার কারণে এসব মামলায় হাজিরা দিতে পারেননি। এ জন্য ২৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

আওয়ামী লীগের প্রার্থী তালিকা নিয়ে ধোয়াশা

 

নিউজ ডেস্ক..
নির্বাচনের জন্য আওয়ামীলীগ আনুষ্ঠানিকভাবে প্রার্থী তালিকা এখনো প্রকাশ করেনি। কিন্তু দলীয় মনোনয়নপ্রত্যাশীরা তাদের নিজ নির্বাচনী এলাকায় মনোনয়ন প্রাপ্তির খবর প্রচার করে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণও করছে।

নেত্রকোনা-৫ (পূর্বধলায়) আসনে দুই দিন ধরে চলেছে আওয়ামী লীগের বর্তমান এমপি ওয়ারেসাত হোসেন বেলালের সমর্থকদের মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল। তিনি আবারো দলের মনোনয়ন পেয়েছেন দলীয় সভানেত্রীর স্বারিত এমন চিঠিও নাকি তাদের হাতে পৌঁছেছে। সেই সুবাদে এমপির কর্মীরা নিজ দলের অপর মনোনয়নপ্রত্যাশীর কর্মীদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। অন্য দিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রধান সমন্বয়ক মুহ. আবদুল হান্নান খানের সমর্থকেরাও মনোনয়ন পাওয়ার আশায় মাঠ চাঙ্গা রাখতে উপজেলা সদরসহ বিভিন্ন ইউনিয়নে মিছিল সমাবেশ অব্যাহত রেখেছেন।

কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে আওয়ামী লীগের চূড়ান্ত মনোনয়ন পাচ্ছেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। বিভিন্ন জাতীয় গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর দুই উপজেলার ২১টি ইউনিয়নে তার সমর্থকেরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।

নরসিংদী-২ (পলাশ) আসনে সাবেক এমপি ডা: আনোয়ারুল আশরাফ খান দিলীপের মনোনয়ন চূড়ান্ত হয়েছে এমন খবরে তার সমর্থকেরা আনন্দ উল্লাসে মেতে উঠেছেন। এলাকায় আনন্দ মিছিল করে মিষ্টি বিতরণ করা হয়।

লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর) আসনে একবার খবর আসে দলের কেন্দ্রীয় যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদ মনোনয়ন পাচ্ছেন। কখনো খবর আসে বিএমএ নেতা ডা: এহসানুল হক জগলুল মনোনয়ন পাচ্ছেন। আবার পাল্টা খবর আসে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যবসায়ী নেতা মোহাম্মদ আলী খোকন মনোনয়ন পেয়ে গেছেন। এই তিন প্রার্থীর সমর্থকদের আনন্দ উল্লাসের এমন নানা খবরের মধ্যেই সর্বশেষ খবর হচ্ছে, আসনটি জাতীয় পার্টিকেই ছেড়ে দেয়া হয়েছে।

আগামী নির্বাচনে দলীয় প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হলেও তা নিয়ে নিয়ে নানা ধরনের ধূম্রজাল সৃষ্টি হয়েছে। দেশের বিভিন্ন স্থানে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন মনোনয়নপ্রত্যাশীদের সমর্থকেরা। শুধু তা-ই নয়, দলের প্রতিদ্বন্দ্বী অপর মনোনয়নপ্রত্যাশীর সমর্থকদের হুমকি প্রদান ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়টিকে মিথ্যা দাবি করে বলেছেন, ‘এখন পর্যন্ত মনোনয়নের ব্যাপারে কাউকে নিশ্চয়তা দেয়া হয়নি। আওয়ামী লীগ নয়, কিছু মিডিয়া তাদের মনোনয়ন দিয়েছে। এর দায়-দায়িত্ব তাদের। জোটের সাথে আসন চূড়ান্ত করে কয়েক দিনের মধ্যে তালিকা ঘোষণা করা হবে।’

আওয়ামী লীগের নীতি-নির্ধারণী পর্যায়ের সূত্রগুলো জানায়, দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে আলোচনা হয়েছে। তবে এসব আসনে প্রার্থীদের ওপর পরিচালিত একাধিক জরিপের ওপর ভিত্তি করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সেট খসড়া তালিকা আগেই করে রেখেছেন। এর মধ্যে বিএনপি জোট নির্বাচনে এলে এক সেট এবং বিএনপি জোট নির্বাচন বর্জন করলে আরেক সেট। এখন মনোনয়ন বোর্ডের সভায় ওই দুই সেট সামনে নিয়েই প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে। তবে ১৪ দলীয় জোট ও মহাজোটের সাথে আসন ভাগাভাগির সুরাহা না হওয়ায় প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছে না আওয়ামী লীগ।

নীতি-নির্ধারণী পর্যায়ের দু’জন নেতা নাম প্রকাশ না করার শর্তে এ প্রতিবেদককে জানান, ‘মনোনয়ন বোর্ডের সভায় প্রায় সব আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়ে গেছে। আর বোর্ডের কোনো কোনো সদস্যের মারফতে সেই খবর কিছু মিডিয়া এবং মনোনয়নপ্রত্যাশীদের কাছেও চলে যাচ্ছেন। এসব খবর জেনেই তাদের সমর্থকেরা বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করছে। তবে কোনো কোনো আসনে খবর ছড়িয়ে পড়লে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যেও অসন্তোষ ছড়িয়ে পড়ে। ফলে এসব আসন নিয়ে নতুন করে আবারো চিন্তাভাবনা করা হচ্ছে।’

আওয়ামী লীগ ও সরকারের সূত্রগুলো বলছে, সরকারের শরিক ১৪ দল ও মহাজোটের সাথে আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত এখনো চূড়ান্ত করতে পারেনি আওয়ামী লীগ। শরিকদের আসন চাহিদা দেখে হিমশিম অবস্থায় পড়েছেন দলের নীতি-নির্ধারকেরা। সে জন্যই প্রার্থী ঘোষণায় দেরি হচ্ছে। তবে ২-৩ দিনের মধ্যেই এ তালিকা ঘোষণা করা হতে পারে।

এ ব্যাপারে জানতে চাইলে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য লে. কর্নেল (অব:) ফারুক খান বলেন, ‘মনোনয়নের ব্যাপারে কাউকে এখনো নিশ্চিত করা হয়নি। অনেক আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করা হলেও তার ওপর ঘষামাজার জন্য দলীয় প্রধান শেখ হাসিনার ওপর একক ক্ষমতা দেয়া হয়েছে। তিনি ইচ্ছা করলে সংযোজন বা বিয়োজন করতে পারবেন। আর নির্বাচন কমিশনের তফসিলের কারণে আগামী ২-১ দিনের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে।’

মনোনয়নপত্র নিলেন গনপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন

মিরসরাই প্রতিনিধি
দলের সবুজ সংকেত পেয়ে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে দলের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাঁর পক্ষে স্থানীয় নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রাকিবুজ্জামান রেনু জানান, বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এর আগে আওয়ামী লীগ থেকে মাহবুব রহমান রুহেল, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া ও খেলাফত মজলিস থেকে শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আতাউর রহমান জানান, আমরা উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের দলের নৌকা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরীসহ দলের গুরুত্বপূর্ণ নেতারা।

 

‘১৫ ডিসেম্বরের পর থেকে মাঠে থাকবে সশস্ত্রবাহিনীর ছোট টিম’

 

নিউজ ডেস্ক..

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে পুলিশের সঙ্গে মাঠে সশস্ত্রবাহিনীর একটি ছোট টিম কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা।

সশস্ত্রবাহিনীর এ টিমটি পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও জানান তিনি। তবে ১৫ ডিসেম্বররের পর ঠিক কোন দিন থেকে এ টিম কাজ করবে তা নির্দিষ্ট করেননি তিনি।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পুলিশের সহযোগিতাও কামনা করেন প্রধান নির্বাচন কমিশনার।

বৃহস্পতিবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ বৈঠকে তিনি এ কথা বলেন।

পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে সিইসি বলেন, ১৫ ডিসেম্বরের মধ্যে সশস্ত্র বাহিনীর একটি ছোট টিম আপনাদের সঙ্গে দেখা করবে। ১৫ ডিসেম্বর থেকে প্রতি জেলায় সশস্ত্র বাহিনীর ছোট টিম থাকবে, তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন।

এর আগে নির্বাচন ভবন অডিটোরিয়ামে সিইসির সভাপতিত্বে বৃহস্পতিবার পৌনে ১১টায় এ বিশেষ বৈঠক শুরু হয়।

সভায় প্রধান নির্বাচন কমিশনারসহ অপর ৪ কমিশনার ও ইসি সচিব এবং পুলিশের আইজি, জননিরাপত্তা বিভাগের সচিব, সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, উপ-মহাপুলিশ পরিদর্শক ও পুলিশ সুপাররা (এসপি) উপস্থিত রয়েছেন।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।

সাক্ষাতকার শেষ, কারা পাচ্ছেন বিএনপির মনোনয়ন?

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ শেষ করল বিএনপি। বুধবার শেষ দিনে ময়মনসিংহ, ফরিদপুর ও ঢাকা বিভাগের ৯৬০ জন মনোনয়নপ্রত্যাশী সাক্ষাত্কার দেন। চার দিনে প্রায় ২৬০০ প্রার্থী সাক্ষাত্কার দিয়েছেন। বুধবার সকাল হতে রাত প্রায় ১০টা পর্যন্ত গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। পুরো প্রক্রিয়ার সাথে লন্ডন হতে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, দলের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাত্কার গ্রহণ শেষ হলো। এখন চূড়ান্ত মনোনয়ন পেতে অপেক্ষা করতে হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা ও দলের সিদ্ধান্ত মেনে নেয়ার নির্দেশনা দিয়েছেন। এখন প্রার্থী চূড়ান্ত করবেন তিনি ও দলের হাইকমান্ড।

আজাদপুত্র ‘ডন সামাদ’ও ধানের শীষে নির্বাচন করবেন!

 

নিউজ ডেস্ক..
সুনামগঞ্জ-৩ আসন (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) থেকে পর-পর কয়েকটি জাতীয় নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন চেয়েছিলেন স্বাধীন বাংলার প্রথম পররাষ্ট্রমন্ত্রী আ’লীগের জাতীয় মরহুম জননেতা আলহাজ্জ আব্দুস সামাদ আজাদের পুত্র আজিজুস সামাদ আজাদ ডন। গত ২০ নভেম্বর সন্ধ্যায় প্রায় নিশ্চিত হয়ে গেছেন এবারো নৌকার মনোনয়ন থেকে তিনি বঞ্চিত হতে যাচ্ছেন। আওয়ামী লীগের মনোনয়ন না পেলে কর্মী-সমর্থকদের চাপে নির্বাচন করবেনই সামাদপুত্র আজিজুস সামাদ আজাদ ডন এমনটিই এখন সুনামগঞ্জে সর্বত্রই আলোচনা সমালোচনা চলছে। শেষ পর্যন্ত নৌকাতে না উঠতে পেয়ে তরী ভেড়াতে পারেন ঐক্যফ্রন্টেও। হবিগঞ্জের রেজা কিবরিয়ার পথ ধরতে হাটতে পারেন তিনি এমন গুঞ্জনে সরব এখন সুনামগঞ্জের ভোটের মাঠ।

কোন বলয় থেকে নির্বাচন করবেন এ ব্যাপারে এখনো স্পষ্ট কিছু জানাননি সামাদ পুত্র ডন। তবে তিনি জানান, ‘সময়ই বলে দেবে। তবে- সামনে নির্বাচন ছাড়া আর কোনো পথ খোলা নেই।’ এদিকে আজ-কালের মধ্যে সিদ্ধান্ত নেবেন সামাদপুত্র ডন। অগ্রজ নজরুল ইসলাম ইতিমধ্যে ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন। নজরুলের কাছ থেকেও আমন্ত্রণ আছে ডনের। ফলে রেজা কিবরিয়ার মতো ডন ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী হলে হিসেব নিকাশ পাল্টে যেতে পারে। আর এনিয়ে সুনামগঞ্জের রাজনীতিতে অবাক করার কিছুই নেই।

৭৫-পরবর্তী আওয়ামী লীগের দুঃসময়ে দলের হাল ধরেন আব্দুস সামাদ আজাদ। দীর্ঘ আন্দোলন সংগ্রামের পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসলে পররাষ্ট্রমন্ত্রী হন আবদুস সামাদ আজাদ। ২০০৫ সালে মারা যান বর্ষীয়ান জননেতা আব্দুস সামাদ আজাদ। বাবার মৃত্যুর পর বড় ছেলে আজিজুস সামাদ আজাদ ডন উপনির্বাচন করতে চাইলেও দলীয় অনুমতি না পাওয়ায় নির্বাচন করেননি তিনি। ২০০৮ সালে এ আসনে মনোনয়ন দেয়া হয় সাবেক যুগ্মসচিব আলহাজ্জ এম এ মান্নানকে। আজিজুস সামাদ আজাদ ডনকে পরবর্তী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছিল বলে জানা গেছে। ২০১৪ সালেও এমএ মান্নানকে মনোনয়ন দেয়া হয় সুনামগঞ্জ-৩ আসনে। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী করা হয় এমএ মান্নানকে।

মন্ত্রী হওয়ার পর নেতাকর্মীদের কাছ থেকে দুরত্ব হওয়ার কারণে এলাকায় গ্রহণযোগ্যতায় ভাটা পড়ে। এ কারণে আওয়ামী লীগের বড় একটি অংশে সাথে দুরত্বের সৃষ্টি হয় বলে জানান দলীয় বেশ কিছু নেতা-কর্মী। ডন পন্থি নেতাকর্মী ও সমর্থকরা আরো জানান, নির্বাচনী মাঠ গোছাতে থাকেন আজিজুস সামাদ ডন। দলীয় হাইকমান্ড থেকে আশ্বস্থ করা হয় এবার মনোনয়ন দেওয়া হবে। কিন্তু এবারো মনোনয়ন বঞ্চিত হওয়ার নিশ্চিত ভাবনায় ক্ষোভ প্রকাশ করেন সামাদপুত্র ডন অনুসারী নেতা কর্মীরা। অনেকেই বলেন, সকল জাতীয় নেতার সন্তানদের পদ পদবী দিলেও সামাদ আজাদের পরিবারকে বার বার অবজ্ঞা করা হচ্ছে। ১৪ বছর ধরে এলাকায় মাটি ও মানুষের সাথে মিশে আছেন আাজিজুস সামাদ ডন।

জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ সাবির মিয়া বলেন, ‘সব জরিপে আজিজুস সামাদ ডন এগিয়ে থাকলেও মনোনয়ন না দেয়া কোনো ভাবেই মেনে নেয়া যায় না। গ্রামের পর গ্রম হেঁটে ডন সামাদ সংগঠনকে শক্তিশালী করেছেন জনবিচ্ছিন্ন কেউ এসে ফল ভোগ করুক আমরা চাই না।’

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী আব্দুল্লা বলেন, ‘আজিজুস সামাদ আজাদ ডনকে নিয়ে আমরা মানুষের দুয়ারে-দুয়ারে গিয়েছি। নির্বাচন করার প্রতিশ্রুতি দিয়েছি। দল মনোনয়ন না দিলেও নির্বাচন আমাদের করতে হবে। আজিজুস সামাদ ডন মনোনয়ন না পাওয়ায় অনেকেই আজ আওয়ামী লীগ থেকে মুখ ফিরিয়ে নেবে।’

জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলর আবাব মিয়া বলেন, ‘স্বতন্ত্র হোক আর ঐক্যফ্রন্ট হোক নির্বাচন ছাড়া আমাদের আর কোনো গতি নেই।’ দক্ষিণ সুনামঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নিজাম উদ্দিন বলেন, ‘আমাদের মার্কা ‘ডন’ । আজিজুস সামাদ ডনকে ভোট দেয়ার জন্য মানুষ মুখিয়ে আছে। নির্বাচন ভিন্ন অন্য কোনো পথ খোলা নেই।’

এ ব্যাপারে সামাদ পুত্র আজিজুস সামাদ ডন বলেন, মনোনয়ন ডিক্লারেশনের পর থেকে মানুষের চাপ বাড়ছে। সবার চাপে ইলেকশন করতে হতে পারে।

এক সপ্তাহের মধ্যে ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার

নিজস্ব প্রতিবেদক

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহারের খসড়া তৈরী করতে বৈঠকে বসেছে জাতীয় ঐক্যফ্রন্ট। আজ বৃহস্পতিবার সকাল সোয়া ১১টায় গণস্বাস্থ্য ট্রাস্টের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ধানমণ্ডির অফিসে ঐক্যফ্রন্টে ইশতেহার কমিটির বৈঠক শুরু হয়।

বৈঠকের আগে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা আজকে ইশতেহার তৈরী করার জন্য বৈঠকে বসেছি। প্রথমে ড্রাফট তৈরী করবো। পরে এটা ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠকে পাশ হবে। আজকে বৈঠক শেষ হতে ৩ ঘন্টা সময় লাগবে বলেও জানান তিনি।

ইশতেহার তৈরীর বিষয়ে তিনি বলেন, আমার চিন্তা আছে- মূল বিষয় থাকবে জাতীয় ঐক্য, বিভক্তি আর নয়, কথা বলার অধিকার, গণমাধ্যমের অধিকার, আইনের সংস্কার, দেশের মেরামত দরকার। এগুলো চিন্তার মধ্যে আছে। দেখা যাক কী হয়।

জাফরুল্লাহ চৌধুরী জানান, ১১ দফার ভিত্তিতে ইশতেহার করা হবে। তবে এটা আরো বিস্তৃত হবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইশতেহার ছাপানো হবে বলেও জানান জাফরুল্লাহ চৌধুরী।

বৈঠকে ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, ইকবাল সিদ্দিকী, ডা. জাহেদুর রহমান, শফিকউল্লাহ উপস্থিত আছেন।

ইশতেহার প্রস্তুত করার জন্য একটি কমিটি গঠন করছে ঐক্যফ্রন্ট। এই কমিটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ রূপকল্প সামনে রেখে আগামী নির্বাচনী ইশতেহার তৈরি করবে।

মুমিনুলের ফিফটি, স্বস্তিতে বাংলাদেশ

 

ক্রীড়া প্রতিবেদক
শুরুর ধাক্কাটা ভালোভাবেই সামলে উঠছে বাংলাদেশ। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে শুন্য রানেই ওপেনার সৌম্য সরকারকে হারায় বাংলাদেশ। তবে ইমরুল কায়েস ও মুমিনুল হকের ব্যাটে উইন্ডিজ বোলারদের সামনে প্রতিরোধ গড়েছে স্বাগতিকরা। মুমিনুলের ৫৩ রান (৭০) ও ইমরুল কায়েসের ৩৪।

১ রানে প্রথম উইকেট হারানোর পর তারা ৯৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন। ২৪ ওভারে ১ উইকেটে ৯৩ রানের জুটি তাদের। ইমরুল কায়েস ৩৪ রানে ব্যাট করছেন।

এক বছরেরও বেশি সময় পর টেস্ট খেলতে নেমেছিলেন সৌম্য সরকার। কিন্তু রানের খাতা না খুলেই বিদায় নেন এই ওপেনার। ইনিংসের তৃতীয় বলে আউট হন তিনি। মাত্র ২ বল খেলে শেন ডাউরিচকে পেছনে ক্যাচ তুলে দিয়ে কেমার রোচের শিকার হন সৌম্য।

এই ম্যাচ দিয়ে আবারও নেতৃত্বে ফিরেছেন সাকিব আল হাসান। শুরুতে কিছুটা সংশয় থাকলেও সাকিবের দলে ফেরা বাংলাদেশের জন্য স্বস্তিদায়ক।

চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে নাঈম হাসানের।

জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ টেস্ট দল থেকে তিনটি পরিবর্তন এসেছে চট্টগ্রাম টেস্টে। লিটন দাস আগেই দল থেকে বাদ পড়ায় একাদশে আছেন সৌম্য সরকার। তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের সঙ্গে স্পিন আক্রমণে আছেন সাকিব ও নাঈম। ১৭ বছর বয়সী নাঈম ৯৩তম বাংলাদেশি হিসেবে টেস্ট ক্যাপ পেলেন।

দলে মাত্র একজন পেসার মোস্তাফিজুর রহমান।

শাহজাদের তাণ্ডব : ১৬ বলে ৭৪

 

৫টি চার ও ৫টি ছক্কার ১২ বলে হাফসেঞ্চুরি৷ সব মিলিয়ে ৬টি চার ও ৮টি ছক্কার সাহায্যে ১৬ বলে ৭৪ রানের অবিশ্বাস্য অপরাজিত ইনিংস৷ টি-১০ লিগে এমন ধ্বংসাত্মক ব্যাটিং করলেন আফগানিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ৷

প্রতিপক্ষ সিন্ধিসের বোলাররা কেউই হেলাফেলার নয়৷ জোফ্রা আর্চার ছাড়া বাকি তিনজন আন্তর্জাতিক ক্রিকেটে পরিচিত নাম৷ চারজন বোলারকেই এদিন কার্যত ক্লাব স্তরে নামিয়ে আনেন রাজপুতসের শাহজাদ-ম্যকালাম জুটি৷ পাকিস্তানের মোহাম্মদ নওয়াজ এক ওভারে খরচ করেন ২০ রান৷ জোফ্রা আর্চার ওক ওভারে ২৩ রান হজম করনে৷ তিনটি চার ও তিনটি ছক্কার সাহায্যে শ্রীলঙ্কার থিসারা পেরেরার এক ওভারে ৩০ রান তোলেন আফগান তারকা৷ অস্ট্রেলিয়ার ফাওয়াদ আহমেদ এক ওভারে ২৩ রান দিয়ে বসেন৷

জয়ের জন্য লক্ষ্য ছিল ১০ ওভারে ৯৫ রানের৷ অবিশ্বাস্যভাবে মাত্র চার ওভারে কোনও উইকেট না হারিয়ে ৯৬ রান তুলে ম্যাচ পকেটে পোরে রাজপুতস৷ ম্যকালাম ১টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮ বলে ২১ রান করে অপরাজিত থাকেন৷ শাহজাদের খেলা বলগুলো পর পর সাজিয়ে দিলে তার ব্যাটিং সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়৷ প্রতিটা বলে যেভাবে রান করেছেন আফগান তারকা, তা তুলে ধরলে ছবিটা দাঁড়ায়- ১, ৪, ৬, ৪, ৪, ৬, ১, ৬, ৬, ৪, ৬, ৪, ৪, ৬, ৬, ৬৷

তার আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে সিন্ধিস নির্ধারিত ১০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৪ রান তোলে৷ শেন ওয়াটসন ৪টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ২০ বলে ৪২ রান করেন৷ বাকিরা কেউ দু’অঙ্কে পৌঁছতে পারেননি৷ মুনাফ প্যাটেল ২০ রানে ৩ উইকেট নেন৷

প্রধানমন্ত্রীও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না : ইসি সচিব

 

নিউজ ডেস্ক..
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আর কোনো কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারবেন না। এমনটাই জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ। বুধবার আগারগাঁওস্থ নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

সচিব বলেন, নির্বাচনী আচরণ বিধি অনুযায়ী এটি করা যাবে না। আমরা বিভিন্ন মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছি, কোনো প্রকার উন্নয়নমূলক কর্মকাণ্ডে নতুন কোনো প্রকল্প গ্রহণ না করা হয়। যে প্রকল্প আছে সেগুলো চলমান থাকবে। কিন্তু ভোটকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্রে কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ড, ভিজিডি প্রদান, ভিজিএফ কার্ড দেওয়া, মানুষকে সহযোগিতা করা এগুলো যাতে না করা হয়।

এই সময়ে কোন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে কিনা জানতে চাইলে তিনি বলেন, কোনো প্রকার ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে না। মসজিদ, মন্দির বা অন্য কোন প্রতিষ্ঠানে চাঁদা দেওয়া- এসব কিছুই করা যাবে না।

প্রসঙ্গত, ঘোষিত তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচনের ভোট হবে। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২৮ নভেম্বর, ২ ডিসেম্বর যাচাই-বাছাই ও মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত রয়েছে ৯ ডিসেম্বর।