আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের মিরসরাইয়ের ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষ হয়েছে। বৃহস্পতিবার ( ২১ অক্টোবর) সারা দিন বিভিন্ন ইউনিয়ন নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তারা যাচাই-বাচাই করেছেন। যাচাই-বাচাইয়ে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ৫৯৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। একজন চেয়ারম্যান প্রার্থী ৫ জন মেম্বার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গত ১৭ অক্টোবর মনোনয়নপত্র জমা দানের শেষ দিন চেয়ারম্যান পদে ২৮ জন, সংরক্ষিত সদস্য পদে ১২৭ জন ও সাধারণ সদস্য পদে ৬০২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোছাইন জানান, ১৬ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাচাই সম্পন্ন হয়েছে। জোরারগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থনকারীর স্বাক্ষর জাল হওয়ায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে। এছাড়া সাধারণ সদস্য পদে হিঙ্গুলী ইউনিয়নে ১ জন, সাহেরখালী ইউনিয়নে ১ জন, ধুম ইউনিয়নে ২জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে। সংরক্ষিত সদস্য পদে ওয়াহেদপুর ইউনিয়নে ১ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়।
এদিকে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে দশ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত একক প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হওয়ায় জয়ের পথে রয়েছেন তাঁরা। ছয় ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর বিপরিতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ৯জন। উপজেলার মিঠানালা ও খৈয়াছড়া ইউনিয়নে রয়েছেন জাতীয় পাটির মনোনীত প্রার্থী।
আওয়ামীলীগের একক চেয়ারম্যান প্রার্থী ১নং করেরহাট ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত মো. এনায়েত হোসেন নয়ন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নে রেজাউল করিম মাস্টার, ৪ নং ধুম ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, ৫ নং ওচমানপুর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মফিজুল হক, ৬ নং ইছাখালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মোস্তফা, ৭ নং কাটাছরা ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, ১১ নং মঘাদিয়া ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসাইন মাস্টার, ১৩ নং মায়ানী ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কবির আহমদ নিজামী, ১৪ নং হাইতকান্দি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর কবির চৌধুরী, ১৬ নং সাহেরখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কামরুল হায়দার চৌধুরী। তবে জোরারগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিনের সমর্থক হারুনের স্বাক্ষর জাল প্রমানিত হওয়ায় তাঁর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা ফারুক হোছাইন। এক্ষেত্রে ওই প্রার্থী ৩দিনের মধ্যে প্রার্থীতা চেয়ে আপিল করার সুযোগ রয়েছে।

অন্যদিকে যাচাই-বাচাইয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র বৈধ হয়েছে ৯ স্বতন্ত্র প্রার্থীর। এরা হলেন, ২নং হিঙ্গুলী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান ইফতেখার উদ্দিন ভূঁইয়া, ৮ নং দূর্গাপুর ইউনিয়নে সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক অনির্বান চৌধুরী রাজিব, ৯ নং মিরসরাই সদর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুল্লাহ দিদার, ৯নং ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক খায়রুল বাশার ফারুক, মোঃ আজম, ১০ নং মিঠানালা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান এসএম আবু তাহের ভূঁইয়া, শেখ মাঈনুল হাসান রাজু, ১২ নং খইয়াছড়া ইউনিয়নে চেয়ারম্যান জাহেদ ইকবাল চৌধুরী, ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নে মো. আলা উদ্দিন।

মিরসরাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ফারুক হোছাইন বলেন, বৃহস্পতিবার (২১ অক্টোবর) মনোনয়নপত্র যাচাই-বাচাইয়ে চেয়ারম্যান পদে ২৭ জন, সাধারণ সদস্য পদে ৫৯৮ জন ও সংরক্ষিত সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ২২ ও ২৩ অক্টোবর প্রার্থীরা আপিল করার সুযোগ পাবেন। আর আপিলের নিষ্পত্তি হবে ২৪ ও ২৫ অক্টোবর। আপিল নিষ্পত্তির পর বৈধ প্রার্থীরা ২৬ অক্টোবর পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ২৭ অক্টোবর প্রতীক বরাদ্দ করা হবে। ভোটগ্রহণ ১১ নভেম্বর।



