মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের বারইয়ারহাটে র্যাবের ওপর হামলা ও অস্ত্র লুটে ঘটনায় জনজীবনে স্থবিরতা নিরসনে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) সকালে হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের পাশে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পৌর মেয়র রেজাউল করিম খোকন।
তানভীর হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন, পুলিশ পরিদর্শক (তদন্ত) খাইরুল আলম, বারইয়ারহাট পৌর আওয়ামী লীগের সভাপতি মীর আলম মাসুক, কাউন্সিলর বিঞ্চু প্রসাদ দত্ত রতন, নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক হেদায়েত উল্ল্যা, কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সাইদুল হক শিপন, রেস্টুরেন্ট সমিতির সভাপতি নজরুল ইসলাম লিটন, বাঁশ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, দলিল লেখক সমিতির পক্ষে নাজিম উদ্দীন খোকন, হিঙ্গুলী ইউনিয়ন পরিষদের সদস্য সফিউল আজম, বারইয়ারহাট পৌর বাজার ব্যবসায়ী কমিটির সদস্য জসিম উদ্দিন প্রমুখ।
এদিকে র্যাবের উপর হামলার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ করে জোরারগঞ্জ থানায় তিনটি মামলা দায়ের করেছেন র্যাব। অস্ত্র ছিনতাইয়ের মামলায় দুইজন, মাদক উদ্ধারের মামলায় দুইজন ও র্যাবের উপর হামলার মামলায় ১৩জনকে আসামী করা হয়েছে।
বারইয়ারহাট পৌর মেয়র রেজাউল করিম খোকন ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, গুজব ছড়াবেন না, গুজবে কান দিবেন না। গুজব ছড়ালে এর জন্য কঠোর মূল্য দিতে হবে। র্যাবের লুট করা অস্ত্র ফেরত না দিলে ফলাফল ভাল হবে না। আইন হাতে তুলে নিবেন না। যে কোন সমস্যা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করুন।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর হোসেন মামুন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রত্যেকটি অস্ত্র সরকারি সম্পদ। তাই অতি দ্রæত র্যাবের লুট হওয়া অস্ত্রটি আইনশৃঙ্খলা বাহিনীকে জমা দেন। ২৪ ঘন্টার আল্টিমেটাম দিয়ে তিনি বলেন, যদি ভয়ে জমা দিতে না পারেন, তাহলে অজ্ঞাত স্থানে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
প্রসঙ্গত, গত ২৫ মে বারইয়ারহাট পৌরসভায় ডাকাত ধারনায় র্যাবের ওপর হামলায় র্যাবের দুই সদস্যসহ তিনজন আহত হয়। এ সময় র্যাব সদস্যদের দুটি অস্ত্র হারিয়ে যায়। ইতিমধ্যে একটি অস্ত্র উদ্ধার হলেও আরো একটি অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানায় পুলিশ।



