মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 650

মিরসরাইয়ে ৭শ পিচ ইয়াবা, প্রাইভেটকারসহ গ্রেফতার ২

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ে ৭ শত পিচ ইয়াবা, প্রাইভেটকারসহ গ্রেফতার করা হয়েছে ২ জনকে। গ্রেফতারকৃতরা হলো নোয়াখালী জেলার চাটখিল থানার দক্ষিন বদলকোর্ট এলাকার রওশন আলী দফাদার বাড়ীর মৃত আবুল বশরের পুত্র নাসির উদ্দিন বাবলু (২৫), ফেনী জেলার সোনাগাজী উপজেলার উত্তর মঙ্গলকান্দি গ্রামের কামাল উদ্দিনের পুত্র মহিন উদ্দিন (২৬)।

মঙ্গলবার (১৩ নভেম্বর) রাতে জোরারগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জোরারগঞ্জ থানাধীন দক্ষিন সোনাপাহাড় এলাকায় চেকপোষ্ট স্থাপন করে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা প্রাইভেটকার (চট্ট মেট্রো-গ-১১-০৭৪৪) তল্লাশী করে গাড়ীতে থাকা নাসির উদ্দিন বাবলুর প্যান্টের পকেট থেকে ৭০০ পিচ ইয়াবা ট্যাবলেট এবং মহিন উদ্দিেকে গ্রেফতার করে। ইয়াবা উদ্ধারের ঘটনায় থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবেদ আলী ঘটনার সত্যতা স্বীকার করেন।

উপকূল দিবস’ ঘোষণার দাবিতে মিরসরাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৯৭০ এর ১২ নভেম্বর প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় স্বরণে দিনটিকে ‘উপকুল দিবস’ ঘোষণার দাবিতে আলোচনা সভা ও স্মারকলিপি প্রদানে করা হয়েছে। ‘উপকূলের জন্য হোক একটি দিন, জোরালো হোক উপকূল সুরক্ষার দাবী’ প্রতিপাদ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার (১২ নভেম্বর) মিরসরাইয়ের সামাজিক সংগঠন দীপ জ্বেলে যাই কার্যালয়ে বক্তারা বলেন, ১৯৭০ সালের ১২ নভেম্বর উপকূলবাসীর জন্য স্মরণীয়। এদিন বাংলাদেশের উপকূলের ওপর দিয়ে বয়ে যায় সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ভোলা সাইক্লোন’। প্রলয়ঙ্কারী এ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ¡াসে ভোলাসহ উপকূলীয় অঞ্চল বিরান ভূমিতে পরিণত হয়। প্রাণঘাতি এই ঘূর্ণিঝড়ে প্রাণ হারায় লাখ লাখ মানুষ।
অনলাইন পোর্টাল মিরসরাইখবর ডটকম সম্পাদক আবু সাঈদ ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর।
সামাজিক দীপ জ্বেলে যাই সংগঠনের সাধারণ সম্পাদক মহিবুল আরিফের সঞ্চালনয়ায় এসময় উপস্থিত ছিলেন নাহিদ মাহমুদ, মিরাজউদ্দিন, তানভীর নোবেল, বাঁধন দে, আজিজ আজহার ও সাদমান সময়। এদিন উপকূলবর্তী ১৬ জেলার ৩২ উপজেলার ৫০ স্থানে একযোগে দ্বিতীয়বারের মত ‘উপকূল দিবস’ পালিত হয়। দিবস পালনের প্রধান উদ্যোক্তা হিসেবে কাজ করছে বেসরকারি প্রতিষ্ঠান উপকূল বাংলাদেশ, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ এবং আলোকযাত্রা দল।
এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সরকারি স্কলারশিপে চীন গেলো মিরসরাইয়ের মেধাবী ছাত্র শাহ রিয়াজ চৌধুরী

সুদূর চীনে সরকারি স্কলারশিপনিয়ে গেলো মিরসরাইয়ের মেধাবী ছাত্র রিয়াজ চৌধুরী। গত মাসের ১৮ অক্টোবর চীনের চাংজু ইন্সটিটিউট অব মেকানিক্যাল টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে দেশ ত্যাগ করে সে। ফেনী সরকারি পলিটেকনিক ইন্সটিটিউট থেকে মেক্যানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে যোগদান করে ৪র্থ সেমিস্টারে চীনের চাংজু ইন্সটিটিউট অফ
মেকাট্রানিক টেকনোলজি বিশ্ববিদ্যালয়ে সরকারি ভাবে স্কলারশিপ পেয়ে উচ্চ শিক্ষার সুযোগ পায় শাহ রিয়াজ চৌধুরী।
এ স্কলারশিপে সারাদেশে মোট ৩৬ জন সরকারি ভাবে স্কলারশিপ অর্জন করেন। এদের মধ্যে শাহ রিয়াজ চৌধুরী অন্যতম।

রিয়াজ চৌধুরী মিরসরাই উপজেলার ১১নং মঘাদিয়া
ইউনিয়নয়স্থ গাজীটোলা গাজী চৌধুরী বাড়ির শামসুদ্দীন চৌধুরীর একমাত্র ছেলে। সে মঘাদিয়া নুরুল আবছার চৌধুরী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,
প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজ থেকে এইচ.এস.সি পাস করে ফেনী সরকারী পলিটেকনিকে ভর্তি হয়েছিলো।

মনোনয়ন দৌড়ে মাশরাফির প্রতিদ্বন্দ্বী ১৫

 

নিজস্ব প্রতিনিধি
নড়াইল -২ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নির্বাচনী লড়াইয়ে নামতে চান জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ইতোমধ্যেই তিনি দলটি থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে নির্বাচনী লড়াইয়ের আগে মাশরাফির সামনে প্রতিদ্বন্দ্বী হয়ে দাড়িয়েছেন নিজ দলেরই ১৫ নেতা। অর্থাৎ ওই আসন থেকে মাশরাফি ছাড়াও আরো ১৫ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

তাদের বিরুদ্ধে মনোনয়ন লড়াইয়ে জিতেই মাশরাফিকে নামতে হবে প্রতিপক্ষের বিরুদ্ধে ভোটযুদ্ধে। অবশ্য মনোনয়ন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আওয়ামী লীগের হাইকমান্ড।

নড়াইল-২ আসন থেকে যারা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তাদের মধ্যে বেশির ভাগই জেলা আওয়ামী লীগের নেতা। কেউ কেউ আছেন কেন্দ্রিয় বিভিন্ন কমিটি ও উপ-কমিটি পর্যায়ের নেতা। তারা হলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, সহ-সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী, এসএম আসিফুর রহমান বাপ্পী, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা লে.কর্নেল (অব.) সৈয়দ হাসান ইকবাল, ব্যবসায়ী বাসুদেব ব্যানার্জী, আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপ-কমিটির সদস্য শেখ মো. আমিনুর রহমান হিমু, কেন্দ্রীয় মহিলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শারমীন সুলতান শর্মী, জেলা আওয়ামী লীগের সদস্য মো. রাশিদুল বাশার ডলার, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মো. তরিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সদস্য এস কে আবু বাকের, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তাপস, জেলা আওয়ামী লীগের সদস্য হাসানুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মো. নূরুজ্জামান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মুন্সী কামরুজ্জামান কাজল ও আওয়ামী লীগ নেতা মো. সুজন রহমান।

মাশরাফির বাবা গোলাম মুর্তজা সাংবাদিকদের জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মাশরাফি।

শেষ বিকেলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে ধস

 

ক্রীড়া প্রতিনিধি

শেষ বিকেলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইন-আপে ধস নামলেন মেহেদী হাসান মিরাজ। ৯৮তম ওভারেই জোড়া আঘাত হানেন এই তরুণ স্পিনার। সাজঘরে ফেরান সেঞ্চুরিয়ান ব্রেন্ডন টেইলর ও ব্রেন্ডন মাভুতা।

ওভারের প্রথম বলে বিদায় করেন টেইলরকে। ব্যক্তি ১১০ রানে সাজঘরে ফিরেন তিনি।

এক বল পরেই মিরাজের শিকার হন টেইলরের পর ক্রিজে আসা মাভুতা। শূন্য হাতে ফিরেন তিনি।

জিম্বাবুয়ের সংগ্রহ এখন ৮ উইকেটে ২৯৪ রান।

আজও উৎসব মুখর পরিবেশে চলছে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি

 

নিজস্ব প্রতিনিধি

দ্বিতীয় দিনের মতো রাজধানীর নয়াপল্টনের বিএনপির দলের কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতরণ চলছে। দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করতে দেশের সব প্রান্ত থেকেই কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন নেতা কর্মীরা। মনোনয়ন প্রত্যাশীরা বিশাল বিশাল মিছিল নিয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করছেন নয়াপল্টনে।

মনোনয়ন প্রত্যাশী নেতাকর্মীদের মিছিল আর মহড়া দেখলে মনে হয় যেন রাজধানীর নয়াপল্টনে কোন আনন্দ উৎসব চলছে। মিছিলে নেতাকর্মীদের হাতে রয়েছে খালেদা জিয়া, তারেক রহমান ও মনোনয়ন প্রত্যাশীদের ছবিসহ বিভিন্ন প্লেকার্ড। সঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রও।

ফকিরাপুল মোড় থেকে নাইটেঙ্গেল মোড় পর্যন্ত নেতাকর্মীরা ঘুরে ঘুরে মিছিল নিয়ে শোডাউন দিচ্ছেন। শ্লোগানে স্লোগানে নেতাকর্মীরা নয়াপল্টন সড়ক উত্তাল করে তুলেছেন। নেতাকর্মীরা মনোনয়ন প্রত্যাশীদের নামসহ খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের নামে শ্লোগান দিচ্ছেন।

এতে কার্যালয়ের সামনে অস্বাভাবিক ভিড় জমেছে। এ ভিড় সামলে মনোনয়ন কিনতে হিমশিম খেতে হচ্ছে মনোনয়ন প্রত্যাশীদের।

মঙ্গলবার মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন চলছে। প্রথম দিনই প্রার্থীদের মধ্যে ১ হাজার ৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি শেষ করেছে বিএনপি। ১৬ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে ফরম বিক্রি ও জমা।

প্রত্যেক বিভাগের প্রার্থীদের সুবিধার জন্যে আলাদা আলাদা বুথের ব্যবস্থা করেছে বিএনপি। এছাড়া মনোনয়ন প্রত্যাশীদের ব্যক্তিগত বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন ইত্যাদি বিল পরিশোধ করতে দলের পক্ষ থেকে প্রার্থীদের নির্দেশনা দেয়া হয়েছে।

নিরাপত্তার দায়িত্বে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে নয়া পল্টন ও আশেপাশের এলাকায়।

চিকিৎসা শেষ না করে খালেদা জিয়াকে কারাগারে নেয়ার বিরুদ্ধে রিটের আদেশ

 

নিজস্ব প্রতিবেদক

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে থেকে কারাগারে পাঠানোর বৈধতা চ্যালেঞ্জ ও হাসপাতালে চিকিৎসা অব্যাহত রাখার আর্জি জানিয়ে দায়ের করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ১৫ নভেম্বর বৃহস্পতিবার আদেশ দিবেন হাইকোর্ট।

আজ মঙ্গলবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে খালেদার পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলী। তাকে সহায়তা করেন, ব্যারিস্টার নওশাদ জমির ও ব্যারিস্টার কায়সার কামাল। আদালতে খালেদা জিয়ার আইনজীবী হিসেবে ছিলেন- সুপ্রিম কোর্ট বারের সভাপতি জয়নুল আবেদীন, সম্পাদক মাহবুবউদ্দিন খোকন, জামিল আক্তার এলাহী, আনিছুর রহমান খান প্রমুখ। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা।

এর আগে গত ১১ নভেম্বর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) থেকে কারাগারে পাঠানোর বৈধতা নিয়ে রিট আবেদন করা হয়। রিট আবেদনে খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে ভর্তি করে চিকিৎসা অব্যাহত রাখার কথা বলা হয়েছে।

স্বরাষ্ট্রসচিব, কারা কর্তৃপক্ষ, বিএসএমএমইউ কর্তৃপক্ষসহ নয়জনকে বিবাদী করা হয়েছে রিটে।

এ বিষয়ে খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার নওশাদ জমির বলেন, আমরা আদালতে বলেছি খালেদা জিয়ার চিকিৎসা শেষ না করে মামলার কথা বলে কারাগারে নেয়া হয়েছে। আদালত শুনানি শেষে ১৫ নভেম্বর আদেশের দিন ধার্য করেছেন।

বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাসেবা দিতে নির্দেশনা চেয়ে এর আগে খালেদা জিয়ার করা রিট আবেদনটি গত ৪ অক্টোবর নিষ্পত্তি করে কিছু নির্দেশনা ও পর্যবেক্ষণসহ আদেশ দেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশের পর চিকিৎসার জন্য ৬ অক্টোবর তাকে বিএসএমএমইউতে নেয়া হয়। এরপর থেকে তিনি ওখানে চিকিৎসাধীন ছিলেন। প্রায় এক মাস চিকিৎসার পর ৮ নভেম্বর বিএসএমএমইউ থেকে তাকে নাজিমুদ্দিন রোডের পুরনো কারাগারে ফিরিয়ে নেয়া হয়।

আ’লীগের মনোনয়ন চাইলেন সিইসির ভাগ্নে

নিজস্ব প্রতিনিধি
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছেন
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার ভাগ্নে এসএম শাহজাদা সাজু। তিনি ইতিমধ্যে মনোনয়ন ফরম কিনে জমাও দিয়েছেন বলে জানা গেছে।

ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনয়নপত্র কেনায় পুরো পটুয়াখালী জেলায় এ বিষয়টি নিয়ে বেশ আলোচনা-সমালোচনা চলছে। অনেকেই এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

পেশায় আইটি ইঞ্জিনিয়ার এসএম শাহজাদা সাজুর ব্যবস্যা প্রতিষ্ঠান রয়েছে বলে জানা গেছে। তার বাড়ি দশমিনা উপজেলায়।

সিইসির ভাগ্নে শাহজাদা সাজু গত শুক্রবার আওয়ামীলীগের ধানমন্ডি কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং রোববার সেটা জমা দেন।

এসএম শাহজাদা সংবাদ মাধ্যমকে বলেন, আমি আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছি। আমার আসন থেকে আওয়ামী লীগের ২০ জনের অধিক আগ্রহী প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। তবে আমি মনোনয়ন পাবো বলে আশাবাদী।

পটুয়াখালী-৩ আসনের বর্তমান সংসদ সদস্য হলেন চারবারের নির্বাচিত এমপি ও ছাত্রলীগের সাবেক নেতা আলহাজ আ.খ.ম জাহাঙ্গীর হোসাইন।

তিনি ছাড়াও সাবেক এমপি আলহাজ গোলাম মাওলা রনি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী আলমগীর হোসেন, দশমিনা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ মিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনসহ ২০ জনের মতো প্রার্থী হতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

এসএম শাহজাদা সাজুর নিজ এলাকার বাহিরে তেমন কোন পরিচিতি নাই। তবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনে এখন তিনি আলোচনার কেন্দ্রে রয়েছেন।

ঐক্যের শক্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান বেগম জিয়ার

 


নিউজ ডেস্ক
নাজিমউদ্দিন রোডের কারাগারে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছেন দলটির শীর্ষ নেতারা। এসময় দেশের স্বার্থে জনগনের ঐক্য এগিয়ে নেয়ার আহ্বান জানান বেগম জিয়া। কারাগার থেকে বেরিয়ে একথা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে কারাগারে বেগম জিয়ার সাথে সাক্ষাতে আরো ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও ড. খন্দকার মোশারফ হোসেন। বেলা আড়াইটায় তারা কারাগারে প্রবেশ করেন।

এই পাঁচ নেতা প্রায় দেড় ঘণ্টা কথা বলে বেগম জিয়ার সাথে। কারাগার থেকে বের হয়ে সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত আলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগনের যে ঐক্য হয়েছে তা এগিয়ে নিতে এবং প্রচেষ্টা অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

মির্জা ফখরুল আরো বলেন, আমাদের এই ঐক্য প্রচেষ্টার প্রতি তার দোয়া রয়েছে। তিনি বলেন, রাজনৈতিক বিষয়ে খুব বেশি কথা হয়নি। ম্যাডাম অসুস্থ, তাকে আবারে বিএসএমএমইউতে চিকিৎসা দেয়া প্রয়োজন। এসম তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান, বেগম জিয়াকে হাসপাতালে রেখে যথাযথ চিকিৎসা সেবা দেয়ার।

ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড সম্মাননা পেলেন কবি ও প্রাবন্ধিক নুর আল আলম

নিজস্ব প্রতিনিধি

গত ৯ নভেম্বর (শুক্রবার) অক্ষরবৃত্ত প্রকাশন কার্যালয়ে সাহিত্য ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখায় ক্রিয়েটিভিটি ইভোল্যুশন ফোরাম’র ‘ক্রিয়েটিভিটি অ্যাওয়ার্ড-২০১৮’ সম্মাননা পেয়েছেন কবি ও প্রাবন্ধিক নুর আল আলম।
এই সময় উপস্থিত ছিলেন, কবি এস. এম. সিরাজুল মোস্তফা, কবি ও গীতিকার সাইমন নজরুল, অক্ষরবৃত্ত প্রকাশন’র প্রকাশক আনিস সুজন, অক্ষরবৃত্ত প্রকাশন’র নির্বাহী কাজী জোহেব, ছড়াকার নুরনবী হীরা, কবি আরমান খৈয়াম ও কবি আরাফাত তন্ময়।

এসময় ক্রিয়েটিভিটি ইভোল্যুশন ফোরাম’র মুখপাত্র কবি এস. এম. সিরাজুল মোস্তফা বলেন, ‘বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা সৃষ্টিশীল প্রতিভা খুঁজে বের করে তাদের বিশেষভাবে সম্মানিত করা ক্রিয়েটিভিটি ইভোল্যুশন ফোরামের লক্ষ্য।
প্রতি তিন মাস পরপর এই অ্যাওয়ার্ড দেয়া হবে। মূল্যায়নের বিষয়গুলো হলো- সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, প্রকাশনা, সমাজসেবা ও সংগঠক।