শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
Home Blog Page 70

বারইয়ারহাটে দুটি দোকানে চুরি ৮ লাখ টাকার মালামাল লুট

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। দুটি দোকান থেকে প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে বারইয়ারহাট পৌরসভার মেহেদীনগর ওয়াপদা রোড় এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে মিজানুর রহমানের মালিকানাধীন মেহেদীনগর মেডিকেল হল ও শাহাদাত হোসেনের মালিকানাধীন সাদমান স্টোর।
ভুক্তভোগী শাহাদাত হোসেন জানান, মঙ্গলবার রাতে দোকানে সামনে অংশে তালা কেটে আমার দোকানের প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। বুধবার ( ১৩ ডিসেম্বর) বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকনকে বিষয়টি অবহিত করেছি।

আরেক ভুক্তভোগী মিজানুর রহমান জানান, আমার ফার্মেসী থেকে প্রায় ৬ লাখ টাকার বিভিন্ন ঔষধ, একটি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে গেছে। অনেক কষ্টে পুঁজি দিয়ে দোকান দিয়েছি, আমার সব শেষ হয়ে গেল।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, বারইয়ারহাট পৌর এলাকায় চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত আবু সুফিয়ান

 

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঝুলনপোল বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি পদে পুনরায় মনোনীত হয়েছেন সমাজ সেবক, রাজনীতিবিদ, শিক্ষানুরাগী আলহাজ এস এম আবু সুফিয়ান।

উপজেলা ম্যাধমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির,সমাজসেবক মানিক রতন শর্মা,আবদুল্লাহ খান,এসএমস সিরাজুল ইসলাম সহ সকলের উপস্থিতিতে তিনি পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হন।

অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন আর শিক্ষার মান উন্নত করায় অগ্রণী ভূমিকা রাখায় এ নিয়ে টানা তিনি ১১ বার বেণী মাধব উচ্চ বিদ্যালয়ের সভাপতি মনোনীত হয়ে রেকর্ড গড়েছেন।তিনি দায়িত্বপালনকালীন সময়ে বিগত ১০ বার বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি এসএসসি ফলাফলে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং শিক্ষক ও ছাত্র ছাত্রীদের শিক্ষাবান্ধব বিভিন্ন সুযোগ সুবিধা, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উপজেলা ও জেলায় বেশ সুনাম অর্জন করে প্রতিষ্ঠানটি।

একটানা ১১ বার সভাপতি মনোনীত হয়ে আলহাজ্ব এস এম আবু সুফিয়ান বলেন,আমি সকলের কাছে কৃতজ্ঞতা জানায় এ জন্য যে আমাকে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে থেকে সমাজের উন্নয়ন তথা জাতির উন্নতিতে ভূমিকা রাখার সুযোগ করে দেওয়ার জন্য। পাশাপাশি স্কুলের উন্নয়ন পরিকল্পনা ও শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করছি আগামী দিনগুলোতে।

 

মিরসরাইয়ে শ্রমিকদের মারধর করে ড্রেজারের মালামাল লুট

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর এলাকায় শ্রমিকদের মারধর করে একটি ড্রেজারের ভেতরে থেকে মালামাল লুট করে নিয়ে গেছে চোরের দল। মঙ্গলবার (১২ ডিসম্বর) রাত ১১টার দিকে শিল্পনগরের ৪ নম্বর ঘাটে এ ঘটনা ঘটেছে। হামলায় আহত হয়েছেন ড্রেজার শ্রমিক নুরুজ্জামান (৩৫) ও চেকার ইমাম হোসেন (২০)। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ড্রেজার মালিক হাজী এন্টারপ্রাইজের ম্যানেজার আশিক খোন্দকার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের ৪ নম্বর ঘাটে আব্দুল মোনেম লিমিডিটের ৪ কিলোমিটারের একটি রাস্তা ভরাটের জন্য বালু সরবরাহ করছিল এম.বি মা-বাবার দোয়া নামক একটি ড্রেজার। মঙ্গলবার রাত ১১টার দিকে ৮-১০ জনের একটি গ্রুপ অতর্কিত ড্রেজারে ডুকে মালামাল লুট করা শুরু করে। এসময় বাধা দিলে ড্রেজারে থাকা নুরুজ্জামান ও ইমাম নামে দুই শ্রমিককে মারধর করে জিম্মী করে রাখে। এসময় তারা ১০০০ লিটার তেল, ৫টি এমপুলার, তিনটা ডায়নামা, দুটি সেল ও ওয়েলড্রিন এর কাজের সরঞ্জাম, দুটি মোবাইল সেট ও নগদ ১০ হাজার সহ প্রায় ৫ লাখ টাকার মালামাল নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এস আই) মো. ইসলাম উদ্দিন জানান, আশিক নামে একজন বিষয়টি অবগত করেছেন। আমরা খোঁজ খবর নিয়ে দেখছি।

 

মিরসরাইয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি :::
সারাদেশের ন্যায় মিরসরাইয়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা সিভিল সার্জন মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী।
তিনি বলেন, বাচ্চাদের দুই বছর পর্যন্ত বাজার থেকে প্যাকেট জাত দুগ্ধ পণ্য এসব অখাদ্য-কুখাদ্য খাওয়াবেননা। ৬ মাস পর্যন্ত শুধ মাত্র মায়ের বুকের দুধ এবং ৬ মাস পরে যে ঘরে বাচ্চা জন্মিয়েছে বাড়তি খাবার হিসেবে অন্য সব স্বাভাবিক তরল খাদ্য খাওয়াবেন।

মিরসরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. কবির হোসেন, উপজেলা স্বাস্থ্য সহকারী কাজী সাইফুল ইসলামসহ স্বাস্থ্য পরিদর্শক, সহ-স্বাস্থ্য পরিদর্শক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এসময় অতিথিরা আনুষ্ঠানিকভাবে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুদদের একটি নীল রঙের এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী কয়েকজন শিশুদের লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুলের খাওয়ানোর মাধ্যমে উপজেলা ব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এ ক্যাম্পেইন। উপজেলার ১৬ টি ইউনিয়ন ও দুটি পৌরসভার ৩৯৪ টি টিকা কেন্দ্রে ৭৯০ জন স্বেচ্ছাসেবীরা ৫৬ হাজারেরও অধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিনহাজ উদ্দিন বলেন, বিরতিহীনভাবে উৎসমুখর পরিবেশে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৬ ইউনিয়ন ও ২ টি পৌরসভার সকল কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় পুষ্টি সেবার আওয়তায় উপজেলা ব্যাপি ৫৬ হাজারের অধিক শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ প্লাস ক্যাপসুল।

 

অবরোধের সমর্থনে মিরসরাইয়ে যুবদলের বিক্ষোভ মিছিল

মিরসরাই প্রতিনিধি
বিএনপির ডাকে ১১তম দফা অবরোধের সমর্থনে চট্টগ্রামের মিরসরাইয়ে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা যুবদল। মঙ্গলবার ( ১২ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সাবেক উপজেলা চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নির্দেশে এ কর্মসূচি পালন করা হয়েছে। এসময় তাঁরা সড়কে ব্যারিকেড দিয়ে বিক্ষোভ মিছিল করে।

মিরসরাই উপজেলা যুবদলের আহবায়ক মো. কামাল উদ্দিন বলেন, অবৈধ তফসিল বাতিল, হাসিনা সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে ১১তম দফায় দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৩৬ ঘন্টা অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত দলের কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি পালন করা হবে।

 

কিছমত জাফরাবাদ স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল ঘোষণা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ ডিসেম্বর ) বেলা ১২ টায় বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানু।

অভিভাবক সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বানুর সভাপতিত্বে প্রধান অতিথির কক্তব্য রাখেন অভিভাবক সদস্য মোজাহের হোসেন চৌধুরী জুয়েল।

এসময় বক্তব্য রাখেন, মজহারুল হক চৌধুরী উচ্চ বিদ্যালের সহকারী প্রধান শিক্ষক শাহাদাত হোসেন, সিনিয়র সহকারী নিজাম উদ্দিন, সদর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য সলিম উদ্দিন, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য তাজ উদ্দিন বাচ্চু, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. সোহাগ, কিছমত জাফরাবাদ এমএ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিক সালা উদ্দিনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

রাশেদা বানু তার বক্তব্যে বলেন প্রাথমিক শিক্ষা শুধুমাত্র একটি শিশুর উন্নতির জন্যই নয় বরং একটি দেশের জন্যও শিক্ষা দান করে। কারন প্রতিটি শিশুর ভবিষ্যৎ লেখাপড়ার ভিত্তি এই প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু হয়। বছরের শুরুতে শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বই।তাই শিশুদের সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করাতে অভিভাবকদের আহবান জানান তিনি।

মিরসরাইয়ে উদয়নের কার্যকরী পরিষদ গঠিত

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার অন্যতম, স্বর্ণপদকপ্রাপ্ত স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন করেরহাট উদয়ন ক্লাবের কমিটি গঠন করা হয়েছে। রববিার (১০ ডিসেম্বর) কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার বাহার উদ্দিন ভূঁইয়া ও সহকারি নির্বাচন কমিশনার নজরুল ইসলাম রুবেল বিনাপ্রতিদ্বন্ধিতায় মো. সিরাজুল ইসলামকে সভাপতি ও মো. মাকছুদ আলম শাহীনকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছেন।

নতুন কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি আনোয়ারুল আজিম মিল্টন, সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন, কোষাধ্যক্ষ মাহবুবুল আলম, প্রচার সম্পাদক ইকতিদার হোসেন, অফিস সম্পাদক আবু আহাম্মদ রিপন, ক্রীড়া সম্পাদক কামরুল ইসলাম, সাহিত্য সম্পাদক কফিল উদ্দিন, সামাজিক সম্পাদক মো. ইব্রাহিম খলিল, সাংস্কৃতিক সম্পাদক জাহিদুল ইসলাম তারেক, কার্যকরী পরিষদ সদস্য কেফায়েত হোসেন রাজু, সালাউদ্দনি রুমন, রিপন কুমার দাশ, ইমরান হোসেন জনি।

প্রধান নির্বাচন কমিশনার বাহার উদ্দিন ভূঁইয়া জানান, উদয়ন কার্যকরী পরিষদের কমিটি গঠনের লক্ষ্যে আমাকে নির্বাচন কমিশনারের দায়িত্ব দেওয়া হয়। পরিষদ গঠনে একই পদে একাধকি মনোনয়ন জমা না হওয়ায় এবং গত ৬ ডিসেম্বর মনোনয়ন যাচাই-বাছাইয়ে সকলের মনোনয়ন বৈধ হওয়ায় রোববার আগামী এক বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়েছে।

প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তির পুরস্কার বিতরণ

 

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে শিক্ষাবান্ধব সামাজিক সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের মেধাবৃত্তি-২০২২ এর সনদ ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ ডিসেম্বর) বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রহিম উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি সাজেদুল করিম আসাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইটি বিশেষজ্ঞ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনিত প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। এসময় তিনি প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্ঠপোষক হওয়ার ঘোষণা দিয়েছেন। বিশেষ বক্তার বক্তব্য রাখেন প্রজন্ম মিরসরাইয়ের পৃষ্টপোষক কামরুল হাসান এফসিএ।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র মো. গিয়াস উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইউনূচ নূরী, প্রজন্ম মিরসরাইয়ের পরিচালক অধ্যাপক ওমর ফারুক, সাংবাদিক শাহাদাৎ হোসেন চৌধুরী, শান্তিনীড় সভাপতি আশরাফ উদ্দিন সোহেল, দুর্বার প্রগতি সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন, অদম্য মিরসরাইয়ের সভাপতি নিয়াজ মো. সাজেদ, মধ্যম আমবাড়ীয়া যুব সংঘের সভাপতি আলতাফ হোসেন প্রমুখ।

প্রজন্ম মিরসরাইয়ের সভাপতি সাজেদুল করিম আসাদ জানান, মেধাবৃত্তি পরিক্ষায় ১৫৪ জন শিক্ষার্থীকে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থীকে ট্যালেন্ট পুল বৃত্তি ও সেরা ৩ শিক্ষার্থীকে কম্পিউটার প্রদান করা হয়েছে।

প্রসঙ্গত, ২০১১ সালে প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি সামাজিক কার্যক্রমের পাশাপাশি বৃত্তি কার্যক্রম শৃঙ্খলার সাথে সম্পন্ন করে আসছে।

বারইয়ারহাটে নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে বিএনপির বিক্ষোভ

 

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে চট্টগ্রামের মিরসরাই উপজেলা বিএনপি। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলার বারইয়ারহাটে তফসিল বাতিল, সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে দেশব্যাপী বিএনপির ডাকা টানা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে এ কর্মসূচি পালন করা হয়। মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন চেয়ারম্যানের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন,বারইয়ারহাটহাট পৌর বিএনপির আহবায়ক দিদারুল আলম মিয়াজি, মিরসরাই পৌর বিএনপির সদস্য সচিব জাহিদ হোসাইন সহ বিএনপি, যুবদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

অবরোধের সমর্থনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিএনপির বিক্ষোভ

 

মিরসরাই প্রতিনিধি

বিএনপিসহ অন্যান্য সমমনা দলগুলোর ডাকা দশম দফা অবরোধে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ও ভাটিয়ারি এলাকায় এ মিছিল করে তারা। মিছিলে নেতৃত্ব দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সরওয়ার আলমগীর, কাজী মো. সালাহ্ উদ্দীন, সীতাকুণ্ড উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দীন, মীরসরাই উপজেলা বিএনপির সদস্য সচিব গাজী নিজাম উদ্দীন, বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিছ আক্তার টিটু, সাবেক যুগ্ম সম্পাদক, সীতাকুণ্ড উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী সেলিম উদ্দীন, উত্তর জেলা ছাত্রদলেল যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক আবদুল্লাহ আল নোমান, শাহাদাত হোসেন।

এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) তোফায়েল আহমেদ বলেন, বিএনপির মিছিলে বিষয়টি আমার জানা নেই।