মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাই উপজেলা প্রশাসনের উদ্যোগে সদ্য যোগদান করা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর প্রথম কার্যদিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, পেশাজীবি গণ্যমান্য ব্যাক্তি, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন এর সভাপতিত্বে নব-নিযুক্ত উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মিরসরাই উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন, চট্টগ্রাম চেয়ারম্যান সমিতির সভাপতি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মিরসরাই প্রেসক্লাবের সভাপতি নুরুল আলম, চেয়ারম্যান নুরুল মোস্তফা, ফজলুল কবির ফিরোজ, চেয়ারম্যান আবু সুফিয়ান বিপ্লব, চেয়ারম্যান রেজাউল করিম মাস্টার, সাংবাদিক বিপুল দাশ প্রমুখ।
নতুন কর্মস্থলে যোগদানের প্রথম কর্ম দিবস উপলক্ষে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন বলেন, আমি বিশ্বাস করি সমাজের দর্পন হচ্ছে সংবাদপত্র। সাংবাদিকরা হচ্ছে সমাজের আয়না। আপনারা কোন অসংগতি দেখলে পত্রিকা বা যে কোন মিডিয়ায় প্রচারের আগে আমাকে জানাবেন। আমি স্বচ্ছতার সাথে মিডিয়াকে সহযোগিতা করবো। কোন কিছু বিনা অনুমতিতে রেকর্ড না করতেও অনুরোধ জানান তিনি। অনেক সময় সাংবাদিকদের তথ্য বিভ্রাটের কারনে সমাজে অস্থিরতা সৃষ্টি হয়ে যায়। আমরা সবাই দায়িত্ব পালনে দায়িত্বশীল হলে তা আর হবেনা। তিনি আরো বলেন, আমার নাম বলে কেউ সুবিধা নিতে চেষ্টা করলে আমাকে সরাসরি জানাবেন। আমি কোন অবস্থায় অনিয়মকে প্রশ্রয় দিবোনা। আমি এর আগের কর্মস্থলে ও প্রশাসনের বিভিন্ন প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকদের সাথে সমন্বয়ের মাধ্যমে আন্তরিক পরিবেশে কাজ করেছি। মিরসরাইতেও আশা করি সকলের সহযোগিতা পাবো। সবাই মিলে আমরা উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখবো।
চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মিরসরাই উপজেলা চট্টগ্রামের অর্থনৈতিক কর্মকান্ডের হাব হিসেবে গড়ে উঠছে। এখানে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির দিকনির্দেশনায় জনপ্রতিনিধিরা প্রশাসনের সাথে সমন্বয় করে উন্নয়নের অংশীদার হয়ে কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ বাস্তবায়নে জনপ্রতিনিধিরা সব সময় প্রশাসনের সহযোগী হিসেবে কাজ করে যাবো।
বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ বলেন, মিরসরাই উপজেলা সারাদেশের মধ্যে সর্বোচ্চ মুক্তিযোদ্ধার স্মৃতি বিজড়িত স্থান। বীর মুক্তিযোদ্ধাগন প্রশাসনের সাথে দেশের সকল কাজে সহযোগিতা অব্যাহত রাখবে।
মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি নুরুল আলম বলেন, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা মানুষের নাগরিক অধিকার, সরকারের উন্নয়ন, নাগরিক সমস্যা, মাদক সহ নানান অনিয়ম দুর্নীতি তুলে ধরে। প্রশাসন যদি সে আলোকে সমাধানে তরিৎ উদ্যোগ গ্রহন করে মানুষের প্রশাসনের প্রতি মানুষের আস্থা বিশ্বাস বাড়বে ।
উল্লেখ্য যে, ৩৪তম বিসিএস এ যোগদানকৃত মাহফুজা জেরিন ইতিপূর্বে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৪ অক্টোবর মাহফুজা জেরিন কে মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়ন করা হয়।
৬ ডিসেম্বর চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে মাহফুজা জেরিন কে নতুন কর্মস্থলে যোগদানের নিমিত্তে ৮ ডিসেম্বর অবমুক্ত করেন। ১২ ডিসেম্বর মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাহফুজা জেরিন যোগদান করেন।



