৫-১১ বছর বয়সী শিশুদের জন্য ফাইজারের টিকার অনুমোদন

প্রকাশিত: ৩:৩৩ অপরাহ্ন, ৩ নভেম্বর, ২০২১

 

শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেকের করোনার টিকার চূড়ান্ত অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ)। ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরা ফাইজারের টিকা দিতে পারবে।

এখন সহজেই যুক্তরাষ্ট্রের শিশুরা করোনার টিকা পাবে। জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরার জন্য শিশুদের টিকা দেওয়া জরুরি মনে করছেন বিশেষজ্ঞরা। যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ১২ বছর ও তার বেশি বয়সী শিশুদের করোনার টিকা দিচ্ছে। এখন দেশটির ৫ থেকে ১১ বছর বয়সী শিশুরাও টিকার আওতায় আসবে।

দেশটির সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) জানিয়েছে, শুক্রবার এফডিএ’র সবুজ সংকেত পাওয়ার কারণে দেশটির প্রায় ২ কোটি ৮০ লাখ শিশু ডিসেম্বর নাগাদ টিকার আওতায় চলে আসবে।

এফডিএ কর্মকর্তারা বলেন, শিশুদের ক্ষেত্রে করোনার এ টিকা ৯১ শতাংশ পর্যন্ত কার্যকর। গবেষণায় এ টিকার গুরুতর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া পাওয়া যায়নি। শিশুদের জন্য টিকা অনুমোদন ঘটনায় একটি বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস থেকে দেওয়া বিবৃতিতে বাইডেন বলেন, করোনার বিরুদ্ধে লড়াইয়ে আজ আমরা একটি সন্ধিক্ষণে উপনীত হয়েছি। করোনাকে পরাজিত করার লড়াইয়ে এটি আমাদের জাতির জন্য একটি বড় পদক্ষেপ।