শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 672

মিরসরাইয়ে বিদ্যুতের দাবিতে সংবাদ সম্মেলন


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিদ্যুতের দাবিতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। সোমবার (১ অক্টোবর) সকালে করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর গ্রামের অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রায় ১৫০টি পরিবার অংশ গ্রহণ করে।
সংবাদ সম্মেলনের লিখি বক্তব্য পাঠ করেন মোঃ সাইফুল ইসলাম। ভুক্তভোগী আশিষ দাশের সঞ্চালনায় এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন কামরুল হাসান, নূর আহম্মদ, নুরুল হুদা প্রমুখ। এসময় মিরসরাই প্রেসক্লাবের সভাপতি শারফুদ্দীন কাশ্মীর, সহ-সভাপতি বিপুল দাশ, কোষাধ্যক্ষ আবু সাঈদ ভূইয়া, প্রচার ও দপ্তর সম্পাদক এম. মাঈন উদ্দিন, ক্রীড়া সম্পাদক এম আনোয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মু. রিগান উদ্দিন, সদস্য রাজু কুমার দে, সুজন মন্ডল, আজিজ আজহার, বাবলু দে, সাদমান সময় প্রমুখ।
সংবাদ সম্মেলনের জানানো হয় করেরহাট ইউনিয়নে দক্ষিণ অলিনগর গ্রামের পল্লী বিদ্যুৎ সমিতি- ৩ ও স্থানীয় বন বিভাগের রেষারেষির কারণে সংযোগ দেয়া হচ্ছে। এতে করে চরম বিপাকে পড়েছে স্থানীয়রা। অথচ পিলার, তার ও ট্রান্সফরমার সহ সব কিছু লাগানো হয়েছে। স্থানীয়রা দ্রুত বিদ্যুৎ দেয়ার দাবি জানান।

 

জনসভার পর সরকারের কাঁপুনি ধরে গেছে : রিজভী


নিজস্ব প্রতিবেদক
‘বিএনপির সমাবেশের উপস্থিতি প্রমাণ করে বিএনপির জনপ্রিয়তা কমেছে’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ওবায়দুল কাদেরের বক্তব্যের উত্তরে নীরব হাসি ছাড়া আর কিইবা বলতে পারি। আসলে রাষ্ট্রীয় কোষাগারের টাকা, বিপুল পরিমাণ চাঁদাবাজির টাকা খরচ করেও সমাবেশে মানুষ আনতে পারেন না, আবার কিছু লোক এলেও ধরে রাখতে পারেন না ক্ষমতাসীন নেতারা, পথে পথে সরকারি আক্রমণ আর বাধার মুখেও এত বিপুল মানুষের বিএনপির সমাবেশ দেখে তারা হতাশ হয়ে মনের বিকারে প্রলাপ বকছেন।

আজ সোমবার সকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, একতরফাভাবে নির্বাচনী বৈতরণী পার হতে আওয়ামী নেতারা কত তামাশা দেখাচ্ছেন, আর কত যে উদ্ভট কথা বলছেন তার শেষ নেই। দল হিসেবে আওয়ামী লীগের এখন হতভাগ্য দেউলিয়াগ্রস্ত রাজনীতি। সেজন্যই খাপছাড়া কথা বলছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জনসভায় বিপুল সমাগম দেখে সরকারের কাঁপুনি ধরে গেছে, সেজন্যই বিএনপির নেতাকর্মীদেরকে ব্যাপকহারে গ্রেফতারকে সরকার রক্ষাকবচ মনে করছে। গতকাল জনসভা শেষে আমরা দেখলাম, বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর ঔদ্ধত্য আক্রমণে গ্রেফতার করার মহড়া।

রিজভী বলেন, গতকাল বিএনপির জনসভা মহাসাগরে পরিণত হয়। চারিদিক থেকে ধেয়ে আসা জন¯্রােতে সোহরাওয়ার্দীর বিশাল প্রান্তরকে কানায় কানায় পরিপূর্ণ করে। রমনা পার্কসহ আশেপাশের রাস্তাঘাট, মোড় ও ফুটপাত মিটিং শুনতে আসা মানুষে ঠাসা ছিল। শাহবাগ, কাকরাইল, মৎস্যভবন এলাকাসহ সংলগ্ন এলাকাগুলোতে ছিল উর্মীমালার মতো জনতার ঢেউ। তিল ধারণের ঠাঁই নেই। মিছিলে মিছিলে কেঁপেছে ইট, পাথর কংক্রীটের রাজপথ। জনসভার আঙ্গিক বিস্তৃত হয়ে স্মরণকালের মহাসমাবেশে পরিণত হয়।

তিনি বলেন, গতকাল দুপুর থেকে জনসভাস্থলে আসা শুরু হয় মিছিলের প্রবাহ। দাবদাহ পীড়িত, পিপাসার্ত মানুষ নিজেদের কষ্টকে প্রশ্রয় না দিয়ে দেশনেত্রীর মুক্তির জন্য, গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য বুকের মধ্যে চলকে ওঠা আবেগ নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানকে জনজোয়ারে পরিণত করে। তারা যেন ‘এদেশ কাড়তে যেই আসুক/আমরা সাহসে বেঁধেছি বুক/আমরা নইকো ভীরুর জাত/দেবো নাকো হতে দেশ বেহাত’ এই অভয় মন্ত্র বুকের মধ্যে ধারণ করে ছুটে আসে জনসভাস্থলে।

তিনি বলেন, গতকাল সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা ঘিরে ঢাকার ভিতরে ও আশেপাশের বিভিন্ন পয়েন্টে গণপরিবহন বন্ধ করে দেয় ক্ষমতাসীন দলের সশস্ত্র নেতাকর্মীরা। বিএনপি নেতাকর্মীদের সন্দেহ করে পথে পথে বাধা দিয়েছে তারা। মারধরের ঘটনাও ঘটেছে বিভিন্ন স্থানে। সকাল থেকেই ঢাকা মহানগরীর প্রবেশ পথ আগলে রাখে পুলিশের পাশাপাশি আওয়ামী ক্যাডাররা। গত শনিবার রাত থেকেই ঢাকা মহানগরীসহ আশেপাশের জেলাগুলোতে বিএনপি নেতাকর্মীদের বাসায় বাসায় চলে পুলিশী তল্লাশী। গতকাল ভোরেই আওয়ামী ক্যাডাররা বাস কাউন্টার থেকে কর্মচারী ও গাড়ি সরিয়ে দিয়ে সারাদিন বাস সার্ভিস বন্ধ রাখে। ঢাকা মহানগরীর নিকটবর্তী ঢাকা-সিলেট মহাসড়ক ও পূর্বাচলে ৩০০ ফিট মহাসড়কে পুলিশের প্রটেকশনে দিনমান চলে আওয়ামী ক্যাডারদের মোটরসাইকেল মহড়া। বিএনপির লোক সন্দেহে ট্রেন থেকে নামিয়ে দেয়া হয়েছে সাধারণ যাত্রীদের। ফলে চরম ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ।

দুই মামলায় আমীর খসরুর জামিন বহাল


নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে নাশকতা, উসকানি, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে ঢাকা ও চট্টগ্রামের দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী আগাম জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ সোমবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে তিন বিচারপতির আপিল বেঞ্চ জামিন স্থগিত চেয়ে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেয়।

আমির খসরু মাহমুদ চৌধুরীর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন। আর রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

গত ৪ আগস্ট চট্টগ্রামের কোতয়ালী থানায় নাশকতায় উসকানি ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (সংশোধিত ২০১৩/৫৭ (২) ধারা) এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় একটি মামলা হয়।

মামলার এজাহারে বলা হয়, বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলেন। ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন।

পরে ঢাকায়ও গত ৫ আগস্ট মামলা করা হয়। ৪ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে আমির খসরু মাহমুদ চৌধুরীর একটি অডিও কথোপকথন ফাঁস হয়।

এ অডিওতে কিশোর আন্দোলনের সুযোগ নিয়ে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলে উল্লেখ করা হয় মামলায়

সিনহার ভাইয়ের বিরুদ্ধে অর্থ পাচারের অনুসন্ধানে দুদক


নিজস্ব প্রতিবেদক..

সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার ভাই অনন্ত কুমার সিনহার বিরুদ্ধে অর্থ পাচারের মাধ্যমে যুক্তরাষ্ট্রে বাড়ি কেনার একটি অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এজন্য দুদকের সহকারী পরিচালক গুলশান আনোয়ার প্রধানকে প্রধান করে দুই সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে বলে জনসংযোগ কর্মকর্তা প্রনব কুমার ভট্টাচায্য জানিয়েছেন।

কমিটির অপর সদস্য হলেন- উপ-সহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌস।

প্রনব কুমার বলেন, বাংলাদেশি নাগরিক অনন্ত কুমার সিনহা মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে দুই লাখ ৮০ হাজার মার্কিন ডলারে (দুই কোটি ৩০ লাখ টাকা) চার হাজার বর্গফুটের তিন তলা বাড়ি ক্রয়, বিদেশে অর্থ পাচার ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে দুদকে একটি অভিযোগ এসেছে। তার অনুন্ধানের জন্য এই কমিটি করা হয়েছে।

ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং কিছু পর্যবেক্ষণের কারণে ক্ষমতাসীনদের তোপের মুখে ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটিতে যান তখনকার প্রধান বিচারপতি এস কে সিনহা। পরে বিদেশ থেকেই তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়।

এর এক বছরের মাথায় তিনি বিদেশে বসে ‘এ ব্রোকেন ড্রিম: রুল অব ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি’ শিরোনামে একটি বই লিখেছেন যা নিয়ে আলোচনা চলছে। ওই বইতে সিনহা দাবি করেন, তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়।

শনিবার ওয়াশিংটন ডিসিতে বইটির প্রকাশনা অনুষ্ঠানে সিনহা সাংবাদিকদের বলেন, তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেছেন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে ভাই অনন্ত কুমার সিনহার নামে ওই বাড়ি কেনার খবর গণমাধ্যমে এসেছে।

এবিষয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে অবস্থানের সময় প্রবাসী বাংলাদেশি এক সাংবাদিক এবিষয়ে সরকার কোনো ব্যবস্থা নেবে কিনা তা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “অ্যামেরিকায় বাড়ি কেনা তো খুব একটা কঠিন ব্যাপার না। বরং বাংলাদেশেই এখন কঠিন। বাংলাদেশই দাম বেশি। এখানে তো একটা ডিপোজিট দিলেই বাড়ির মালিক হওয়া যায়। কে কীভাবে কিনলো; সেটা খুঁজে বের করে তথ্য দেন, সেটার ব্যবস্থা নেওয়া হবে।”

এর আগেই বিচারপতি সিনহার ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার একটি অভিযোগের অনুসন্ধানের জন্য ফারমার্স ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এ কে এম শামীমসহ সাতজনের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে দুর্নীতি দমন কমিশন।

এ অভিযোগের অনুসন্ধানে গত ৬ মে মো. শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা নামে কথিত দুই ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করে দুদক।

ফারমার্স ব্যাংক থেকে ঋণ নিয়ে পে-অর্ডারের মাধ্যমে রাষ্ট্রের এক ‘গুরুত্বপূর্ণ ব্যক্তির’ ব্যাংক হিসাবে চার কোটি টাকা জমা দেওয়ার বিষয়টির অনুসন্ধানের জন্য ওই দুজনকে তলবের কারণ দেখিয়েছিল দুদক।

দুদকের নোটিসে ‘গুরুত্বপূর্ণ’ ওই ব্যক্তির নাম উল্লেখ না থাকলেও পদত্যাগী প্রধান বিচারপতি সিনহাই যে সেই ব্যক্তি, সংবাদপত্র ও টেলিভিশনে সে খবর আসে। জিজ্ঞাসাবাদের পর ওই দুজনের আইনজীবী বিচারপতি সিনহার সঙ্গে লেনদেনের কথাই বলেন।

#সূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে হবে আড়াইশ শিল্প প্লট

নিজস্ব প্রতিবেদক

রপ্তানিভিত্তিক শিল্প স্থাপনে মিরসরাই অর্থনৈতিক অঞ্চল স্থাপনে চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

প্রায় ৭৫১ কোটি টাকা ব্যয়ে বারৈয়ারহাটে এক হাজার ১০০ একর জমির ৯১ লাখ ঘন মিটার ভূমির উন্নয়ন করে এই অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। সেখানে মোট ২৫০টি শিল্প প্লট তৈরি হবে।

মঙ্গলবার একনেক বৈঠকে ‘বেপজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই-(১ম পর্যায়)’ শীর্ষক প্রকল্পটি চুড়ান্ত অনুমোদন পায়।

একনেক সভার পর সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, “মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ২৫০টি শিল্প প্লট তৈরির মাধ্যমে দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিনিয়োগের সুযোগ সৃষ্টি করা হবে। এসব প্লটে বিনিয়োগের সুযোগ সৃষ্টির পাশাপাশি প্রায় দেড় লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।”

বাংলাদেশে বর্তমানে আটটি ইপিজেড (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) রয়েছে। এগুলো হচ্ছে- ঢাকা, চট্টগ্রাম, মোংলা, কুমিল্লা, ঈশ্বরদী, উত্তর (নীলফামারী), আদমজী ও কর্ণফুলী। রপ্তানি বাড়াতে একশটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার।

মন্ত্রী জানান, গত ফেব্রুয়ারি মাস পর্যন্ত আটটি ইপিজেডে ৬০০টি শিল্প প্রতিষ্ঠান শিল্প স্থাপনের অনুমোদন পেয়েছে। এর মধ্যে ৪৬৯টি শিল্প প্রতিষ্ঠান উৎপাদনে রয়েছে। অবশিষ্ট ১৩১টি শিল্প প্রতিষ্ঠান বাস্তবায়ন পর্য়ায়ে রয়েছে।

একনেকের এদিনের বৈঠকে প্রায় ১২ হাজার ৫৪৫ কোটি টাকা ব্যয়ের ১৪টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ৮ হাজার ৮৪২ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে। প্রকল্প সহায়তা খাত থেকে আসবে প্রায় ৩ হাজার ৪৪৬ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর নিজস্ব তহবিল থেকে জোগান দেওয়া হবে ২৫৭ কোটি টাকা।

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল সেবা শুরু

নিউজ ডেস্ক..

নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদল বা মোবাইল নম্বর পোর্টেবিলিটি (এমএনপি) সেবার পরীক্ষামূলক বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে এক সংবাদ সম্মেলনে এ সেবা শুরুর ঘোষণা দেন কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক।

তিনি বলেন, সেবা চালুর প্রথম দিন বেলা সাড়ে ১২টা পর্যন্ত ১৭ জন তাদের অপারেটর পরিবর্তন করেছেন। এ সেবা নিতে গ্রাহককে ৫০ টাকা চার্জের সঙ্গে সিম রিপ্লেসমেন্ট ট্যাক্স এবং ভ্যাটসহ মোট ১৫৮ টাকা খরচ দিতে হচ্ছে।

এমএনপি সেবার লাইসেন্সধারী কোম্পানি ইনফোজিলিয়ন বিডি-টেলিটেকের ব্যবস্থাপনা পরিচালক মাবরুর হোসেন, প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ জুলফিকারসহ বিটিআরসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সংবাদ সম্মেলনে।

গত নভেম্বরে এমএনপি সেবার লাইসেন্স পায় বাংলাদেশ ও স্লোভেনিয়ার কনসোর্টিয়াম ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক। আগস্টে এ সেবা শুরুর কথা থাকলেও নির্দেশনা ও নেটওয়ার্ক জটিলতার কারণে তা দুই মাস পিছিয়ে যায়।

নম্বর পরিবর্তনের ঝক্কিতে যেতে চান না বলে সেবায় সন্তুষ্ট না হওয়ার পরও অনেকে এতদিন অপারেটর বদলাতে পারেননি। এমএনপি চালু হওয়ায় তারা পুরনো নম্বর রেখেই অন্য অপারেটরে যাওয়ার সুযোগ পাবেন।

ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক জানিয়েছে, যেহেতু গ্রাহকের অপারেটর বদল হচ্ছে এবং তার তথ্য নতুন একটি অপারেটরে যাচ্ছে, তাই গ্রাহককে এমএনপির জন্য নতুন সিম তুলতে হচ্ছে। গ্রাহক যে অপারেটরে যেতে চান, তাদের গ্রাহকসেবা কেন্দ্রে গিয়ে ফি দিয়ে সিম তুলতে হবে। সিম পেতে একজন গ্রাহকের সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে এবং ৭২ ঘণ্টার মধ্যে তা সক্রিয় হবে।

এ সেবার নিয়ম অনুযায়ী, পুনরায় অপারেটর পরিবর্তন করতে হলে গ্রাহককে অপেক্ষা করতে হবে ৯০ দিন।

এমএনপি চালুর ফলে অপারেটররা তাদের সেবার মান উন্নত করতে আরও বেশি সচেষ্ট হবে এবং বাজারে প্রতিযোগিতা বাড়বে বলে সরকার আশা করছে।

বিটিআরসির তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের ৭২টি দেশে এমএনপি সেবা চালু আছে। প্রতিবেশী দেশ ভারত ২০১১ সাল থেকে এবং পাকিস্তান ২০০৭ সাল থেকে এমএনপি সেবা দিচ্ছে।

মিরসরাইয়ে ৩ ভুয়া ডিবি পুলিশ গ্রেপ্তার


মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ভুয়া ডিবি পরিচয়ধারী তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৩০সেপ্টেম্বর) পৌনে পাঁচটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বারইয়ারহাট পৌরবাজারের উত্তর প্রান্তের ইউটার্ন এলাকা থেকে ঢাকামুখী একটি প্রাইভেটকার থেকে ওই তিনজনকে আটক করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন ইউসুফ (৩০) জেলা- বরগুনা , আসাদুজ্জামান খান (৩০) জেলা-ঝালকাঠি এবং মোঃ আলমগীর(৩০) জেলা-শরীয়তপুর। এসময় ওই ভুয়া পুলিশদের বহনকারী প্রাইভেটকার তল্লাশি করে একটি দেশীয় তৈরী এল জি, তিন রাউন্ড কার্তুজ, একটি ওয়াকিটকি, একজোড়া হ্যান্ডকাফ, ০২ টি ডিবির জ্যাকেট(কোটি) ও তিনটি মোবাইল উদ্ধার করে পুলিশ জব্দ করা হয় প্রাইভেটকারটি।
জানা গেছে, এই চক্রটি দীর্ঘদিন ধরে মিরসরাইয়ের বিভিন্ন জায়গায় মানুষকে পুলিশ পরিচয়ে ভয় দেখিতে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। উপজেলার ধুম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অনেকের কাছ থেকে ডিবি পরিচয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ করেছেন একাধিক ভূক্তভোগী।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার আবেদ আলী জানান, গোপন সংবাদের ভিক্তিতে থানার অফিসার ইনচার্জ ইফতেখার হাসান(পিপিএম-বার) এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ মোজাম্মল হক(পিপিএম) সেকেন্ড অফিসার মোঃ আবেদ আলী পি এস আই মোঃ আলমগীর হোসাইন সহ সঙ্গীয় ফোর্স বারইয়ার হাট উত্তর মাথায় ইউ টার্নের পশ্চিম পাশে ঢাকা মুখী রাস্তার উপর ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে ওই তিনজনকে অস্ত্র, ডিবি পোশাক, ওয়াকিটকি, হ্যান্ডকাপসহ করা হয়েছে।

সমাবেশ থেকে বিএনপির ৭ দফা, ১২ লক্ষ্য, ২ দিনের কর্মসূচি ঘোষণা

 


স্টাফ রিপোর্টার..
বিএনপির জনসভা থেকে ৭ দফা, ১২ লক্ষ্য ও ২ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিকালে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের পক্ষে দাবি ও কর্মসূচি ঘোষণা করেন। দলীয় চেয়ারপারসনের নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারপারসন ও দলীয় নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ ও আলোচনার মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের দাবি রয়েছে ঘোষিত সাত দফায়। এ দফা ও দাবি বাস্তবায়নে আগামী ৩রা অক্টোবর জেলায় এবং ৪ঠা অক্টোবর বিভাগীয় শহরে সমাবেশ ও স্মারকলিপি দেয়ার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচি ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সরকার যদি দাবি মেনে না নেয় তাহলে আন্দোলনের মাধ্যমে তাদের দাবি মানতে বাধ্য করা হবে। খালেদা জিয়ার ডাকে দেশবাসী এবং সব রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ভীষণ ভয় পাচ্ছে। তারা এখন পদে পদে ষড়যন্ত্রের ভুত দেখতে শুরু করেছে।

৭ দফা দাবি:
১. (ক) বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও মামলা প্রত্যাহার করতে হবে।
একই সাথে (খ) সব বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীর মুক্তি, সাজা বাতিল ও মিথ্যা মামলা প্রত্যাহার।
(গ) নির্বাচনের ফলাফল চূড়ান্ত না হওয়া পর্যন্ত রাজনৈতিক মামলা স্থগিত রাখা ও নতুন মামলা না দেয়ার নিশ্চয়তা।
(ঘ) পুরনো মামলায় কাউকে গ্রেপ্তার করা যাবেনা ।

(ঙ) কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন, সাংবাদিকদের ন্যায্য আন্দোলন এবং সামাজিক ও গণমাধ্যমে মতপ্রকাশের অভিযোগে গ্রেপ্তর ছাত্র-ছাত্রীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও মুক্তির নিশ্চয়তা প্রদান করতে হবে।

২. আসন্ন জাতীয় নির্বাচনে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার লক্ষ্যে নির্বাচনী তফসিল ঘোষণার আগে বর্তমান সংসদ ভেঙে দিতে হবে।

৩. রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করতে হবে। নির্বাচনকালীন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।

৪. আলাপ-আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।

৫. নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় ও আন্তর্জাতিক পর্যবেক্ষক নিয়োগের ব্যবস্থা নিশ্চিত এবং সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া পর্যবেক্ষণে তাদের ওপর কোন ধরনের বিধি নিষেধ আরোপ না করা।

৬. সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রতিটি ভোট কেন্দ্রে ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ সশস্ত্র বাহিনী নিয়োগ নিশ্চিত করা। নির্বাচনের একমাস আগে থেকে নির্বাচনের পর ১০ দিন পর্যন্ত মোট ৪০ দিন সেনাবাহিনী মোতায়েন করতে হবে। একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত ও নিয়ন্ত্রণের ক্ষমতা নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করতে হবে।

৭. নির্বাচনে ইভিএম ব্যবহারের চিন্তা ও পরিকল্পনা বাদ দিতে হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর যুগোপযোগী সংশোধন করতে হবে।

১২ লক্ষ্য:
দাবি পেশের পাশপাশি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিএনপি কী কী করবে সে বিষয়ে ১২ টি লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন মির্জা ফখরুল। লক্ষ্য ও উদ্দেশ্যগুলো হল-

১. রাষ্ট্রের সর্বস্তরে সুশাসন প্রতিষ্ঠা নিশ্চিত করা।

২. সব প্রতিহিংসার রাজনীতির অবসানে জাতীয় ঐকমত্য গঠন।

৩. রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা নিশ্চিত করার লক্ষ্যে দলীয়করণের ধারার বদলে গণতান্ত্রিক ব্যবস্থায় আইনের শাসন প্রতিষ্ঠা করা।

৪. রাষ্ট্রক্ষমতায় গ্রহণযোগ্য ভারসাম্য প্রতিষ্ঠা করা।

৫. স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে বিচারক নিয়োগ এবং বিচার বিভাগের স্বাধীনতা ও ক্ষমতা নিশ্চিত করা।

৬. স্বাধীনতা ও সার্বভৌমত্বের রক্ষাকবচ দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আরও আধুনিক, শক্তিশালী ও কার্যকর করা।

৭. গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা।

৮. দুর্নীতি প্রতিরোধে দায়িত্বরত প্রতিষ্ঠানগুলোকে যথাযথভাবে সংস্কার ও কার্যকর করা।

৯. সব নাগরিকের মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা বিধান করা।

১০. সবার সঙ্গে বন্ধুত্ব এবং কারও সঙ্গে বৈরিতা নয় এ মূলনীতিকে অনুসরণ করে জাতীয় মর্যাদা এবং স্বার্থ সংরক্ষণ করে স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করা। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে পারস্পরিক সৎ প্রতিবেশীসুলভ বন্ধুত্ব ও সমতার ভিত্তিতে ব্যবসা-বাণিজ্য, যোগাযোগ, বিনিয়োগ ইত্যাদি ক্ষেত্রে আন্তরিকতাপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কার্যকর উদ্যোগ ও পদক্ষেপ গ্রহণ করা।

১১. কোনো ধরনের সন্ত্রাসবাদকে মদদ না দেয়া এবং কোনো জঙ্গিগোষ্ঠীকে বাংলাদেশের ভূখন্ড ব্যবহার করতে না দেয়া।

১২. সর্বনিম্ন আয়ের নাগরিকদের মানবিক জীবন নিশ্চিত করে, আয়ের বৈষম্যের অবসানকল্পে অর্থনৈতিক নীতি গ্রহণ এবং শ্রমজীবী জনগণের জীবনযাত্রার মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ করা। সারাদেশে বিদুৎ ও জালানী নিশ্চিত করা। স্নাতক ও সমমান পর্যন্ত শিক্ষার অধিকার নিশ্চিত করা।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধূরী এ্যানীর সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ,ব্যারিষ্টার জমিরউদ্দীন সরকার, ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিমা রহমান, মোহাম্মদ শাহজাহান, অ্যাড. খন্দকার মাহবুব হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান দুদু, জয়নাল আবেদিন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদ, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবুল খায়ের ভুইয়া, জয়নুল আবেদীন ফারুক, হাবিবুর রহমান হাবীব, ফজলুর রহমান, হবিবুল ইসলাম হাবিব, আতাউর রহমান ঢালী, যুগ্ম-মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, মুজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক, ফজলুল হক মিলন, মাহবুবুর রহমান শাহীন, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, এমরান সালেহ প্রিন্স, বিলকিস আকতার, শামা ওবায়েদ প্রমুখ।

মিরসরাইয়ে সমীক্ষা’র প্রকাশনা উৎসব ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ে ত্রৈমাসিক মুখপাত্র ” সমীক্ষা” প্রকাশনা উৎসব ও বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে এবং একই সময়ে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তাদের পুরষ্কার প্রদান করা হয়।

মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের পরিচলনায় অনুষ্ঠানটি রবিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় মিরসরাই গণ পাঠাগারে অনুষ্ঠিত হয়।

অধ্যাপক ডা. জামসেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিরসরাই উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ইয়াছমিন আক্তার কাকলী,উদ্বোধক ছিলেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: নুরুল আফছার, বিশেষ অতিথি ছিলেন মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের সহ-সভাপতি মো: শাহ আলম,মিরসরাই কামিল মাদ্রাসার প্রভাষক এবং নাট্যকর্মী জাহেদুল আলম, জে.বি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, স্বেচ্ছাসেবী সংগঠন শান্তিনীড় সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন সোহেল, সমাজকর্মী কাজী রিশাত ও আবু জাফর। উপস্থাপনায় ছিলেন মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক এবং সমীক্ষা’র সম্পাদক সাইফুল হক সিরাজী।

উদ্বোধনী বক্তব্যে মিরসরাই বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ বলেন,পুরষ্কার চর্চা নয়, শিক্ষা চর্চা জরুরি। আজকাল যেকোনো সামাজিক সংঠন কর্তৃক লক্ষ্য করা যায় কোনো বিতর্ক প্রতিযোগিতা অথবা বৃত্তি পরিক্ষার আয়োজন যার ফলাফল প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানকারীদের ল্যাপটপ, মোবাইল, টেলিভিশন দেয়া হচ্ছে!এই বিষয়টি কতটুকু যৌক্তিক? এটাকি আমাদের বাস্তবমুখী সমাজকর্ম হচ্ছে সেটা বিবেচ্য বিষয়। আমাদের একটাই লক্ষ্য রাখতে হবে শ্রেনীপাঠের পাশাপাশি শিক্ষার্থীদের বাহ্যিক মেধার বিকাশ হচ্ছে কিনা।
এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন,সড়ক দূর্ঘটনা রোধে আইনের আগে আমাদের সচেতন হতে হবে। আইন আছে কিন্তু সচেতনতা আমাদের মধ্যে কাজেই সময় থেকে জীবনের মূল্য দিতে হবে অন্যথায় নিজেদের ক্ষতি।

উল্লেখ্য গত রবিবার ( ২৩ সেপ্টেম্বর) মিরসরাই শিক্ষা ও স্বাস্থ্য উন্নয়ন ফোরামের আয়োজনে মারুফ মডেল উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে আন্তঃবিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল। বিতর্কের বিষয় ছিল ” সড়ক দূর্ঘটনা প্রতিরোধে আইন প্রণয়নই যথেষ্ঠ নয়”। প্রতিযোগিতায় ক ও খ বিভাগে মোট চারটি দল অংশ নেয়। অনুষ্ঠিত বিতর্কে পক্ষ ও বিপক্ষদলের মধ্যে দু’বিভাগেই বিপক্ষ দল বিজয়ী হয়।

মিরসরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের নারী উন্নয়ন ফোরামের সম্মাননা প্রদান

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা জানানো হয়েছে। রবিবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার মঘাদিয়া কাজির তালুক সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ সম্মাননা প্রধান করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নুরুল আনোয়ার দুলালের সভাপতিত্বে এবং সহকারী প্রধান শিক্ষক সুলক চন্দ্র দাশের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ও উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইয়াছমিন আক্তার কাকলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক ছকিনা আক্তার, হাজী নুর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সজল রাণী মজুমদার, ইউপি সদস্য নাসির উদ্দিন মিলন, রবিউল হোসেন প্রমুখ। সম্মাননা অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।